সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
ট্রাভেল এণ্ড ট্যুরিজম

খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে!

খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে!
ট্যুরিজম ডেস্কঃ

বাইক ছুটে চলেছে বান্দরবান থেকে কেওক্রাডংয়ের পথে। রুমা বাজার পার হওয়ার পর থেকেই সেই ঝুঁকিপূর্ণ বাঁক, উঁচু-নিচু খাড়া রাস্তা আর গভীর ঢাল।

‘মহেন্দ্র দাদা, এই খাড়া রাস্তার ওপরে এসে বাইক তো বারবার থেমে যাচ্ছে! আমরা তো যে কোনো সময় গড়িয়ে পড়ব।’

‘দিদি, চুপ করে বসেন। কিচ্ছু হবে না।’ কঠিন আত্মবিশ্বাসে মহেন্দ্র দাদার উত্তর।

বলছিলাম রুমা থেকে কেওক্রাডং যাওয়ার খাড়া আর ভয়ানক বাঁক নেওয়া রাস্তায় জীবন হাতে নিয়ে বসে থাকার বেশ কয়েকবারের চরম মুহূর্তের কথা। প্রতিবার খাড়া রাস্তার একদম পিকে ওঠার মুহূর্তে আমাদের বাইক নিউট্রাল হয়ে যাওয়ার এক মহা আতঙ্ক কাজ করছিল! যদিও পরমুহূর্তেই আবার স্টার্ট নেয় মহেন্দ্র দাদার বাইকটি। যা মূলত শহর এবং সমতল রাস্তায় দৈনিক যাতায়াতের জন্য তৈরি করা একটি কমিউটার বাইক।

নাহ! একদমই না, বাইক সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই বললেই চলে। তারপরও এটুকু বুঝতে পেরেছি যে, এই বাইক কেওক্রাডংয়ের রাস্তার জন্য মোটেও উপযোগী নয়।

হায় হায়! ওই যে, ওই তো আবার এসেছে ভয়ংকর বাঁকওয়ালা একটা খাড়া উঁচু-নিচু রাস্তা! আবারও জানটা হাতে নিয়ে বসে রইলাম, সেই সাথে দোয়া-ইউনুস পড়া তো আছেই। নিজের ওপর ভীষণ রাগ হতে থাকল—কোন কুক্ষণে যে আমি এই বাইক ট্যুরে এসেছিলাম!

যথার্থই বলা যায়, রুমা থেকে কেওক্রাডং—এই পথটাই আমার দেখা সবচেয়ে রোমাঞ্চকর এবং বিপজ্জনক পথ। মহেন্দ্র দাদার তো পরিচয়ই দেওয়া হয়নি! তিনি এই বাইক ট্যুরে আমার একজন বিশ্বস্ত চালক, সেই সাথে একটি নামকরা স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক। যদিও তার সাথে আমার বান্দরবানেই প্রথম পরিচয়।

গত কোরবানি ঈদের ঠিক দিনচারেক আগে আমরা স্কুলের আট-দশজন শিক্ষক বান্দরবানে একটা বাইক ট্যুর দিই। কামরুল স্যারের নেতৃত্বে মোট পাঁচটি বাইকে ১০ জন ঢাকা থেকে রওয়ানা হয়ে গেলাম। তার মধ্যে তানিয়া ছিল একমাত্র নারী বাইকার এবং সে সবচেয়ে দক্ষ ও সাহসী ছিল। ওর সাথে বোন সীমা পুরোটা সময় সহযাত্রী হয়ে রইল। একটা বাইকে দুজন করে বসলে মোট পাঁচটি বাইকে ১০ জন হয়ে যায়, কিন্তু বাঁধ সাধল আমার বিষয়টিতে—আমার জন্য কোনো বাইক ছিল না। তাই ঠিক হলো, আমি রাতের বাসে চেপে সকালে বান্দরবান পৌঁছাব, তারপর আমার জন্য একটা বাইক ভাড়া করা হবে এবং যথাসময়ে আমরা সবাই কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওয়ানা হব। হলোও তাই। মহেন্দ্রদা রাজি হয়ে গেলেন এবং আমরা ঠিক সময়মতো চলতে শুরু করলাম।

আমি দুরুদুরু বুকে মহেন্দ্রদার পেছনে বাইকে চেপে বসলাম। যেতে যেতে বারবার বাইকের দিকে তাকিয়ে আমার মনের মধ্যে খুঁতখুঁত করতে লাগল। কত সিসি জানতে চাইলে তিনি বললেন, ‘১১০।’ তখন থেকেই বুকে একটা আলাদা চাপ অনুভব করতে লাগলাম।

ভিডিওতে দেখেছি কেওক্রাডংয়ের রাস্তা ভীষণ খাড়া এবং ঢালু। ভাবলাম, মহেন্দ্রদা যখন বান্দরবানে বড় হয়েছেন, তখন নিশ্চয়ই এসব রাস্তায় চালানোর অভিজ্ঞতা আছে, তাই তিনি সামলে নেবেন।

খুব হইহুল্লোড় করতে করতে ৬টি বাইক মিছিলের মতো বান্দরবান শহর পেরিয়ে নীলাচল, নীলগিরি ও চিম্বুক পার হয়ে যখন বাতাসের বেগে পাহাড়ের বুক চিরে খাদের গা ঘেঁষে এগিয়ে চলছিল, তখন জিজ্ঞেস করলাম, ‘দাদা, আপনি তো নিশ্চয়ই এরকম রাস্তায় আগে চালিয়েছেন?’

তিনি ঘাড় ঘুরিয়ে উত্তর দিলেন, ‘না মিস, আমি বান্দরবান সদরে বড় হয়েছি। ওইখানে সমতল রাস্তায় চালিয়েছি। তবে পাহাড়ি রাস্তায় চালিয়েছি, কিন্তু সেই রাস্তা আমার কাছে খুবই ফ্যামিলিয়ার। অসুবিধা হয়নি।’

তার ‘অসুবিধা হয়নি’ কথাটি শুনে আমার চোখ ছানাবড়া হয়ে গেল! তাহলে? তাহলে আমি এমন একজন ড্রাইভার এবং এমন একটা বাইক নিয়ে বিশাল খাড়া রাস্তায় উঠতে যাচ্ছি?

হায় খোদা! আমি এখানে কেন আসলাম? যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে আমার বাচ্চাদের কী হবে? হইহুল্লোড়, ছবি তোলা, ভিডিও করা আর উল্লাস—সব এক নিমেষে শেষ হয়ে গেল। এরই মধ্যে প্রায় সবকটি খাড়া রাস্তায় আমাদের বাইকটাকে টালমাটাল হতে দেখলাম। যেখানে অন্যদের বাইক আমাদের পাশ থেকে নির্দ্বিধায় পার হয়ে যাচ্ছে, সেখানে আমাদের পড়ে যাওয়ার মতো অবস্থা!

বুঝতে বাকি থাকল না যে, আমি বিশাল একটা রিস্ক নিয়ে ফেলেছি। এভাবে আতঙ্ক নিয়ে চলতে চলতে রুমা পর্যন্ত এলাম। তার মধ্যে ওয়াই জংশন থেকে শুরু হলো আমাদের এনআইডি দেখানো আর আর্মিদের জেরার পালা। পৌঁছে গেলাম রুমা আর্মি চেকপোস্টে। রুমা আমি আগেও এসেছি, তবে জিপ নিয়ে এসেছিলাম। সেখান থেকে কেওক্রাডং জিপে গিয়েছিলাম বলে রাস্তার ভয়াবহতা অতটা টের পাইনি। যাই হোক, রুমা থেকে আবারও এনআইডি জমা এবং তথ্য সরবরাহ করে আবার মহেন্দ্রদার বাইকের পেছনে চড়ে বসলাম। বলে রাখি, আমরা এই যাত্রায় একেক জন ১৫টি করে এনআইডি ফটোকপি নিয়ে এসেছিলাম। রুমা চেকপোস্টে আসা পর্যন্ত তিন জায়গায় এনআইডি জমা দিতে হয়েছে।

রুমা বাজারে পৌঁছে দুপুরের খাবার খেয়ে গাইড নিয়ে ধীরে ধীরে রওয়ানা হলাম আমরা। রুমা বাজার থেকে কিছুদূর এগিয়ে মুনলাই পাড়া। পুরো গ্রামটিকে একটি ইকো-রিসোর্টের মতো মনে হয়। পাহাড়ের ঢালে সাজানো কাঠ-বাঁশের বাড়ি, কাঠের রেলিং দেওয়া ইটের সিঁড়ি, আর ফুলের বাগান—সব মিলিয়ে পরিবেশটা অত্যন্ত শান্ত, নির্ঝঞ্জাট ও চোখজুড়ানো। যেহেতু জ্যৈষ্ঠ মাস, তাই রাস্তার দুই ধারে সারি সারি আমগাছে ঝুলছে আম, আর মাটিতে নুয়ে আছে কাঁঠাল।

এখান থেকে বগা লেক যাওয়ার পুরো পথটাই খাড়া পাহাড় এবং আঁকাবাঁকা ও ঢালু রাস্তার ওপর দিয়ে গেছে। তবে এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো হলো বগা লেকের ঠিক আগের খাড়া পাহাড় ও মোড়গুলো (বগা লেক ভিউ পয়েন্ট রোড)। বগা লেকের কাছাকাছি পৌঁছানোর সময় বেশ কয়েকটি অত্যন্ত খাড়া ও সাপের মতো আঁকাবাঁকা চড়াই-উতরাই অতিক্রম করতে হয়। বিশেষ করে বর্ষাকালে বা বৃষ্টি হলে পাহাড়ের ঢালে মাটি-কাদা পিচ্ছিল হয়ে যায় এবং ঢালু রাস্তায় গাড়ি পেছনের দিকে পিছলে যাওয়ার চরম ঝুঁকি থাকে। এরই মধ্যে শাওন স্যার ভাবিকে নিয়ে দু-দুবার পড়ে গেছেন! এখন তার বাইক চালাচ্ছেন একজন গাইড, আর ভাবি উঠেছেন আরেকজন গাইডের বাইকে।

শাওন স্যারের হাত একেবারেই ছেঁচে গেছে, ভাবিও বেশ ব্যথা পেয়েছেন। আমার হলে আমি না জানি কী করতাম! এমন দুরুদুরু বুকে অক্ষত অবস্থায় পৌঁছে গেলাম কেওক্রাডং। তারপর নেটওয়ার্কের বাইরে, শুধু মেঘ আর পাহাড়ের সাথে কেটে গেল দুটি দিন।

ধরেই নিয়েছিলাম আর কোনো ভয় নেই, এ যাত্রায় বাইক দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। ফেরার পথে আমরা খুব করে বগা লেকে গোসল করলাম। আহা, কী ঠান্ডা পানি! গরমে তপ্ত হয়ে একেবারে ঠান্ডা পানিতে ডুব দিয়ে ফিরতে শুরু করলাম। আমি মূলত খাড়া রাস্তা থেকে নামার সময় ততটা ভয় পাই না, যতটা ওঠার সময় পাই। এরই মধ্যে বেশ কিছু ভয়াবহ বাঁক আর খাড়া রাস্তা পার করে এসেছি। প্রতিবার উঁচুতে ওঠার পর বাইক নিউট্রাল হয়ে গেছে আর আমি হাজারবার আয়াতুল কুরসি ও দোয়া-ইউনুস পড়েছি। তারপরও পেছনে বসে খুব দুঃসাহস দেখিয়ে ভিডিও করেছি।

ফেরার পথে মুনলাই পাড়ায় ঢোকার কয়েক কিলোমিটার আগে সবাই মোটামুটি আমাদের রেখে সামনে চলে যায়। কথা ছিল গাইডের মধ্যে একজন পেছনে আর একজন সামনে থাকবে, কিন্তু তারাও আগে চলে গেছে। দুপুরবেলার সুনসান রাস্তা, গনগনে গরম। হঠাৎ একটা খাড়া চিকন রাস্তার ঠিক পিকে ওঠার কয়েক সেকেন্ড পর আমাদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল!

মহেন্দ্র দাদা স্টার্ট নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই ব্যালেন্স রাখতে পারলেন না। আমরা বামদিকে কাত হয়ে পড়ে গেলাম। যদিও মহেন্দ্র দাদা দাঁড়িয়ে পড়লেন, কিন্তু আমি বাইক থেকে ছিটকে বেরিয়ে খাদে পড়ার ভয়ে পা দুটোকে বাইকের চাকার কাছে চেপে ধরে রাখলাম। তাতে করে আমার ডান পায়ের সম্পূর্ণ পাতাটা একটা ক্যারিয়ারের মধ্যে ঢুকে গেল! আমি বাইকসহ কাত হয়ে পড়ে আছি বামদিকে, আর আমার ডান পায়ের পাতা ঢুকে আছে ডানদিকের ক্যারিয়ারের ভেতরে!

পায়ের পাতা এমনই মুচড়ে আছে যে, মনে হচ্ছে এই বুঝি দলামোচা হয়ে যাবে! তীব্র যন্ত্রণা হচ্ছে পায়ের মাংসে, যেভাবে হোক পাতাটা বের করতে হবে, তা না হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এরই মধ্যে মহেন্দ্র দাদা খুবই নার্ভাস হয়ে গেছেন। কোনোমতে বাইকটাকে আধাশোয়া অবস্থায় তুলেছেন আর আমি প্রাণপণ চেষ্টা করছি পায়ের পাতা বের করতে।

ভাগ্য ভালো, ওই মুহূর্তে এক আদিবাসী কিশোরী হেঁটে যাচ্ছিল। আমাদের পড়ে থাকতে দেখে সে দৌড়ে ছুটে এলো। আমি তার সাহায্য নিয়ে প্রচণ্ড চাপ দিয়ে পায়ের পাতা বের করি, তারপর গোড়ালিটা। তীব্র যন্ত্রণা সহ্য করে গোড়ালি ডানে-বামে বাঁকাতে বাঁকাতে বের করে ফেলি। ততক্ষণে ছাল উঠে থেঁতলে গেছে। এর মধ্যে কিশোরী মেয়েটি আরও একজন পাহাড়িকে ডেকে আনল। এমনই একটা উদ্ভট জায়গা ছিল যে, সেখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, আমাদের সঙ্গীদের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না।

মহেন্দ্র দাদার মুখটা লজ্জায় আর ভয়ে লাল হয়ে আছে। কাচুমাচু করে বললেন, ‘মিস ওঠেন, আর পড়ার ভয় নেই।’ কিন্তু আমি আর কিছুতেই সাহস করতে পারছিলাম না ওঠার। পাশে থাকা আদিবাসী ছেলে-মেয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কিছুদূর হেঁটে একটা টং দোকান থেকে ঠান্ডা পানি দিলাম পায়ে। ততক্ষণে পায়ের গোড়ালি ফুলে ঢোল!

আদিবাসী ছেলেমেয়ে দুটো বিদায় নিয়ে চলে গেল। খুব ইচ্ছা করছিল ওদের সাথে একটা ছবি তুলি, কিন্তু তীব্র যন্ত্রণার জন্য কিছু বলতে পারলাম না। একটু বিশ্রাম নেওয়ার পর দাদা বললেন, ‘ওঠেন মিস, আমাদের যেতে হবে। বাকিরা হয়তো টেনশন করছে।’

দ্বিতীয়বার আর সেটিতে চড়ার ইচ্ছা ছিল না আমার। কিন্তু আর কোনো উপায়ও ছিল না। তারপর আরও কয়েকটি উঁচু খাড়া রাস্তা পেরিয়ে গেছি। যতবার ওপরে উঠেছি বা ঢালু থেকে নিচে নেমেছি, মনে হয়েছে এই বুঝি গড়িয়ে পড়ব! যদিও কোনো দুর্ঘটনা ছাড়া পার করে ফেলেছি সবগুলো বাঁক আর খাড়া পথ। তারপর যতটুকু পথ পাড়ি দিয়েছি, শুধুই আতঙ্কে আর দুশ্চিন্তায়।

কেউ দেখে শেখে, কেউ শেখে ঠেকে। আমার জীবনের এটা ছিল একটা চরম ‘ঠেকে শেখা’ শিক্ষা। অনুরোধ রইলো, খাড়া পাহাড়ে ওঠার উপযুক্ত বাইক ছাড়া যে কোনো বাইক নিয়ে কেউ অন্তত কেওক্রাডং যাবেন না।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ট্রাভেল এণ্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ