বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 12:36
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ইতিহাসে প্রথম: পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছে গেল ভয়েজার-১! · বিদেশি নায়িকার ধারাবাহিকতা কি ‘মোহাব্বাত’-এও? শাকিবের বিপরীতে কিয়ারাকে নিয়ে গুঞ্জন! · রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত! · সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ! · আমনের ভালো ফলন ও দামে লাভবান মতলব উত্তরের কৃষকেরা! · বহিষ্কৃত ৭০ বিদ্রোহী প্রার্থী ও পাঁচ শতাধিক নেতাকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি! · ফাতাহ-৩ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা ! · রাজনৈতিক পরিণতি নয়, দেশের স্বার্থেই ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছি: ট্রাম্প !
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।

ইতিহাসে প্রথম: পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছে গেল ভয়েজার-১!

ইতিহাসে প্রথম: পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছে গেল ভয়েজার-১!

সায়েন্স ডেস্কঃ

ভয়েজার ১-কে পৃথিবী থেকে কোনো নির্দেশ পাঠালে তার উত্তর পেতে এখন প্রায় দুই দিন লাগবে। নির্দেশটি পৌঁছতে এক দিন, ফিরতি সংকেত আসতে আরো এক দিন। ১৯৭৭ সালে যাত্রা শুরু করা মহাকাশযানটি পৃথিবী থেকে এতটাই দূরে চলে গেছে যে ব্যবধানটি এখন মাপা যাচ্ছে আলো কতক্ষণে সে পথ পাড়ি দেয়, তা দিয়ে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাব অনুযায়ী, আজ বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৬ মিনিটে ভয়েজার ১ পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। আলো ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার পাড়ি দেয়। পৃথিবী থেকে পাঠানো আর কোনো মহাকাশযান এ দূরত্বে পৌঁছায়নি। তবে হিসাবের সঙ্গে মহাকাশযানটির পাঠানো সংকেত মিলিয়ে দেখতে ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানীদের প্রায় এক দিন অপেক্ষা করতে হবে। এ মাইলফলক নিয়ে ১৯ নভেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে নাসা।

প্রায় পাঁচ দশক আগে যাত্রা শুরুর পর ভয়েজার ১ কাছ থেকে দেখেছে সৌরজগতের সবচেয়ে বড় দুই গ্রহ বৃহস্পতি ও শনিকে। এখন ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে এটি ছুটছে আন্তনাক্ষত্রিক মহাকাশে। সূর্য থেকে বেরিয়ে আসা কণা ও চৌম্বকক্ষেত্র মিলে চারপাশে যে বিশাল বলয় তৈরি করে, তার নাম হেলিওস্ফিয়ার। ২০১২ সালে ভয়েজার ১ এ বলয়ের বাইরের সীমানা অতিক্রম করে। একই বছর উৎক্ষেপণ করা এর যমজ মহাকাশযান ভয়েজার ২ সেই সীমানা পেরোয় ২০১৮ সালে।

নক্ষত্রগুলোর মধ্যবর্তী এ বিস্তীর্ণ অঞ্চলে পদার্থের ঘনত্ব খুব কম। সেখানে থাকা সামান্য গ্যাসের অবিরাম কম্পনও ধরা পড়েছে ভয়েজার ১-এর যন্ত্রে। বিজ্ঞানীদের কাছে সে সংকেত ধরা দিয়েছে ক্ষীণ, একটানা গুঞ্জন হিসেবে। মহাকাশযানটি নিয়মিত চৌম্বকক্ষেত্র, মহাজাগতিক রশ্মি ও প্লাজমা তরঙ্গের পরিমাপ পাঠাচ্ছে। পৃথিবীতে সেসব তথ্য ধরতে ভয়েজারের দিকে তাক করতে হয় নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের বিশাল বেতার অ্যান্টেনা। পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব অ্যান্টেনা দিয়েই দূরের মহাকাশযানগুলোর সঙ্গে যোগাযোগ রাখে সংস্থাটি।

সূর্যের বলয় পেরিয়েও তার প্রভাব কতটা থেকে যায়, তা নিয়ে বিজ্ঞানীদের সামনে নতুন প্রশ্ন তুলেছে ভয়েজারের পাঠানো তথ্য। গবেষকদের ধারণা ছিল, সীমানা পেরোনোর পর দুই ভয়েজারের যন্ত্রে ধরা পড়া চৌম্বকক্ষেত্রের দিক বদলে যাবে। কিন্তু ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড জানান, চৌম্বকক্ষেত্রের দিক এখনো সীমানা পার হওয়ার সময়কার মতোই রয়েছে। সে দিকটি নির্ধারিত হয়েছিল সূর্যের প্রভাবে। বিজ্ঞানীরা এখন দেখছেন, আরো দূরে গেলে এর পরিবর্তন ঘটে কিনা।

সূর্যে বড় ধরনের অগ্ন্যুৎপাত হলে বিপুল পরিমাণ কণা মহাকাশে ছড়িয়ে পড়ে। এর ফলে তৈরি অভিঘাত ও চাপের পরিবর্তন ভয়েজার ১-এর অবস্থান পর্যন্ত, এমনকি তার চেয়েও দূরে পৌঁছয় বলে জানিয়েছেন ডড। অর্থাৎ যে দূরত্ব পাড়ি দিতে আলোও এক দিন সময় নেয়, সেখানেও সূর্যের ঝড়ের প্রভাব ধরা পড়ছে।

এদিকে দুই মহাকাশযানেই বিদ্যুৎ ফুরিয়ে আসছে। জেট প্রপালশন ল্যাবরেটরির একজন প্রতিনিধি জানিয়েছেন, সাম্প্রতিক বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থায় আরো তিন থেকে চার বছর পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ বজায় থাকতে পারে। বর্তমানে চালু বৈজ্ঞানিক যন্ত্রগুলো ২০২৭ সালে উৎক্ষেপণের ৫০ বছর পূর্তি পর্যন্ত সচল রাখার মতো বিদ্যুৎ রয়েছে। এর পর কত দিন সেগুলো কাজ করবে, তা বলা কঠিন। প্রায় অর্ধশতাব্দী পুরনো মহাকাশযান দুটিতে অপ্রত্যাশিত কারিগরি সমস্যাও দেখা দিতে পারে।

এক আলোকদিনের মাইলফলক দেখবেন বলে কখনো ভাবেননি ডড। তবে তার আগ্রহ এখন আরো দূরের একটি সীমানা ঘিরে। সূর্যের প্রভাব কোথায় শেষ হয়, আর কোথা থেকে শুরু হয় সেই আন্তনাক্ষত্রিক অঞ্চল যেখানে তার প্রভাব আর ধরা পড়ে না? ভয়েজারের যন্ত্র আর কিছুদিন সচল থাকলে হয়তো সেই উত্তরও একদিন পৃথিবীতে এসে পৌঁছবে।


তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ