ভ্রমণ মানেই কি জনপ্রিয় কোনো পর্যটনকেন্দ্রে গিয়ে ছবি তোলা আর হোটেলে কয়েক দিন কাটানো? সময়ের সঙ্গে বদলাচ্ছে ভ্রমণের সংজ্ঞা। এখন অনেকেই চান চেনা ভিড় থেকে দূরে নিরিবিলি কোনও পাহাড়ি শহরে সময় কাটাতে। কেউ আবার খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে রাতযাপন করতে ভালোবাসেন।
কারো পছন্দ স্থানীয় সংস্কৃতি ও খাবারের স্বাদ নেওয়া, আবার কেউ ছুটির পরিকল্পনায় রাখছেন আধ্যাত্মিকতার ছোঁয়া। পর্যটকদের পছন্দে আসছে নানা পরিবর্তন। শুধু ঘোরাঘুরি নয়, নতুন অভিজ্ঞতা, মানসিক স্বস্তি এবং নিজের মতো করে সময় কাটানোই হয়ে উঠছে ভ্রমণের মূল আকর্ষণ। ভ্রমণের পরিকল্পনা করলে কোন কোন ট্রেন্ড মাথায় রাখতে পারেন, জেনে নিন।
অফবিট গন্তব্যের দিকে বাড়ছে ঝোঁক
জনপ্রিয় পর্যটনকেন্দ্রের ভিড় এড়িয়ে এবার কম পরিচিত জায়গায় ঘুরতে যেতে চাইছেন অনেকে। বিশেষ করে এশিয়ার চেনা পর্যটনকেন্দ্রগুলির বাইরে থাকা ছোট পাহাড়ি শহর, ঐতিহাসিক জনপদ কিংবা নিরিবিলি সমুদ্রসৈকত আকর্ষণ করছে ভ্রমণপিপাসুদের। এমন জায়গায় গেলে একদিকে যেমন ভিড়ের ঝামেলা এড়ানো যায়, অন্যদিকে স্থানীয় মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি কাছ থেকে জানার সুযোগ মেলে। যারা শান্ত পরিবেশে ছুটি কাটাতে চান, তাদের কাছে অফবিট গন্তব্য হতে পারে ভালো বিকল্প।
অ্যাডভেঞ্চার ট্রিপেই বাড়তি আগ্রহ
এবারের ভ্রমণে শুধু ঘুরে দেখা নয়, রোমাঞ্চকর অভিজ্ঞতাও চাইছেন পর্যটকেরা। পাহাড়ি পথে ট্রেকিং, খোলা আকাশের নিচে ক্যাম্পিং, জঙ্গল সাফারি, সাইক্লিং, কায়াকিং কিংবা ওয়াটার স্পোর্টসের মতো কর্মকাণ্ড জনপ্রিয় হচ্ছে। একঘেয়ে দৈনন্দিন জীবন, কাজের চাপ এবং দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপের পর্দায় চোখ রাখার অভ্যাস থেকে সাময়িক বিরতি পেতেও প্রকৃতির কাছে ছুটছেন অনেকে। পাহাড়, জঙ্গল, নদী কিংবা সমুদ্রের মাঝে সময় কাটালে মানসিক প্রশান্তি পাওয়া যায়। পাশাপাশি নতুন অভিজ্ঞতার আনন্দও মেলে।
উইকএন্ড নয়, লম্বা ছুটির পরিকল্পনা
দু-এক দিনের উইকএন্ড ট্রিপের জনপ্রিয়তা থাকলেও দীর্ঘ ছুটির পরিকল্পনাও গুরুত্ব পাচ্ছে। অনেকেই ৮-১২ দিনের সফর বেছে নিতে চাইছেন। কারণ, কোনো জায়গায় বেশি দিন থাকলে শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখাই নয়, সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য, খাবার এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। তাড়াহুড়ো না করে নিজের পছন্দমতো সময় কাটানোও সম্ভব হয়। ফলে ভ্রমণ হয়ে ওঠে আরও উপভোগ্য।
শরীর ও মনের সুস্থতায় আউটডোর অ্যাক্টিভিটি
আউটডোর অ্যাডভেঞ্চার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ শারীরিক সক্রিয়তা। ট্রেকিং, সাইক্লিং, সাঁতার কিংবা পাহাড়ে হাঁটার মতো কাজ শরীরচর্চার সুযোগ তৈরি করে। দীর্ঘ সময় ঘরের মধ্যে বসে কাজ করার পর এমন কর্মকাণ্ড শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো, খোলা বাতাসে হাঁটাহাঁটি এবং নিয়মিত শারীরিক পরিশ্রম মন ভালো রাখতেও সহায়ক হতে পারে। তাই অনেকের কাছে ভ্রমণ এখন শরীর ও মনকে চাঙা করারও একটি উপায়।
নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ
চেনা পরিবেশের বাইরে গিয়ে অজানা পথে হাঁটা কিংবা নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়া আত্মবিশ্বাস বাড়াতে পারে। পাহাড়ে ট্রেকিং করা, দীর্ঘ পথ পাড়ি দেওয়া কিংবা অপরিচিত জায়গায় নিজের মতো করে ঘোরার অভিজ্ঞতা মানুষকে নিজের সক্ষমতা সম্পর্কে নতুন ধারণা দেয়। অনেকেই তাই ভ্রমণকে শুধু বিনোদন নয়, বরং নিজের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সুযোগ হিসেবেও দেখছেন।
স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার টান
এখন অনেক পর্যটক শুধু জনপ্রিয় দর্শনীয় স্থান দেখতে চান না। বরং যে জায়গায় যাচ্ছেন, সেখানকার মানুষের জীবনযাত্রা, উৎসব, খাবার, পোশাক ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী। স্থানীয় খাবারের স্বাদ নেওয়া, ঐতিহ্যবাহী বাজার ঘোরা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। এ ধরনের সফর অনেকের কাছে হয়ে উঠছে স্মরণীয় অভিজ্ঞতা।
হোটেল বাছাইয়ে গুরুত্ব পাচ্ছে বিনামূল্যের ব্রেকফাস্ট
ভ্রমণের গন্তব্যের পাশাপাশি হোটেল বাছাইয়েও বদল আসছে। বিশেষ করে পরিবার নিয়ে বেড়াতে গেলে কিংবা বাজেটের মধ্যে সফর পরিকল্পনা করলে বিনামূল্যের ব্রেকফাস্টের সুবিধা খুঁজছেন অনেকে। এতে সকালে খাবারের জন্য আলাদা করে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। সময় ও খরচ-দুই-ই বাঁচে। তাই হোটেল বুকিংয়ের আগে ঘরভাড়া, অবস্থান ও পরিষেবার পাশাপাশি ব্রেকফাস্টের সুবিধা রয়েছে কি না, সেটিও দেখে নিচ্ছেন পর্যটকেরা।
ভ্রমণে গুরুত্ব পেতে চলেছে ব্যক্তিগত পছন্দ, নতুন অভিজ্ঞতা এবং মানসিক স্বস্তি। কেউ বেছে নেবেন নিরিবিলি পাহাড়, কেউ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, আবার কেউ স্থানীয় সংস্কৃতির টানে পাড়ি দেবেন অচেনা কোনও শহরে। অর্থাৎ ভ্রমণ এখন শুধু গন্তব্যে পৌঁছনো নয়, বরং প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে উপভোগ করার নাম।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
