ট্যুরিজম ডেস্কঃ
১৪ নভেম্বর। খুব ভোরেই ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার কারণ কেবল নতুন একটি দিনের সূচনা নয়, মনের মধ্যে তখন চন্দ্রনাথ পাহাড়ে আরোহণের এক অজানা উত্তেজনা, রোমাঞ্চ ও কৌতূহল কাজ করছিল। বহুদিনের আকাঙ্ক্ষার সেই পাহাড়কে আজ খুব কাছ থেকে দেখব, তার দুর্গম পথ পাড়ি দিয়ে পৌঁছে যাব চূড়ায় অবস্থিত পবিত্র চন্দ্রনাথ ধামে। ভাবতেই মনে এক অন্যরকম শিহরণ জাগছিল। আমরা চারজনই দ্রুত স্নান সেরে হোটেলের ডাইনিংয়ে গেলাম। সকালের নাশতা হোটেলের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা থাকায় ম্যানেজারকে নাশতা প্যাকেট করে দেওয়ার অনুরোধ করলাম। এরই ফাঁকে হোটেল হান্ডি রেস্টুরেন্ট ও মহামায়া রিসোর্টের কয়েকটি ছবি তুলে নিলাম স্মৃতির অ্যালবামে রাখার জন্য। তারপর গাড়ি ছুটল সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশে।
পাহাড়ের পাদদেশে পৌঁছে গাড়িতে বসেই সকালের নাশতা সেরে নিলাম। চারজনই তখন অভিযানের জন্য প্রস্তুত। সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজে মোড়ানো চন্দ্রনাথ পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ১৫৫ ফুট উচ্চতায় মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধামে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় দুর্গম পাহাড়ি পথ, খাড়া ঢাল আর অসংখ্য পাথুরে সিঁড়ি। দূর থেকে তার সৌন্দর্য যতটা মনোমুগ্ধকর, কাছে এসে মনে হলো তার বুকের ভেতর লুকিয়ে আছে এক দুর্ভেদ্য অভিযানের হাতছানি।
পাহাড়ের পাদদেশে সারি সারি ছোট দোকান। কোথাও পানীয় জল, কোথাও হালকা খাবার, কোথাও আবার পাহাড়ে ওঠার জন্য লাঠি ভাড়া দেওয়া হচ্ছে। আমরা চারজন চারটি লাঠি নিলাম। প্রতিটি লাঠির ভাড়া ২০ টাকা, সঙ্গে ৩০ টাকা জামানত। অর্থাৎ একটি লাঠির জন্য মোট ৫০ টাকা দিতে হলো। তখনো বুঝিনি, এই সাধারণ লাঠিগুলোই কিছুক্ষণের মধ্যে আমাদের পাহাড়জয়ের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে। এখন মনে হয়, এমন দুর্গম পাহাড়ে লাঠি ছাড়া ওঠার কথা ভাবাই কঠিন।
অবশেষে শুরু হলো আমাদের চন্দ্রনাথ অভিযান। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য ২টা রাস্তা আছে। ডানদিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি আর বামদিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ বামদিকের পথ দিয়ে ওঠা সহজ আর ডানদিকের সিঁড়ির পথ দিয়ে নামা সহজ, আমরা বামদিকের রাস্তায় ট্রেকিং শুরু করলাম। প্রথমে কিছুটা পাকা রাস্তা থাকলেও অল্প দূরেই বদলে গেল পথের চেহারা। কোথাও কাঁচা মাটির ঢাল, কোথাও পাথুরে পথ, কোথাও ভাঙাচোরা সিঁড়ি, আবার কোথাও পাহাড়ের গা বেয়ে উঠে গেছে সরু ও খাড়া চলার পথ। কোনো কোনো জায়গায় পথ বলতে কেবল মানুষের পায়ের চাপে তৈরি হওয়া একটি আঁকাবাঁকা রেখা। একদিকে পাহাড়ের উঁচু দেওয়াল, অন্যদিকে গভীর খাদ। পা ফেলার জায়গা খুঁজে নিতে হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। সামান্য অসাবধানতাও বিপদের কারণ হতে পারে। লাঠিতে ভর দিয়ে, কখনো পাথর আঁকড়ে, কখনো গাছের শেকড় ধরে এগোতে হচ্ছে। শরীরের ওপর চাপ বাড়ছে, শ্বাসপ্রশ্বাস দ্রুত হচ্ছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। অথচ চোখের সামনে পাহাড়ের অপার সৌন্দর্য আমাদের বারবার নতুন করে সাহস জোগাচ্ছে। আনন্দের পাশাপাশি এক ধরনের অজানা ভয়ও কাজ করছিল। মনে হচ্ছিল, প্রকৃতির এই বিশালতার সামনে মানুষ কত অসহায়, অথচ তার সৌন্দর্যের টানেই মানুষ কত দুর্গম পথ পাড়ি দিতে প্রস্তুত!
প্রায় ১১৫৫ ফুট উচ্চতার এই পাহাড়ের প্রতিটি বাঁক যেন নতুন পরীক্ষা। আমাদের চারজনের মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব। কেবল আমার বেয়াইনের বয়স অপেক্ষাকৃত কম এবং গড়ন বেশ হালকা-পাতলা। পাহাড়ে অসংখ্য মানুষের ভিড়ে আমাদের বয়সী কাউকে চোখে পড়ল না। বরিশাল বিএম কলেজের ৭০-৮০ জন শিক্ষার্থীর একটি দলও পাহাড় জয়ে এসেছে। তাদের অনেকেই আমাদের দেখে বিস্ময় প্রকাশ করে বলছিল, তারা নিজেরাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছে। অথচ আমাদের বেশ স্বাচ্ছন্দ্যে এগোতে দেখে অবাক হচ্ছেন। তাদের কথায় আমাদের মনোবল আরও বেড়ে গেল। মনে পড়ে গেল নজরুলের অদম্য সাহসের সেই আহ্বান, ‘দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!’ কবির এই পঙ্ক্তি যেন আমাদের পাহাড় জয়ের প্রেরণা হয়ে উঠল। পথের মাঝে কোথাও সামান্য সমতলে দাঁড়িয়ে দম নিচ্ছি, কোথাও সংকীর্ণ পথ ধরে সতর্ক পায়ে এগোচ্ছি। পাহাড়ের ঢালে স্থানীয়দের তৈরি ছোট ছোট টংঘরে চা, বিস্কুট, পানি ও হালকা খাবার বিক্রি হচ্ছে। তবে দুর্গম পথের কারণে এসবের দাম বেশ চড়া। তৃষ্ণা মেটাতে পানির প্রয়োজনীয়তা তখন ভালোভাবেই উপলব্ধি করলাম। একটি ভাঙাচোরা বাঁশের বেঞ্চিতে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। চারদিকে সবুজ পাহাড়, দূরের উপত্যকা আর ক্রমেই ছোট হয়ে আসা জনপদ। প্রকৃতির এমন মনোরম দৃশ্য ক্লান্তির মধ্যেও মনে প্রশান্তি এনে দিলো। বিশ্রাম শেষে আবার শুরু হলো আমাদের পাহাড় জয়।
প্রায় এক ঘণ্টার দুর্গম পথ পেরিয়ে আমরা পৌঁছালাম বিরূপাক্ষ মন্দিরে। পাহাড়ের নির্জন পরিবেশে মন্দিরটির উপস্থিতি যেন এক ভিন্ন আবহ তৈরি করেছে। মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। চারপাশে পাহাড়ের সবুজ বিস্তার, দূরের উপত্যকা আর দিগন্তজুড়ে বঙ্গোপসাগরের নীল জলরাশি এক অপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। এই সৌন্দর্য স্মৃতিতে ধরে রাখতে আমার স্ত্রী ছবি তোলার জন্য পাহাড়ের কিনারার দিকে এগিয়ে গেলেন। নিচে গভীর খাদ দেখে আমি তাকে সতর্ক করতেই তিনি হাসিমুখে আমার দিকে এগিয়ে এসে আশ্বস্ত করলেন, চিন্তার কিছু নেই। তার নির্ভীক ভঙ্গিতে একদিকে যেমন বিস্মিত হলাম, অন্যদিকে স্বস্তিও পেলাম। প্রকৃতির এই অপরূপ রূপে মুহূর্তের জন্য পাহাড় জয়ের ক্লান্তি ভুলে গেলাম। মনে হলো, চন্দ্রনাথ পাহাড় কেবল একটি পর্যটনকেন্দ্র নয়; এটি ধর্মীয় বিশ্বাস, ইতিহাস ও প্রকৃতির এক অনন্য মিলনভূমি। বিরূপাক্ষ মন্দিরের স্নিগ্ধ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম। সামনে আরও খাড়া পথ, আর আমাদের লক্ষ্য পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির।
বিরূপাক্ষ মন্দির থেকে আবার হাঁটা শুরু করতেই বুঝলাম, সামনের পথও বেশ কঠিন। বিশ্রাম নিয়েও শরীরের ক্লান্তি পুরোপুরি কাটেনি। কখনো পাথুরে পথ, কখনো খাড়া সিঁড়ি, আবার কখনো পাহাড়ের ঢাল বেয়ে সাবধানে এগোতে হচ্ছে। প্রতিটি ধাপেই মনে হচ্ছে, আর কতটা পথ বাকি! আবার পরক্ষণেই মনে হচ্ছে, এতটা যখন এসেছি, শেষ পর্যন্ত না পৌঁছে ফিরে যাব কেন? সঙ্গীদের মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু কারও মনোবল ভেঙে পড়েনি। একে অন্যকে উৎসাহ দিয়ে, হাসি ঠাট্টা আর সামান্য ভয়কে সঙ্গী করে এগিয়ে চললাম। প্রায় আরও ৩০ থেকে ৩৫ মিনিটের কঠিন পথ পাড়ি দেওয়ার পর অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, চন্দ্রনাথ মন্দিরে। দীর্ঘ আরোহণের পর মন্দিরের চূড়ায় দাঁড়িয়ে মনে হলো, যেন এক অসাধারণ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটল।
চন্দ্রনাথ ধামের ধর্মীয় মাহাত্ম্য ও ঐতিহাসিক পরিচয় অত্যন্ত সমৃদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির মহাদেবের আরাধনার জন্য বিশেষভাবে পরিচিত। চন্দ্রনাথ ও চন্দ্রশেখর উভয়ই শিবের নাম। ফলে একই তীর্থভূমিতে দেবী ভবানীর শক্তি-উপাসনা ও মহাদেবের শৈব আরাধনার এক অপূর্ব সমন্বয় ঘটেছে। এই ধর্মীয় ঐতিহ্য, পৌরাণিক বিশ্বাস ও দীর্ঘদিনের তীর্থযাত্রার ধারাই চন্দ্রনাথ পাহাড়কে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। প্রাচীন রাজমালা গ্রন্থের বিবরণে প্রায় ১২০৪ খ্রিষ্টাব্দে গৌড়ের রাজা বিশ্বম্ভর শূরের চন্দ্রনাথ মন্দির দর্শনের প্রচেষ্টার উল্লেখ পাওয়া যায়। ত্রিপুরার শিবভক্ত রাজা ধন্য মাণিক্যের সঙ্গেও এই মন্দিরের ঐতিহাসিক সম্পর্কের কথা প্রচলিত রয়েছে।
এসব ঐতিহাসিক বিবরণ ও ধর্মীয় জনশ্রুতি মিলিয়ে চন্দ্রনাথ ধাম কেবল একটি মন্দির নয়, বরং শতাব্দীপ্রাচীন বিশ্বাস, সাধনা ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ স্মারক। পাহাড়ের চূড়ায় সীমিত জায়গার মধ্যে নির্মিত মন্দির, পূজার স্থান, প্রবেশপথ ও আশপাশের ধর্মীয় স্থাপনাগুলো মিলে গড়ে উঠেছে এক স্বতন্ত্র তীর্থপরিসর। দীর্ঘদিনের ভক্তসমাগমে এখানকার সিঁড়ি ও চলার পথ ক্ষয়ে গেলেও বিভিন্ন সময়ে ভক্ত, দাতা ও স্থানীয় উদ্যোগে মন্দির ও যাতায়াতের পথ সংস্কার করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে শিবচতুর্দশী উপলক্ষে এখানে বসে ঐতিহ্যবাহী মেলা। দেশ-বিদেশের অসংখ্য পুণ্যার্থী, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীদের সমাগমে পাহাড়জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার ও মেলার এই ধারাই চন্দ্রনাথ ধামের ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে চলেছে।
কিছুক্ষণ মন্দিরে অবস্থান করে পূজার পরিবেশ ও স্থাপনা ঘুরে দেখলাম। চারজন মিলে বেশ কিছু ছবি তুললাম। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আনন্দ তখন আমাদের চোখেমুখে। মনে হচ্ছিল, দীর্ঘ পথের সব ক্লান্তি যেন এই কয়েক মুহূর্তের মধ্যেই সার্থক হয়ে উঠেছে। তবে পাহাড়ের চূড়ায় পৌঁছানোই শেষ কথা নয়, নিরাপদে নিচে ফিরে আসাও সমান গুরুত্বপূর্ণ। তাই কিছু সময় পর নামার প্রস্তুতি নিলাম। মনে একদিকে পাহাড় জয়ের আনন্দ, অন্যদিকে নামার পথ নিয়ে অজানা শঙ্কা। কারণ ওঠার পথেই যে দুর্গমতা অনুভব করেছি, নামার সময় সেই পথ আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে, তা সহজেই অনুমেয়।
নামার জন্য ভিন্ন পথ। শুরুতেই চোখে পড়ল পুরোনো, ভাঙাচোরা ও অত্যন্ত খাড়া সিঁড়ি। কোনো সিঁড়ির ধাপ অনেক উঁচু, কোনোটি অসমান, কোথাও আবার পাথর ভেঙে গিয়ে পায়ের জন্য সামান্য জায়গা অবশিষ্ট রয়েছে। সিঁড়িগুলোর বয়স ও দীর্ঘদিনের ব্যবহারের চিহ্ন স্পষ্ট। একেকটি ধাপে পা রাখার আগে কয়েকবার ভেবে নিতে হচ্ছে। ওপরে ওঠার সময় শরীরের শক্তি খরচ হয়েছে, আর নামার সময় প্রয়োজন হচ্ছে বাড়তি সতর্কতা ও ভারসাম্য। সামান্য পা পিছলে গেলেই বিপদ ঘটতে পারে। কোনো কোনো জায়গায় নিচের দিকে তাকালে বুকের ভেতর কেমন যেন ধক করে উঠছিল। মনে হচ্ছিল, পাহাড় যেন এবার আমাদের সাহসের শেষ পরীক্ষাটি নিচ্ছে।
রবীন্দ্রনাথের আরেকটি পঙ্ক্তি মনে পড়ে গেল, ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।’ সত্যিই এই দুর্গম পথে ভয়কে জয় করেই সামনে এগোতে হচ্ছিল। কোথাও থেমে একটু দম নিচ্ছি, কোথাও সঙ্গীদের সতর্ক করছি, আবার কোথাও একে অন্যকে হাত বাড়িয়ে সহযোগিতা করছি। নিচের দিকে যত এগোচ্ছি, ততই পাহাড়ের খাড়া ঢাল ও পুরোনো সিঁড়ির ভয়াবহতা স্পষ্ট হচ্ছে। পথের এই অংশে হাসি ঠাট্টার অবকাশ প্রায় নেই। প্রতিটি পদক্ষেপ হিসাব করে ফেলতে হচ্ছে। পাহাড়ের সৌন্দর্য তখনো মুগ্ধ করছিল, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে ছিল রোমাঞ্চকর শিহরণ। মনে হচ্ছিল, চূড়ায় ওঠার চেয়ে নিরাপদে নিচে নামাটাই বুঝি বড় চ্যালেঞ্জ।
অবশেষে প্রায় ৪০ মিনিটের সতর্ক ও রোমাঞ্চকর অবতরণের পর আমরা পাহাড়ের পাদদেশে ফিরে এলাম। স্বস্তির নিঃশ্বাস ফেললাম সবাই। শরীর ক্লান্ত, পা অবসন্ন, পোশাক ঘামে ভেজা, অথচ মনের ভেতর এক অনির্বচনীয় আনন্দ। চারজনের মুখেই তখন তৃপ্তির হাসি। এতটা দুর্গম পথ অতিক্রম করে আবার নিরাপদে ফিরে আসতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি। পাহাড়ে ওঠার সময় যে ভয়, কষ্ট ও শারীরিক পরিশ্রম অনুভব করেছি, নিচে নেমে তার সবকিছু যেন আনন্দের স্মৃতিতে রূপ নিলো। মনে হলো, জীবনের কিছু আনন্দ কষ্টের পথ পেরিয়েই অর্জন করতে হয়। কাজী নজরুল ইসলামের সেই অমর পঙ্ক্তি মনে অনুরণিত হলো, ‘বল বীর, চির উন্নত মম শির!’ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির বিশালতা অনুভব করার পাশাপাশি নিজের সামর্থ্যকে নতুন করে আবিষ্কার করার আনন্দও যেন আমাদের প্রাপ্তির ঝুলিতে যুক্ত চন্দ্রনাথ ধাম থেকে ফেরার পথে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম। দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দিরটিকে মনে হচ্ছিল ছোট্ট একটি খেলনাঘর। পাহাড়ের বিশালতার মাঝে মন্দিরটির এমন ক্ষুদ্র অবয়ব এক মায়াময় দৃশ্যের সৃষ্টি করেছিল।
পাহাড় জয়ের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা হৃদয়ে ধারণ করে এবার আমাদের গাড়ি ছুটল মহামায়া রিসোর্টের পথে। শরীর ক্লান্ত হলেও মন তখন পরিপূর্ণ প্রশান্তিতে ভরা। মনে হচ্ছিল, চন্দ্রনাথ পাহাড়ের সেই সবুজ চূড়া, দুর্গম পথ আর মন্দিরের পবিত্র পরিবেশ যেন এখনো আমাদের চোখের সামনে ভাসছে। জীবনের ব্যস্ততার মাঝে এমন কিছু ভ্রমণ মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়ায় এবং স্মৃতির ভান্ডারকে সমৃদ্ধ করে। চন্দ্রনাথ ধামে আমাদের এই যাত্রা তাই নিছক পাহাড় ভ্রমণ নয়; এটি ছিল সাহস, বিশ্বাস, প্রকৃতিপ্রেম ও আত্মতৃপ্তির এক অবিস্মরণীয় অধ্যায়।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
