ট্যুরিজম ডেস্কঃ
ঢাকা থেকে ওমান এয়ারের ফ্লাইটে দীর্ঘ যাত্রা শেষে তুরস্কে যখন নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। বিমানবন্দরের ভেতর থেকে বের হতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে শরীরটা শীতল করে দিলো। মুহূর্তেই বুঝলাম এখানকার আবহাওয়া ঢাকার মতো নয়। তবে তুরস্কে যে তখন শীতের আমেজ বেশ ভালোভাবেই শুরু হয়েছে তা আগে বুঝতে পারিনি। সঙ্গে নিয়েছিলাম হালকা শীতের কিছু কাপড়। সেগুলোই যথেষ্ট হবে ভেবেছিলাম।
পরদিন সকালেই ইস্তাম্বুল থেকে আন্তালিয়ার ফ্লাইট। তাই বিমানবন্দর থেকে বেরিয়ে সময় নষ্ট করতে চাইলাম না। মেট্রো ধরে দ্রুত পৌঁছে গেলাম হোটেলে। নতুন দেশ। নতুন শহর। চারপাশের সবকিছুই অচেনা। অথচ মনে হচ্ছিল বহুদিনের চেনা কোনো জায়গায় এসে পৌঁছেছি। হয়তো শহরটির নামের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস আর গল্পের কারণেই এমন অনুভূতি।
তুরস্ক ভ্রমণের শুরুটা হয়েছিল এভাবেই। পরে আন্তালিয়া ও বুরসা ঘুরে আবার ইস্তাম্বুলে ফিরেছি। তখন শহরটিকে দেখার সুযোগ হয়েছে আরও ভালোভাবে। বুঝেছি ইস্তাম্বুল শুধু তুরস্কের একটি বড় শহর নয়। এটি এমন এক শহর যেখানে দুই মহাদেশের গল্প একসঙ্গে মিশে আছে। একদিকে ইউরোপ। অন্যদিকে এশিয়া। মাঝখানে বসফরাস প্রণালি। আর দুই তীরে ছড়িয়ে আছে ইতিহাসের অসংখ্য স্মৃতি।
ইস্তাম্বুলে ঘুরতে গিয়ে শহরটির বৈচিত্র্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। এখানে কয়েক শ বছরের পুরোনো স্থাপনার পাশেই দেখা যায় আধুনিক ভবন। ঐতিহাসিক মসজিদের কাছেই ব্যস্ত সড়ক। পুরোনো বাজারের পাশ দিয়ে ছুটে চলে আধুনিক ট্রাম।
শহরটির ইতিহাসও বেশ দীর্ঘ। একসময় এর নাম ছিল বাইজান্টিয়াম। পরে রোমান সম্রাট কনস্টান্টাইন এটিকে নিজের সাম্রাজ্যের রাজধানী করেন। তখন নাম হয় কনস্টান্টিনোপল। ১৪৫৩ সালে অটোমানরা শহরটি জয় করে। এরপর এটি অটোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।
এই ইতিহাসের চিহ্ন দেখতে হলে যেতে হবে ইস্তাম্বুলের পুরোনো অংশে। আমাদের ভ্রমণেও সেই অভিজ্ঞতা ছিল বিশেষ আকর্ষণের।
প্রথমেই চোখে পড়ে আয়া সোফিয়া। বিশাল গম্বুজ আর স্থাপত্যের গাম্ভীর্য দূর থেকেই নজর কাড়ে। ভবনটির ইতিহাসও বিস্ময়কর। এটি একসময় গির্জা ছিল। পরে মসজিদ হয়েছে। মাঝখানে জাদুঘর হিসেবেও ব্যবহৃত হয়েছে। ২০২০ সালে আবার মসজিদ হিসেবে চালু করা হয়। একটি স্থাপনা কীভাবে বিভিন্ন সময়ের ইতিহাস ধারণ করতে পারে তার বড় উদাহরণ আয়াসোফিয়া। এখানে এবার জু'মার নামাজ পড়ার সুযোগ হয়েছিল।
এর কাছেই সুলতান আহমেদ মসজিদ। নীল টাইলসের জন্য এটি ব্লু মস্ক নামেই পরিচিত। এর গম্বুজ ও মিনার ইস্তাম্বুলের পরিচিত দৃশ্যের অংশ। দুই স্থাপনার মাঝখানে রয়েছে হিপোড্রোম এলাকা। একসময় এখানে ঘোড়দৌড় ও নানা আয়োজন হতো। এখন এটি ঐতিহাসিক স্থাপনা ঘেরা একটি খোলা জায়গা।
আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা তোপকাপি প্রাসাদ। অটোমান সুলতানদের দীর্ঘদিনের আবাস ও শাসনকেন্দ্র ছিল এটি। প্রাসাদের ভেতরে হাঁটলে বোঝা যায় সাম্রাজ্যের ক্ষমতা ও জীবনযাপনের ধরন কেমন ছিল। শুধু রাজকীয় ভবন নয়। এর প্রতিটি অংশের সঙ্গে জড়িয়ে আছে আলাদা ইতিহাস।
ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকাগুলো ১৯৮৫ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। আয়াসোফিয়া থেকে তোপকাপি প্রাসাদ পর্যন্ত ঘুরলে সেই স্বীকৃতির কারণ কিছুটা হলেও অনুভব করা যায়।
পুরোনো শহরের পাশেই আধুনিক ইস্তাম্বুল
ইস্তাম্বুলকে শুধু ইতিহাসের শহর ভাবলে এর অর্ধেক পরিচয় অজানা থেকে যাবে। শহরটির আরেকটি রূপ বেশ আধুনিক ও প্রাণবন্ত। তাকসিম স্কয়ার থেকে ইস্তিকলাল সড়কের দিকে গেলে সেই পরিবর্তন চোখে পড়ে। রাস্তার দুই পাশে দোকানপাট, ক্যাফে, রেস্তোরাঁ আর মানুষের ভিড়। কোথাও কেনাকাটা চলছে। কোথাও বন্ধুরা আাড্ডায় মেতেছে। আবার ঐতিহ্যবাহী লাল ট্রামটি সড়কের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরোনো দিনের পরিবহন যেন আধুনিক শহরের ব্যস্ততার মধ্যেও নিজের জায়গা ধরে রেখেছে।
গালাতা টাওয়ারের আশপাশেও রয়েছে আলাদা আকর্ষণ। পুরোনো ভবন আর সরু রাস্তার সঙ্গে মিশে আছে ক্যাফে ও ছোট ছোট দোকান। গালাতা সেতুর দিকে গেলে শহরের আরেকটি ব্যস্ত চিত্র দেখা যায়। সেতুর ওপর মানুষের চলাচল। চারপাশে জলপথ। দূরে শহরের স্থাপনা। সব মিলিয়ে জায়গাটির পরিবেশ বেশ আলাদা।
বালাত এলাকায় গেলে ইস্তাম্বুলের আরেকটি রূপ সামনে আসে। পুরোনো বাড়ি ও রঙিন ভবনগুলো এই এলাকার পরিচিত বৈশিষ্ট্য। সরু গলি ধরে হাঁটলে মনে হয় শহরের ব্যস্ততা থেকে একটু দূরে চলে এসেছি। অথচ এখানেও মানুষের স্বাভাবিক জীবন চলছে।
শহরকে চিনতে হলে চলতে হবে মানুষের সঙ্গে
ইস্তাম্বুল ঘোরার সবচেয়ে ভালো দিকগুলোর একটি হলো এর গণপরিবহন ব্যবস্থা। মেট্রো, ট্রাম, মারমারে আর ফেরি - সব মিলিয়ে শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বেশ সহজ।
আমাদের পুরো ভ্রমণও হয়েছে এসব পরিবহনে। বিশেষ করে ট্রামে চলতে চলতে শহরের পুরোনো অংশ দেখার অনুভূতি আলাদা। আবার মারমারে দিয়ে বসফরাস প্রণালির নিচ দিয়ে যাতায়াত করা যায়। এটি ইউরোপ ও এশিয়ার অংশকে রেলপথে যুক্ত করেছে।
ইস্তাম্বুলের পরিচয়ের সঙ্গে বসফরাস প্রণালি ওতপ্রোতভাবে জড়িত। এটি একদিকে কৃষ্ণসাগরকে মারমারা সাগরের সঙ্গে যুক্ত করেছে। অন্যদিকে ইউরোপ ও এশিয়াকে আলাদা করেছে। আবার এই জলপথই দুই মহাদেশের মানুষের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
শহরের বাজারগুলোও ইস্তাম্বুলের জীবন বোঝার ভালো জায়গা। গ্র্যান্ড বাজারে গেলে চোখে পড়ে নানা ধরনের পণ্য। কার্পেট, অলংকার, পোশাক আর স্মারকসামগ্রী। অন্যদিকে মসলার বাজারে রয়েছে নানা রঙের মসলা ও খাবারের উপকরণ।
খাবারের স্বাদেও আলাদা ইস্তাম্বুল
কোনো শহরকে চিনতে হলে তার খাবারের স্বাদ নেওয়া জরুরি। ইস্তাম্বুলও এর ব্যতিক্রম নয়। তুর্কি খাবারের মধ্যে কাবাব ও কোফতা বেশ পরিচিত। পাশাপাশি চা ও নানা ধরনের মিষ্টিও এখানকার খাবারের সংস্কৃতির অংশ।
সুলতান আহমেদ এলাকার ঐতিহ্যবাহী সুলতান আহমেত কোফতা হাউস রেস্তোরাঁয় খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি জায়গাটির পরিবেশও ভ্রমণের স্মৃতিতে জায়গা করে নিয়েছে। পর্যটন এলাকার রেস্তোরাঁগুলোতে নানা দেশের মানুষের উপস্থিতি দেখা যায়। একই টেবিলের আশপাশে বসে কেউ স্থানীয় খাবার খাচ্ছেন। কেউ আবার নতুন কোনো স্বাদ খুঁজছেন।
যে শহর বারবার ফিরে দেখার ইচ্ছা জাগায়
ইস্তাম্বুলের সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত এর বৈপরীত্য। এখানে কয়েক শ বছরের পুরোনো স্থাপনার পাশেই আধুনিক বিপণিবিতান। ঐতিহাসিক মসজিদের কাছেই ব্যস্ত সড়ক। পুরোনো বাজারের পাশ দিয়ে ছুটে চলে আধুনিক ট্রাম। আর দুই মহাদেশের মাঝখানে বসফরাসের জলপথ শহরটিকে দিয়েছে আলাদা পরিচয়।
ভ্রমণের সময় বুঝেছি ইস্তাম্বুলকে একদিনে বা কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে পুরোপুরি চেনা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সময়। প্রয়োজন শহরের রাস্তায় হাঁটা। কখনো ট্রামে চড়া। কখনো বাজারে ঘুরে বেড়ানো। আবার কখনো কোনো জলপথের পাশে দাঁড়িয়ে শহরটিকে নিজের মতো করে দেখা।
ইস্তাম্বুল এমন এক শহর যেখানে অতীত ও বর্তমান পাশাপাশি চলে। ইতিহাস এখানে পুরোনো হয়ে হারিয়ে যায়নি। বরং আধুনিক জীবনের সঙ্গে মিশে নতুন পরিচয় তৈরি করেছে। হয়তো এ কারণেই শহরটি ছেড়ে আসার পরও এর কথা মনে পড়ে। মনে হয় আবার কোনো একদিন ফিরে যাব। সেই পরিচিত মসজিদগুলোর কাছে। পুরোনো গলিতে। কিংবা বসফরাসের তীরে। যেখানে দাঁড়িয়ে একসঙ্গে দেখা যায় দুই মহাদেশের শহরকে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
