সোমবার, 16 নভেম্বর 2026 · 23:34
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
প্রবাস বার্তা

গভীর রাতে ড্রোনের নজরদারি ও সাঁড়াশি অভিযান: মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ ২০৫!

গভীর রাতে ড্রোনের নজরদারি ও সাঁড়াশি অভিযান: মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ ২০৫!

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গভীর রাতে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকার কয়েকটি আবাসিক ভবনে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২০৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্য অভিবাসন বিভাগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ২০ থেকে ৫৬ বছর বয়সী মোট ৫৪৩ জন বিদেশি নাগরিকের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০৫ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকের কাছে কোনো পরিচয়পত্র বা বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। আবার কেউ কেউ মালয়েশিয়ায় অবস্থানের অনুমোদিত মেয়াদ অতিক্রম করেছেন।

অভিযানকে কার্যকর করতে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হয়। বিদেশিদের চলাচল পর্যবেক্ষণ এবং সম্ভাব্য পালানোর পথ শনাক্ত করতে ড্রোন মোতায়েন করা হয়েছিল। এর মাধ্যমে অভিযানের আওতাধীন আবাসিক ভবন ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয় বলে জানান লোকমান এফেন্দি।

তিনি আরও জানান, অভিযানের সময় একটি আবাসিক ইউনিটেও তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনিটটি সংস্কার করে বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কর্মকাণ্ড পরিচালনার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

অভিযানে আটক ২০৫ জনকে অধিকতর তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোহরের সেটিয়া ত্রোপিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এদিকে, জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর এক বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের আনাগোনা রয়েছে এমন চিহ্নিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশৃঙ্খলা, জনদুর্ভোগ ও আবাসিক পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ পাওয়া গেলে সেসব এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ঘোষিত ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো রাজ্যের নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা। যাতে তারা নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দৈনন্দিন জীবনযাপন করতে পারেন।

এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে উল্লেখ করে দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর বলেন, জননিরাপত্তা, আবাসিক এলাকার সুষ্ঠু পরিবেশ এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ