সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
লাইফস্টাইল

৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!

৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

পরনে কুমিল্লার খাদির লাল-সাদা শাড়ি, গায়ে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। পিঠে বৃত্তাকার এক শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যের গল্প। এভাবেই মিস ইউনিভার্সের মঞ্চে মা, মাতৃত্ব ও মাতৃভূমিকে উদ্‌যাপন করলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন তিনি।

গতকালই জানা গিয়েছিল, মাতৃত্বকে উপজীব্য করে সাজানো হয়েছে মাহির জাতীয় পোশাক। বাঙালি নারীর একান্ত আপন পোশাক লাল-সাদা শাড়ি পরে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে এলেন মাহি। তাঁর সাজপোশাকে যেন উঠে এল বাংলাদেশেরই এক টুকরা প্রতিচ্ছবি।

কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প

মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মাতৃত্বের ভাবনা থেকে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটিও তৈরি করেছেন বিশ্বজিৎ ও তাঁর দল।

বিশ্বজিৎ বলেন, ‘শাড়িটি খুবই কম সময়ে ডিজাইন করা। মাত্র তিন দিন সময় পেয়েছিলাম। এর মধ্যে দুই দিন থিম ভেবে আগে মাতৃত্ব উদ্‌যাপনের ওই বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করি, যেটি আজ মাহি তাঁর পিঠে বহন করেছেন। আর শাড়ি তৈরি করেছি মাত্র এক দিনে।’

মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক মঞ্চে গোটা জাতির সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার সুযোগ থাকে। সেই ভাবনা থেকেই মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন বিশ্বজিৎ।

তাঁর মতে, আমরা আমাদের জন্মভূমিকেও মা বলে সম্বোধন করি। তাই মা ও মাতৃভূমিকে একই সূত্রে গেঁথেছেন তিনি। মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মে তুলে ধরা হয়েছে এক নারীর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প।

মাহির শাড়ির নকশা প্রসঙ্গে বিশ্বজিৎ জানান, মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি হয়েছে শাড়িটি। মঞ্চে হাঁটাচলায় যাতে অসুবিধা না হয় এবং সহজেই পরা যায়, সে জন্য শাড়িটি আগে থেকেই সেলাই করে পরার উপযোগী (রেডি টু ওয়্যার) করে তৈরি করা হয়েছে। শাড়ির পাড়ে কলকার আদলে শাপলা ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডারির মাধ্যমে। এ ছাড়া শাড়িতে আছে ব্লকপ্রিন্টের কাজ।

সাবেকি গয়নায় বাংলার মায়েদের সাজ

শাড়ির সঙ্গে মাহি পরেছিলেন সোনালি গয়না। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই সোনার গয়না পরার ঐতিহ্য আছে। তবে মাহির গয়নার নকশায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলার সাবেকি অলংকার।

গয়নাগুলোর নকশা করেছেন গয়নার ব্র্যান্ড ক্যানভাসের স্বত্বাধিকারী ও ডিজাইনার তন্বী কবির। তিনিও সময় পেয়েছিলেন মাত্র সাত দিন। এই সময়ের মধ্যে নয়জন কারিগর সম্মিলিতভাবে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো।

তন্বী বলেন, ‘আমাদের জনপদের মায়েরা একসময় যে সাবেকি অলংকারে নিজেদের সাজাতেন—সীতাহার, কণ্ঠহার, বালা, কাঁটানা ঝুমকা—সেই চিরচেনা গয়নার নকশা, আভিজাত্য ও আবেগ থেকেই এসেছে এই সংগ্রহের অনুপ্রেরণা। এই সংগ্রহের প্রতিটি গয়নায় ফিরে দেখতে চেয়েছি আমাদের শিকড়, ঐতিহ্য এবং মায়েদের সাজে মিশে থাকা আবেগ।’

প্রতিটি গয়না অত্যন্ত সূক্ষ্মতা ও নিপুণতার সঙ্গে হাতে তৈরি করেছেন কারিগরেরা। বাংলার সাবেকি গয়নার ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি এই সংগ্রহের মধ্য দিয়ে দেশীয় কারিগর ও শিল্পীদের দক্ষতা, শিল্পবোধ এবং হাতের কাজের উৎকর্ষও তুলে ধরতে চেয়েছেন তন্বী।

জাতীয় পোশাক নিয়ে পুয়ের্তো রিকোয় মিথিলা

শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তাঁর জাতীয় পোশাক ও সাজের প্রস্তুতির মূল দায়িত্ব সামলেছেন বান্ধবী ও ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।

পুয়ের্তো রিকো থেকে মাহি বলেন, ‘অন্য সবকিছুর মতো ন্যাশনাল কস্টিউম নিয়েও ভেবেছেন মিথিলা আপুই। তাঁর মতো একজন বন্ধু, বড় বোন পাওয়ার কারণে আমার এত কম সময়েও অনেকটা গুছিয়ে নিতে পেরেছি।’

জাতীয় পোশাক নিয়ে এক দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছান মিথিলা। বাংলাদেশেই তৈরি করা হয়েছিল সাজপোশাকের সব অনুষঙ্গ। বহনের সুবিধার্থে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করা হয়েছিল নয়টি আলাদা অংশে। কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে তৈরি হয়েছে মাতৃত্বের গল্প তুলে ধরা এই শিল্পকর্ম।

দেশীয় খাদি, শাপলার নকশা, সাবেকি অলংকার ও মাতৃত্বের গল্প মিলিয়ে মাহির জাতীয় পোশাক হয়ে উঠেছিল বাংলার সংস্কৃতি, কারুশিল্প ও আবেগের এক সম্মিলিত উপস্থাপনা।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: লাইফস্টাইল দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ