স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
ঢাকার আদালত চত্বরে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করা যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী শামীম আল সাইফুল সোহাগসহ তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
সূত্রাপুর থানায় করা একটি ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বিকেলে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য দুই আসামি হলেন ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯)। পুলিশের আবেদনে তাদের ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতে পাঠানো পুলিশের আবেদনে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সূত্রাপুর থানাধীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাটগামী সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবেদনে আরও বলা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু, বিস্ফোরিত বোমার অংশবিশেষ এবং একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শামীম আল সাইফুল সোহাগসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সূত্রাপুর থানাধীন সরকারি কবি নজরুল কলেজের সামনে থেকে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছন। তাদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার পক্ষে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
আবেদনে আরও উল্লেখ করা হয়, শামীম আল সাইফুল সোহাগকে উত্তেজিত জনতা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। এতে তিনি সামান্য আহত হওয়ায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানির আগে আদালত চত্বরে শামীম আল সাইফুল সোহাগকে আটকে মারধরের অভিযোগ ওঠে। পরে তাকে টেনেহিঁচড়ে লক্ষ্মীবাজারের দিকে নিয়ে সূত্রাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শী আইনজীবীরা।
সাঈদ খোকনকে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
