রবিবার, 22 নভেম্বর 2026 · 02:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
গোপালপুরে প্রান্তিক মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প! · কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু"! · রক্তক্ষয়ী সংগ্রাম ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: তারা এক ব্যতিক্রম সহযোদ্ধা! · হালাল ও হারামের বিধান: যে ছয় শ্রেণির খাবার গ্রহণ ইসলামে নিষিদ্ধ ও জরুরি ব্যতিক্রমসমূহ! · চট্টগ্রাম থেকে কক্সবাজার: কম খরচে সৈকত ও মেরিন ড্রাইভ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড! · বিবিএ ভর্তি ও ক্যারিয়ার গাইড: বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য করণীয় ও সুযোগ! · কর্নিয়া প্রতিস্থাপনে নতুন প্রযুক্তি: জটিলতা কমিয়ে দৃষ্টিশক্তি ফেরাতে আংশিক প্রতিস্থাপনের ব্যবহার বাড়ছে! · কমলাপুর থেকে জুরাইন রেলপথ ঘিরে ছয়টি মাদক স্পট: নিয়ন্ত্রক বদল হলেও থামছে না কারবার!
ট্রাভেল এণ্ড ট্যুরিজম

চট্টগ্রাম থেকে কক্সবাজার: কম খরচে সৈকত ও মেরিন ড্রাইভ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড!

চট্টগ্রাম থেকে কক্সবাজার: কম খরচে সৈকত ও মেরিন ড্রাইভ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড!

ট্যুরিজম ডেস্কঃ

ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়। ভ্রমণ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণটা আমার কাছে ঠিক তেমনই ছিল। তিন দিন-দুই রাতের এই যাত্রায় সমুদ্র, পাহাড় আর বন্ধুত্ব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সমুদ্রের ডাকে চট্টগ্রাম থেকে আমরা পাঁচ বন্ধু সকালের বাসে উঠলাম। ভাড়া জনপ্রতি ৪৫০ টাকা। জানালার বাইরে শহর পেছনে ফেলে এগিয়ে চললাম সমুদ্রের দিকে।

বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বাসস্ট্যান্ডে নামলাম। সেখান থেকে টমটমে ২০ টাকা ভাড়া দিয়ে ডলফিন মোড়। সেখানেই আমাদের ঠিকানা, হোটেল সি ভিউ। হোটেল থেকে কলাতলী বিচ মাত্র দুই-তিন মিনিটের পথ। ব্যাগ রেখেই ছুটে গেলাম সমুদ্রের কাছে। প্রথম দেখায় সমুদ্র যেন বুকে টেনে নিলো। কলাতলী বিচে ঢেউয়ের শব্দ, নোনা বাতাস, পায়ের নিচে ভেজা বালি, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি।

এরপর সুগন্ধা বিচ। ঢেউয়ের তালে লাফালাফি, গোসল, হইচই, কতক্ষণ কেটে গেল টেরই পেলাম না। দুপুরের খাবার শেষে লাবণী বিচে বিকেল। সেখান থেকে সূর্যাস্ত দেখলাম। লাল সূর্যটা ধীরে ধীরে সমুদ্রে ডুবে যাচ্ছে। এই দৃশ্য ক্যামেরায় ধরা যায় না, শুধু মনে ধরা যায়। সন্ধ্যার পরও বিচ ছাড়তে মন চাইছিল না। রাতের খাবার শেষে আবার সুগন্ধা বিচে ফিরলাম। রাত প্রায় ২টা পর্যন্ত সমুদ্রের পাড়ে বসে রইলাম। রাতের সমুদ্র একেবারে অন্যরকম। দিনের সমুদ্র উচ্ছ্বল, রাতের সমুদ্র গভীর আর রহস্যময়। ঢেউয়ের উত্তাল শব্দে কেমন একটা ঘোর লেগে যায়।

দ্বিতীয় দিন সকাল ৮টায় ঘুম ভাঙল। নাস্তা সেরে সকাল ১০টায় সিএনজি নিয়ে রওয়ানা দিলাম মেরিন ড্রাইভের দিকে। এই রাস্তা নিয়ে যত শুনেছিলাম, চোখে দেখে মনে হলো তার চেয়েও সুন্দর। একদিকে বিস্তীর্ণ নীল সমুদ্র, আরেকদিকে সবুজ পাহাড়ের সারি। মাঝখান দিয়ে চলে গেছে মসৃণ পথ। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয়, প্রকৃতি যেন নিজের হাতে ছবি এঁকেছে। প্রথমে থামলাম সাম্পান বিচে। সারি সারি সাম্পান দাঁড়িয়ে আছে। জেলেদের জীবন, সাম্পান আর সমুদ্র মিলে এক জীবন্ত ছবি। সেখানে কিছু সময় কাটিয়ে, ছবি তুলে ১৫০ টাকায় দুপুরের খাবার সারলাম।

ফেরার পথে একে একে ঘুরলাম কাঁকড়া বিচ, জেটিঘাট, ইনানী বিচ ও ঝাউবন বিচ। প্রতিটি বিচেরই আলাদা আলাদা রূপ। কোথাও প্রবাল পাথর, কোথাও নির্জন বালুচর, কোথাও শুধু ঢেউয়ের খেলা। শেষ বিকেলে গেলাম হিমছড়ি জাতীয় উদ্যানে। পাহাড়ের ওপর থেকে সূর্যাস্ত দেখলাম। পাহাড় আর সমুদ্রের এই মিলন হিমছড়িকে সত্যিই অনন্য করে তুলেছে। মনে হচ্ছিল, পাহাড়ের ওপর দাঁড়িয়ে পুরো পৃথিবীটাকে দেখছি। সন্ধ্যার পর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার সমুদ্রের পাড়ে। রাত পর্যন্ত সমুদ্রের সঙ্গে সময় কাটানো যেন আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল।

তৃতীয় দিন ছিল ফেরার পালা। কিন্তু ফেরার আগে একটা ইচ্ছা ছিল, বাইকে করে মেরিন ড্রাইভ ঘুরব। সকালে ৪ ঘণ্টার জন্য ৬০০ টাকা করে বাইক ভাড়া করলাম। বাইকে মেরিন ড্রাইভ একেবারে অন্য অভিজ্ঞতা। খোলা বাতাস, সমুদ্রের গন্ধ, পাহাড়ের ছায়া, সব মিলিয়ে মনে হচ্ছিল উড়ে যাচ্ছি। সিএনজিতে দেখা মেরিন ড্রাইভ আর বাইকে দেখা মেরিন ড্রাইভের মধ্যে আকাশ-পাতাল তফাত। বাইক রাইডে এর সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে গিয়েছিল।

রাতে হোটেল থেকে চেক আউট করে রাত ৮টার ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। রাত ১টায় চট্টগ্রামে পৌঁছালাম। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে মনে হচ্ছিল, সমুদ্রকে পেছনে ফেলে এলেও সমুদ্রের শব্দটা এখনো কানে বাজছে। বন্ধুদের সঙ্গে কাটানো এই তিন দিন-দুই রাত শুধু ভ্রমণ ছিল না, ছিল জীবনের এক টুকরো গল্প, যা অনেকদিন মনে থাকবে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ট্রাভেল এণ্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ