-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মির্জাপুর ইউনিয়নের এসএসসি-৯৭ ব্যাচের উদ্যোগে এবং মির্জামনির সার্বিক তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন ডা. আফরিনা নাসরিন বিথী, ডা. সাইখুল আরাফাত, ডা. মোর্শেদা আক্তার মিমী, ডা. সুদীপ্ত দেবনাথ, ডা. সাইদুর রহমান, ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকগণ।
আয়োজকরা জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ আয়োজন করা হয়েছে।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
