সোমবার, 16 নভেম্বর 2026 · 23:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
লাইফস্টাইল

সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!

সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!

লাইফ স্টাইল ডেস্ক|জনতার দেশঃ

২০২৬ সালের জুন মাস। লন্ডনের মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানে নাচ পরিবেশনের প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। অনুষ্ঠানের জন্য তাঁর একটু ব্যতিক্রমী পোশাক প্রয়োজন ছিল। এ জন্য যোগাযোগ করলেন উদ্যোক্তা সঙ্গীতা ওয়াহিদ তাসার সঙ্গে। যার গয়না ও পোশাকের নকশা ইতিমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে।

তবে কাজটির প্রস্তাব পেয়েই সম্মতি দিতে পারেননি তাসা। কিছুটা সময় নিলেন, ভাবলেন—এমন একটি কাজের দায়িত্ব নেওয়া তাঁর জন্য কি ঠিক হবে এখন। কারণ, তখন তিনি জীবনের এক কঠিন সময় পার করছেন। ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো মা হন তাসা। এর কিছুদিন আগে থেকেই স্বামীর আচরণে বেশ পরিবর্তন লক্ষ করছিলেন। দীর্ঘদিনের সেই চেনা মানুষটির হঠাৎ বদলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তাসা।

তিনি বলেন, ‘সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমাদের সম্পর্ক। হঠাৎ করে ওর বদলে যাওয়াটা আমি তাই মেনে নিতে পারছিলাম না। মেয়ের জন্মের কিছুদিন পর সে বলল, আমার সঙ্গে কিছুতেই আর থাকতে পারছে না। আমার আত্মসম্মানবোধ প্রখর। কিছুতেই তার কথাগুলো নিতে পারছিলাম না। দুই সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম।’

তাসার বাবা নেই। মা থাকেন ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে। দুই সন্তান নিয়ে সেখানে আশ্রয় নেওয়া সম্ভব হবে না, সেটিও জানতেন। তাই মায়ের বাসার কাছেই সন্তানদের নিয়ে আলাদা বাসা ভাড়া নেন। শুরু হয় জীবনের নতুন এক অধ্যায়। একদিকে মানসিক বিপর্যয়, অন্যদিকে আর্থিক অনিশ্চয়তা—দুই দিক থেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে।

‘আসলে এমন কিছু হবে, এটা তো কল্পনায়ও ছিল না। খুব সুখী দম্পতি ছিলাম আমরা’ বলেন তাসা। নতুন জীবনে সন্তানদের দেখাশোনার ফাঁকে ফাঁকে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তবে ব্যবসায় যতটা সময় ও মনোযোগ দেওয়া প্রয়োজন, সন্তানদের দায়িত্ব সামলে তা সম্ভব হচ্ছিল না। ফলে আর্থিকভাবেও খুব একটা লাভবান হতে পারছিলেন না। ধীরে ধীরে হতাশা ও অন্ধকার যেন গ্রাস করতে থাকে তাঁর জীবন।

এরই মধ্যে ২০২৬ সালের জুনে হৃদি যোগাযোগ করেন। প্রথমে কাজটি করতে রাজি হননি তাসা। পরে ভাবলেন, একজন নারী যখন এত আগ্রহ নিয়ে তাঁর কাছে একটি কাজ চাইছেন, তখন ভাবেন হয়তো আবারও নিজেকে কাজে ফেরানোর সুযোগ এসেছে। সিদ্ধান্ত নিলেন কাজটি করবেন, তবে একটু অন্যভাবে।

এই কাজের জন্য তাসা বেছে নেন নিজের আক্‌দের শাড়ি। শাড়িটি তাঁর কাছে ছিল অত্যন্ত প্রিয়, ভালোবাসা ও মায়ায় জড়ানো এক স্মৃতি। তাই সিদ্ধান্ত নিলেন প্রথমে এটাকেই কাটবেন। কেটে সেই শাড়ি দিয়ে তৈরি করেন হৃদি শেখের জন্য স্কার্ট। এই পোশাক তৈরি করার অভিজ্ঞতা ছিল তাঁর জন্য ভীষণ আবেগের। তাসার ভাষায়, ‘শাড়িটি দিয়ে যখন স্কার্ট বানাই, মনে হচ্ছিল যেন নিজের দুঃখ, কষ্ট আর অনুভূতিকে কেটেকুটে ছিঁড়ে ফেলছি।’ পোশাকটির নাম দিলেন ‘মুক্তির সিম্বল’।

স্কার্টের সঙ্গে পরার জন্য একটি কালো শাড়ি বেছে নেন তাসা। বলছিলেন, তাঁর জীবনের অন্ধকার সময়ের প্রতীক কালো রং। কালো ব্লাউজ ও শাড়িতে লাল হৃদয়ের প্রতীক বসিয়ে ফুটিয়ে তোলেন তার ভেতরকার ক্ষোভ ও যন্ত্রণা।

প্রতিটি রং, প্রতিটি নকশা যেন তাঁর জীবনের গল্পেরই অংশ। প্রথমে ভেবেছিলেন, পোশাকটি হৃদিকে দিয়ে দেবেন। কিন্তু কাজটি শেষ হওয়ার পর সিদ্ধান্ত বদলান। এটি নিজের কাছেই রেখে দিতে চান। কারণ, পোশাকটি কেবল একটি মঞ্চে পরিবেশনার জন্য তৈরি নকশা নয়; এটি তাঁর জীবনের কঠিন সময়, ভাঙন এবং ঘুরে দাঁড়ানোর সাক্ষী।

তাসার দুই সন্তানের মধ্যে বড় ছেলের বয়স ৩ বছর এবং ছোট মেয়ের বয়র ১১ মাস।

তাসার কাছে ‘মুক্তির সিম্বল’ তাই শুধু একটি পোশাক নয়; বরং নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পাওয়ার গল্প।

ব্যক্তিগত জীবনের অন্ধকারকে শিল্পের ভাষায় প্রকাশ করে বুঝতে পারেন, ভেঙে পড়ার পরও নতুন করে শুরু করা সম্ভব। তাঁর এই সৃষ্টি যেন মনে করিয়ে দেয়, মুক্তি কখনো কখনো অন্য কারও কাছ থেকে নয়, নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হয়।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: লাইফস্টাইল দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ