বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 12:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত! · সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ! · আমনের ভালো ফলন ও দামে লাভবান মতলব উত্তরের কৃষকেরা! · বহিষ্কৃত ৭০ বিদ্রোহী প্রার্থী ও পাঁচ শতাধিক নেতাকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি! · ফাতাহ-৩ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা ! · রাজনৈতিক পরিণতি নয়, দেশের স্বার্থেই ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছি: ট্রাম্প ! · সাম্প্রতিক নাশকতার পর সতর্ক পুলিশ-বিজিবি, ঢাকা ও গোপালগঞ্জসহ পাঁচ জেলায় বিশেষ নজর! · চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ!
জাতীয় ক্রীড়াঙ্গন।

সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ!

সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায়ের হতাশার রেশ এখনো কাটেনি বাংলাদেশের। ঘরের মাঠে শিরোপার স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হয়নি। বিশ্লেষণ করা হচ্ছে দলের নানা কিছু নিয়ে। সাফের ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে চান না জাতীয় দলের কোচ টমাস ডুলি। তাঁর চোখ এখন আগামী বছরের মার্চে, যখন ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ের আগে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সাফে দলের পারফরম্যান্সের পর্যালোচনা করতে আগামী শনিবার সভায় বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি। সেখানে টুর্নামেন্টে দলের পারফরম্যান্স, প্রস্তুতি ও ব্যর্থতার কারণ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরবেন ডুলি। এই সভার মধ্য দিয়ে আগামী বছরের শুরুতে জাতীয় দলের পরিকল্পনা ও প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা।

পর্যালোচনা শেষে ছুটিতে যাওয়ার পরিকল্পনা আছে কোচের। ১ ডিসেম্বর বাংলাদেশ ছাড়তে চান তিনি। ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন ফিলিপাইন ও জার্মানিতে। নিজের পরিকল্পনা জানিয়ে ডুলি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পরিকল্পনা আছে ১ ডিসেম্বর চলে যাওয়ার। ক্রিসমাসের সময়টা ফিলিপাইন ও জার্মানিতে গিয়ে পরিবারের সঙ্গে কাটাতে চাই। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই একটা প্রক্রিয়া আছে। বাফুফে আমার সঙ্গে বসবে, সাফের রিভিউ করবে। তারপর সভাপতির গ্রিন সিগন্যাল পেলেই ছুটিতে যাব।’

আলোচনায় এসেছে, সাফে প্রতিটি ম্যাচের ৮-১০ ঘণ্টা আগেই দলীয় কৌশল ফাঁস হওয়ার বিষয়টি নিয়েও। ভারত-পাকিস্তান সাফ ফাইনাল শেষে গত পরশু বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে দলের কৌশলের খবর ফাঁস হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেন সংবাদমাধ্যমকর্মীরা। তাবিথ প্রশ্ন একরকম এড়িয়েই যেতে চাইলেন, ‘দলের ব্যাপারে আমাদের ন্যাশনাল টিমস কমিটির সভার পরে আপনাদের সঙ্গে আমি খোলাখুলি কথা বলব।’

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ হয়েছে বাংলাদেশের। ফিফার সূচি অনুযায়ী, আগামী মার্চের আগে আর কোনো আন্তর্জাতিক উইন্ডো নেই। ফলে প্রায় চার মাস জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত থাকতে হবে ঘরোয়া ফুটবলে। এই সময়ে ক্লাবের হয়ে তাঁদের পারফরম্যান্স, ফর্ম ও ফিটনেসের ওপর নজর রাখবে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া প্রতিযোগিতায় ভালো করা খেলোয়াড়দের পর্যবেক্ষণের পাশাপাশি নতুন মুখদেরও বিবেচনায় নেওয়ার সুযোগ পাবেন কোচ। বিশেষ করে দীর্ঘ বিরতির পর জাতীয় দলের অনুশীলনে ফেরার আগে খেলোয়াড়দের ম্যাচ খেলার ধারাবাহিকতা ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছেন কোচিং স্টাফ।

আগামী কয়েক মাসের পরিকল্পনা নিয়ে ডুলি সবিস্তারেই তুলে ধরেছেন, ‘আমরা কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় খুঁজে বের করার চেষ্টা করছি। পাশাপাশি, তাদের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য যেসব বিষয়ে শেখা ও উন্নতি করা প্রয়োজন, সেসব নিয়ে সেশন তৈরি করছি। প্রতিটি খেলোয়াড়ের আলাদা মূল্যায়ন করা হচ্ছে। সেই মূল্যায়নের ভিত্তিতে তাদের ব্যক্তিগত প্রশিক্ষণ সেশন তৈরি করা হচ্ছে, যাতে প্রত্যেক খেলোয়াড় বুঝতে পারে, কোন কোন জায়গায় তার আরও কাজ করা প্রয়োজন।’

মার্চের প্রস্তুতিতে প্রবাসী ফুটবলারদেরও যুক্ত করতে চান ডুলি। তাঁদের নিয়ে আলাদা ক্যাম্প করার পরিকল্পনা আছে তাঁর। তবে ঘরোয়া ফুটবলের সূচি ও প্রস্তুতির সময় বিবেচনায় জানুয়ারিতে সেই ক্যাম্প আয়োজন করতে চান না বাংলাদেশ কোচ। এ প্রসঙ্গে ডুলির বক্তব্য, ‘প্রবাসী ফুটবলারদের নিয়ে অবশ্যই ক্যাম্প করব। সেটা নিয়ে আমার পরিকল্পনা আছে। তবে তা জানুয়ারিতে করব না।’

মার্চে এশিয়ান অঞ্চলের ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক পর্বের প্লে-অফ খেলতে হবে দলকে। আগামী ১৫ ডিসেম্বর হবে বাছাইয়ের ড্র। এশিয়ান র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২৬ দলের বাইরে থাকায় সরাসরি মূল বাছাইপর্বে জায়গা পায়নি বাংলাদেশ। মূল পর্বে উঠতে হলে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্লে-অফে জিততে হবে। এই লড়াইয়ে হামজা চৌধুরীকে পাওয়ার আশাও করছে বাংলাদেশ। মার্চে তাঁর উপস্থিতি দলের শক্তি বাড়াতে পারে। গত বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে মালদ্বীপকে হারিয়ে মূল বাছাইপর্বে উঠেছিল বাংলাদেশ; এবারও একই পথ পাড়ি দিতে হবে।

এরপর আগামী বছরের জুন উইন্ডোতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বের খেলা সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা। তার আগে সাফের সূচি ও ভেন্যু ফেব্রুয়ারি-মার্চে চূড়ান্ত হতে পারে। ফলে মার্চের প্লে-অফকে সামনে রেখেই আপাতত জাতীয় দলের পরিকল্পনা সাজাতে চান ডুলি।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: জাতীয় ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ