সোমবার, 23 নভেম্বর 2026 · 19:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিশ্ব বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট আফিয়া সিদ্দিকা এবং ইসলামের প্রকৃত দর্শন। · কলাপাড়ায় সাশ্রয়ী বাজার কার্যক্রম শুরু, প্রথম দিনেই সুবিধা পেলেন ২৫০ কার্ডধারী! · জনপ্রিয় স্পট ছেড়ে অফবিট গন্তব্যে পর্যটকেরা, বাড়ছে অ্যাডভেঞ্চার ও লম্বা ছুটির ঝোঁক! · তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার! · ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল! · দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ! · নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে মিমি? আলোচনায় অভিনেত্রী ও তাঁর ক্যারিয়ার! · দক্ষিণ কোরিয়ার দেগুতে ৩২ বাংলাদেশিকে ই-পাসপোর্ট সেবা দিল দূতাবাস!
স্বাস্থ্য ও চিকিৎসা

দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ!

দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ!

হেল্থ ডেস্ক|জনতার দেশঃ

অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) কারণে দেশে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এ সংকট মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে ইলেকট্রনিক প্রেসক্রিপশন ও ডিজিটাল নজরদারি চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সোমবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় এক কর্মশালায় এ তথ্য জানান। তিনি বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান ও সচেতনতা দিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও ডব্লিউএইচও যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করে।

প্রতিমন্ত্রী বলেন, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ই-প্রেসক্রিপশন চালু করা হবে। এতে চিকিৎসা ও ওষুধ ব্যবহারের তথ্য ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে দেশব্যাপী সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এর মাধ্যমে বিনামূল্যের ওষুধের অপচয় রোধ এবং সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমেও আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসায় কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে। কিন্তু অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকও এসব প্রটোকল সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমের ঘাটতি চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: স্বাস্থ্য ও চিকিৎসা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ