সোমবার, 16 নভেম্বর 2026 · 23:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আইন-আদালত

ট্রাইব্যুনালে আসার পথে অসুস্থতার নাটক ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলেন জিয়াউল আহসান!

ট্রাইব্যুনালে আসার পথে অসুস্থতার নাটক ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলেন জিয়াউল আহসান!

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়িত্বরত পুলিশের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান দুর্ব্যবহার করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সকালে কারাগারে অসুস্থতার ভান ধরেছেন জিয়াউল আহসান, অথচ তিনি পুরোপুরি সুস্থ। তার এসব নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আগের তারিখেও জিয়াউল আহসান কোনোভাবেই আদালতে আসতে চাচ্ছিলেন না। তাকে অনেক কষ্টে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। ওই দিন তিনি হাতকড়া পরতে চাননি এবং সানগ্লাস, ইস্ত্রি করা পোশাক ও দামি জুতা পরে আদালতে এসেছিলেন। তার অসহযোগিতার কারণে সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর ২টায় কার্যক্রম শুরু করতে হয়েছিল।

মো. আমিনুল ইসলাম বলেন, আলাদা প্রিজনভ্যানে না এনে অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে করে আদালতে আনতে হবে বলে ট্রাইব্যুনালে দাবি করেছিলেন জিয়াউল আহসান। ওই দিন তার সহোদর বোন নাজনীন আক্তারও দায়িত্বরত পুলিশ সদস্যদের হুমকি দিয়েছিলেন। এছাড়া তার সঙ্গে থাকা একজন সহকারী অবৈধভাবে এসব ঘটনার ভিডিও ধারণ ও আপলোড করেছেন।

আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান ও তার বোনের এ ধরনের আচরণ আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করার প্রচেষ্টা। এ আচরণ অব্যাহত থাকলে নাজনীন আক্তারের বিরুদ্ধে লিখিত আবেদন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।

চিফ প্রসিকিউটর জানান, আজ সকালেও ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়েছেন জিয়াউল আহসান। কখনো অসুস্থতার কথা, আবার কখনো নানা অজুহাত দেখিয়ে তিনি দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলে রেজিস্ট্রি অফিসকে জানিয়েছিল জেল কর্তৃপক্ষ। পরে তাকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সব আসামিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করেছে জেল কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কোন আসামিকে কীভাবে আনা হবে, সেটি তাদের একচ্ছত্র এখতিয়ার। এছাড়া জিয়াউল আহসানকে একই প্রিজনভ্যানে আনলে অপর আসামিদের ক্ষতি বা কোনো দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরিকল্পনা থাকতে পারে বলে বিষয়টি বিবেচনায় নিয়েছেন তারা। এ কারণেই তাকে হাতকড়া পরিয়ে আনা হয়।

তিনি বলেন, আমরা মনে করি একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এর মূল মাস্টারমাইন্ড জিয়াউল আহসান। আজও তার নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে। এ পরিস্থিতিতে কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তা ঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে হাজির হতে না পারলে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর জন্য আমরা ট্রাইব্যুনালের কাছে আদেশ চেয়েছি।


আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনে অডিও-ভিডিও বা ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। কোনো আসামি অসুস্থ থাকলে, আদালতে আসতে অস্বীকৃতি জানালে, অসহযোগিতামূলক আচরণ করলে কিংবা নিরাপত্তার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব না হলে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালানো যেতে পারে। শুধু জিয়াউল আহসান নন, যেকোনো আসামি আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে বা কোনো অজুহাতে হাজির হতে না চাইলে তিনি যেখানে থাকবেন, সেখান থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তাদের পক্ষে আজ শুনানির দিন ধার্য ছিল। গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়ায় আগামী ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম


ছবিঃ

সংগৃহিত।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ