সায়েন্স ডেস্কঃ
মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে নানা গবেষণা করেছেন বিজ্ঞানীরা। এবার গ্রহটিতে প্রাণের সন্ধান করতে একঝাঁক রোবট পাঠানোর পরিকল্পনা নিয়েছে জার্মান মহাকাশ সংস্থা। এ লক্ষ্যে ‘ভ্যামেক্স’ নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। বিজ্ঞানীদের আশা, মঙ্গলের পৃষ্ঠে বিভিন্ন ধরনের একাধিক রোবট পাঠানো গেলে সেগুলো একে অপরের সঙ্গে মিলে গ্রহটির দুর্গম ও জটিল ভূখণ্ডে পথ চলতে পারবে।
তবে এ কাজটি সহজ নয়, কারণ মঙ্গলে অভিযানের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে, সেখানে পৃথিবীর মতো পথ নির্দেশনা বা মানচিত্র তৈরির কোনো স্যাটেলাইট নেই। এ ছাড়া মঙ্গলে থাকা কোনো রোবট ও পৃথিবীতে থাকা প্রকৌশলীদের মধ্যে বার্তা আদান-প্রদানে ২০ মিনিটেরও বেশি সময় লেগে যায়।
গবেষকরা জানান, বিভিন্ন ধরনের এসব রোবট নিজেরাই সমন্বয় করে কাজ করতে পারবে ও ভিনগ্রহের প্রাণের চিহ্ন খুঁজতে মঙ্গলের পৃষ্ঠে অনুসন্ধান চালাবে। তারা মঙ্গলের ‘ভ্যালেস মেরিনারিস’ উপত্যকায় এই রোবটের ঝাঁক পাঠাতে চান। মঙ্গলের উপত্যকায় আকাশ ও ভূমি উভয় দিক থেকে উপত্যকাটি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ওই উপত্যকায় যেসব গুহা রয়েছে বলে ধারণা করা হয়, সেগুলোর ভেতরেও প্রবেশ করবে রোবটের ঝাঁক।
জার্মান মহাকাশ সংস্থার অর্থায়নে পরিচালিত ‘ভ্যামেক্স’ প্রকল্পটি ২০১২ সাল থেকে চলমান।
তবে এটা এখন উন্নয়নের চতুর্থ ধাপে পৌঁছেছে, যা বিভিন্ন রোবট পরিচালনাকারী হার্ডওয়্যার ও সফটওয়্যার ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে আরও সূক্ষ্ম ও বিস্তারিত কাজের সুযোগ তৈরি করেছে।
এ প্রকল্পের অন্যতম প্রধান একটি অংশ ‘স্কাইক্যাম’ সিস্টেম, যা আকাশের দিকে নজর রেখে বজ্রপাত, মেঘ বা শনাক্ত করা নয় এমন অস্বাভাবিক কোনো ঘটনা বা ‘ইউএপি’ সংক্রান্ত তথ্য পৃথিবীতে পাঠানোর জন্য তৈরি হয়েছে।
গবেষকরা জানান, তারা এ ধরনের দুটি বা তিনটি ‘স্কাইক্যাম’ স্টেশন মঙ্গলে পাঠাতে পারবেন, যা আকাশের দৃশ্য ধারণ করার পাশাপাশি নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করবে। এর ফলে কেবল মঙ্গলের আকাশ সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে তাই নয়, বরং ওই তথ্য ব্যবহার করে রোবট ঝাঁকের অন্যান্য সদস্যের পথ চলতেও সহায়তা করা যাবে। প্রকল্পের অন্যান্য কাজের মূল লক্ষ্য এমন রোবট তৈরি করা, যেগুলো মঙ্গলের মাটিতে নিজেরাই নিজেদের অবস্থান নির্ণয় করতে পারবে।
ন্যাভিগেশন স্যাটেলাইট না থাকায় গবেষকরা এমন এক ন্যাভিগেশন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন, যা তারা পর্যবেক্ষণকারী সেন্সরের তথ্যের সঙ্গে রেডিও বিকন নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া অবস্থানগত তথ্যের সমন্বয় ঘটাবে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
