সোমবার, 23 নভেম্বর 2026 · 19:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিশ্ব বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট আফিয়া সিদ্দিকা এবং ইসলামের প্রকৃত দর্শন। · কলাপাড়ায় সাশ্রয়ী বাজার কার্যক্রম শুরু, প্রথম দিনেই সুবিধা পেলেন ২৫০ কার্ডধারী! · জনপ্রিয় স্পট ছেড়ে অফবিট গন্তব্যে পর্যটকেরা, বাড়ছে অ্যাডভেঞ্চার ও লম্বা ছুটির ঝোঁক! · তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার! · ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল! · দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ! · নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে মিমি? আলোচনায় অভিনেত্রী ও তাঁর ক্যারিয়ার! · দক্ষিণ কোরিয়ার দেগুতে ৩২ বাংলাদেশিকে ই-পাসপোর্ট সেবা দিল দূতাবাস!
লাইফস্টাইল

নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে মিমি? আলোচনায় অভিনেত্রী ও তাঁর ক্যারিয়ার!

নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে মিমি? আলোচনায় অভিনেত্রী ও তাঁর ক্যারিয়ার!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

মিমি চক্রবর্তী ছোট পর্দা থেকে বড় পর্দায় প্রতিষ্ঠা পেয়েছেন, বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতেও। রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়েও কম আলোচনা হয়নি। এবার নতুন করে আলোচনায় মিমির বিয়ের খবর।

অডিশন দিতে গিয়ে অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ছিলেন মিমি চক্রবর্তী। হঠাৎ সেখানে এসে হাজির হলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। মিমিকে দেখে ভেতরে ডেকে নিলেন। চোখে একটু কাজল, গায়ে পাটভাঙা শাড়ি। তারপরই নাকি বলে উঠেছিলেন, ‘আমার পুপেকে পেয়ে গেছি।’

সেই পুপে চরিত্র দিয়েই শুরু হয়েছিল মিমির অভিনয়জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এই নভেম্বরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। চলুন, ফিরে দেখা যাক তাঁর অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনের আলোচিত কিছু ঘটনা।

১. জলপাইগুড়ি থেকে কলকাতায়

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী। কলকাতায় আসার পর প্রথম দিকে তাঁর বাংলা বলায় কিছুটা জড়তা ছিল বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। তখন পশ্চিমা ধাঁচের পোশাকেই বেশি স্বচ্ছন্দ ছিলেন। কলকাতায় এসে টুকটাক মডেলিং শুরু করেন। সেখান থেকেই ধীরে ধীরে বিনোদনজগতে পা রাখেন।


২. অডিশনের লাইনে দাঁড়িয়েই ঋতুপর্ণের নজরে

একদিন মিমি জানতে পারেন, স্টার জলসার একটি ধারাবাহিকের জন্য ঋতুপর্ণ ঘোষের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশন নেওয়া হবে। বিশেষ কোনো প্রত্যাশা ছাড়াই সেখানে হাজির হন তিনি। গিয়ে দেখেন, বাড়ির বাইরে দীর্ঘ লাইন।

এর মধ্যেই একটি গাড়ি এসে থামে মূল ফটকের কাছে। গাড়ি থেকে নামেন ঋতুপর্ণ ঘোষ। মিমিকে দেখে কিছু না বলেই ভেতরে ডেকে নেন। এরপর চোখে একটু কাজল লাগিয়ে তাঁর গায়ে ধরেন একটি পাটভাঙা শাড়ি। মিমির স্মৃতিচারণা অনুযায়ী, তাঁকে দেখেই ঋতুপর্ণ বলেছিলেন, ‘আমার পুপেকে পেয়ে গেছি।’

৩. ‘গানের ওপারে’ দিয়ে ঘরে ঘরে পরিচিতি

২০১০ সালে স্টার জলসায় প্রচার শুরু হয় সংগীতনির্ভর ধারাবাহিক ‘গানের ওপারে’। এতে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন মিমি।

রবীন্দ্রসংগীতচর্চার পরিবেশে বেড়ে ওঠা পুপে একসময় পরিবারের চেনা গণ্ডির বাইরে নিজের পথ খুঁজতে শুরু করেন। রবীন্দ্রসংগীত, পারিবারিক মূল্যবোধ ও নতুন প্রজন্মের ভাবনার টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।

এই চরিত্রের সুবাদেই মিমি চক্রবর্তী হয়ে ওঠেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ।

৪. ‘বোঝে না সে বোঝে না’ এনে দেয় বড় সাফল্য

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। একই বছর মুক্তি পাওয়া রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ তাঁকে চলচ্চিত্রের দর্শকের কাছে আরও পরিচিত করে তোলে।

এরপর ‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। রোমান্টিক চরিত্রের পাশাপাশি ভিন্নধর্মী গল্পেও নিজেকে তুলে ধরেছেন তিনি।

৫. রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম

‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় কাজের সূত্রে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির ঘনিষ্ঠতা বাড়ে। একসময় তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় সাড়ে চার বছর স্থায়ী হয়েছিল সম্পর্কটি। বিভিন্ন সাক্ষাৎকারে রাজকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে উল্লেখ করেছেন মিমি। অভিনয়জীবনে তাঁকে পথ দেখানো একজন হিসেবেও রাজের কথা বলেছেন। তবে শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি।

৬. তুরস্কের গুঞ্জন ও বিচ্ছেদ

২০১৭ সালে ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন মিমি। মিমির বক্তব্য অনুযায়ী, তুরস্কে শুটিং করতে যাওয়ার পর তাঁকে ঘিরে অন্য একটি সম্পর্কের গুঞ্জন ছড়ায়।

রাজ সেই গুঞ্জন বিশ্বাস করেছিলেন। মিমি জানান, তিনি দেশে ফেরার অপেক্ষা না করেই রাজ সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পেছনে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছিলেন মিমি।

৭. তুরস্কের এক নারীকে ঘিরে প্রেমের গুঞ্জন

২০১৬ সালে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিং হয়েছিল তুরস্কে। সে সময় সেখানকার লাইন প্রডিউসার মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে মিমির পরিচয় হয়। পরে তাঁদের সম্পর্ক নিয়ে ভারতীয় বিনোদনমাধ্যমে নানা গুঞ্জন ছড়ায়।

অভিনেত্রী নুসরাত জাহানের তুরস্কে আয়োজিত বিয়ের অনুষ্ঠানেও মিলির সঙ্গে মিমিকে নাচতে দেখা যায় বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে এসব গুঞ্জনকে সত্য বলে স্বীকার করেননি মিমি। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ছড়ানো জল্পনাকে গুঞ্জন হিসেবেই দেখার কথা বলেছেন।

৮. বিচ্ছেদের পর কাজে মনোযোগ

রাজের সঙ্গে বিচ্ছেদের পর অভিনয়ে আরও বেশি মনোযোগ দেন মিমি। রোমান্টিক চরিত্রের বাইরে থ্রিলার ও সামাজিক গল্পনির্ভর সিনেমায়ও কাজ করেন। ‘ড্রাকুলা স্যার’ ও ‘মিনি’র মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকের সামনে ভিন্ন ধরনের চরিত্র তুলে ধরে।

অভিনয়ের পাশাপাশি গানেও আগ্রহ আছে মিমির। নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান গেয়ে মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। বাংলাদেশের সিনেমা ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেও আলোচনায় এসেছেন।

৯. এবার বিয়ের খবরে আলোচনা

চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সামনে তাঁর আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ আছে বলে খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যেই ভারতীয় বিনোদনমাধ্যমে এসেছে তাঁর বিয়ের খবর।

সংবাদমাধ্যমগুলোর দাবি, নভেম্বরের শেষেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। পরিবারের মধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। তবে বিয়ের বিষয়ে মিমি নিজে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

১০. ভাইরাল বিয়ের কার্ডে তিন পোষ্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির বিয়ের কার্ড বলে দাবি করা একটি কার্ডের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে বর-কনের ছবির পাশাপাশি তিনটি কুকুরের ছবিও দেখা যায়। এগুলো মিমির পোষ্য বলেই ধারণা করা হচ্ছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদনজগতের কেউ নন; ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলে খবর প্রকাশিত হয়েছে। তবে মিমির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে এসব তথ্য নিশ্চিত দাবি নয়।

১১. কলকাতা ও কালিম্পংয়ে বিয়ের আয়োজন?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা। এর আগে বাগ্‌দান ও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনার কথাও জানা গেছে।

তবে সবকিছুই এখন পর্যন্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর। মিমি নিজে বিয়ের দিনক্ষণ কিংবা হবু বরের পরিচয় নিশ্চিত না করা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: লাইফস্টাইল দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ