বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 13:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিএনপির শীর্ষ ৭ এম,পি-মন্ত্রীর পদত্যাগ নিয়ে দলীয় বিবৃতি! · বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশিয়া পুলিশের বিরুদ্ধে ! · বড় সাজা পেলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ: ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে গুনতে হবে ৫০ কোটি টাকা জরিমানা! · প্রথম বিশুদ্ধ এআই প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে অ্যানথ্রপিক, সম্ভাব্য মূল্য ১৫০ লাখ কোটি টাকা ছাড়াতে পারে ! · ইতিহাসে প্রথম: পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছে গেল ভয়েজার-১! · বিদেশি নায়িকার ধারাবাহিকতা কি ‘মোহাব্বাত’-এও? শাকিবের বিপরীতে কিয়ারাকে নিয়ে গুঞ্জন! · রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত! · সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ!
প্রবাস বার্তা

বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশিয়া পুলিশের বিরুদ্ধে !

বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশিয়া পুলিশের বিরুদ্ধে !
প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

ক্রোয়েশিয়ার পুলিশ বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তান থেকে আসা ৫৩ অভিবাসনপ্রত্যাশীকে ‘ব্যাপক মারধর’ করে চলতি সপ্তাহের শুরুতে বসনিয়া-হারজেগোভিনায় পুশব্যাক করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ।

মানবাধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ক্রোয়েশিয়ার পুলিশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের জোরপূর্বক বসনিয়াসহ সীমান্তে পুশব্যাক করছে।

তবে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা এসওএস বলকান রুট জানিয়েছে, ক্রোয়েশিয়ার পুলিশ ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে মারধর করে জোরপূর্বক বসনিয়ায় ফেরত পাঠিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ঘটনায় পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর হাত-পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। অভিবাসনপ্রত্যাশীদের বর্ণনা অনুযায়ী, মুখোশ পরা ক্রোয়েশিয়ার পুলিশের প্রায় ১৫ জন সদস্য নড়াচড়া করা প্রত্যেককে মারধর করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে নথিভুক্ত সীমান্তে সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম নৃশংস ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থাটি।

শনিবার ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই পুলিশ এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। বসনিয়ার কর্তৃপক্ষ, বিশেষ করে দেশটির পুলিশের কাছ থেকেও আমরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাইনি।

সংস্থাটির প্রতিষ্ঠাতা পেতার রোসানদিচ বলেন, এ ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে এ ধরনের সহিংসতা ‘পদ্ধতিগত’ রূপ নিয়েছে।

তিনি এএফপিকে বলেন, “ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ, গণমাধ্যম, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রিয়ার রাজনীতিবিদেরা আর এ ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে পারেন না।”

সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ৫৩ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের নাগরিক। তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু ছিলেন। বসনিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ছয়টি পৃথক দল থেকে তাদের খুঁজে পাওয়া যায়।

ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম বহিঃস্থ স্থলসীমান্তগুলোর একটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ক্রোয়েশিয়া। বলকান অঞ্চল দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ।

ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, গত বছর বলকান রুটে ১২ হাজার ৫০০টির বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম। ইনফোমাইগ্রেন্টস।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ