মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড! · ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা! · বিশ্ববিখ্যাত নিউরো সায়েন্টিস্ট ড.আফিয়া সিদ্দিকা ও তাঁর ইসলামি দর্শন! · কলাপাড়ায় সাশ্রয়ী বাজার কার্যক্রম শুরু, প্রথম দিনেই সুবিধা পেলেন ২৫০ কার্ডধারী! · জনপ্রিয় স্পট ছেড়ে অফবিট গন্তব্যে পর্যটকেরা, বাড়ছে অ্যাডভেঞ্চার ও লম্বা ছুটির ঝোঁক! · তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার! · ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল! · দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ!
প্রবাস বার্তা

ইঞ্জিন বিকল ও খাবার সংকটে ভূমধ্যসাগরে বিপর্যস্ত নৌযাত্রা: চোখের সামনে সহযাত্রীদের মৃ*ত্যু*র বর্ণনা!

ইঞ্জিন বিকল ও খাবার সংকটে ভূমধ্যসাগরে বিপর্যস্ত নৌযাত্রা: চোখের সামনে সহযাত্রীদের মৃ*ত্যু*র বর্ণনা!

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

প্রচণ্ড ঢেউ, বিকল ইঞ্জিন, খাবার ও পানির সংকট। টানা আট দিনের বেশি সময় ভূমধ্যসাগরে ভেসে থাকার সময় চোখের সামনে সহযাত্রীদের মৃত্যু দেখেছেন বাংলাদেশি অভিবাসী তুফায়েল আহমেদ ফাহিম।

তার অভিযোগ, নৌকার চালকেরা দুই বাংলাদেশি অভিবাসীকে সাগরে ফেলে দেন। ভয়াবহ সেই সমুদ্রযাত্রার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় তাকে।

গ্রিসের একটি ক্যাম্প থেকে ইনফোমাইগ্রেন্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ২৭ বছর বয়সী ফাহিম। তার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়েন তিনি। কুয়েত, সৌদি আরব ও মিশর হয়ে পৌঁছান লিবিয়ায়।

গত ৭ জুন লিবিয়ার তব্রুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে নৌকায় যাত্রা শুরু করেন ফাহিমসহ প্রায় ৪০ থেকে ৪৫ জন। কিন্তু যাত্রার দুই দিনের মাথায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর আট দিনের বেশি সময় সাগরে ভেসে থাকতে হয় তাদের।

ফাহিম জানান, নৌকায় খাবার ছিল মাত্র দুই দিনের। টানা পাঁচ থেকে ছয় দিন স্বাভাবিক পানি পান করতে পারেননি তিনি। তৃষ্ণা কমাতে সঙ্গে থাকা তেঁতুল অল্প অল্প করে খেতেন। ক্ষুধার তীব্রতায় একটি খেজুরের বিচি সাত থেকে আট দিন মুখে রেখেছিলেন। মৃত্যুর আশঙ্কায় পকেটে একটি কাঠবাদামও রেখে দিয়েছিলেন শেষ খাবার হিসেবে। পরে মানসিকভাবে বিপর্যস্ত সহযাত্রী অভিকে সেটি দিয়ে দেন।

ফাহিমের অভিযোগ, নৌকার দুই সুদানি চালক তার এলাকার অভি ও বকুল রিসিকে সাগরে ফেলে দেন। প্রথমবার অভিকে পানিতে ফেলার পর তিনি নিজেই তাকে উদ্ধার করে নৌকায় তোলেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আবারও তাকে সাগরে ফেলে দেওয়া হয়। উত্তাল ঢেউয়ের মধ্যে অভি হারিয়ে যান।

এর আগে জিয়া নামের আরেক বাংলাদেশি যাত্রী ঢেউয়ের আঘাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। ফাহিমের দাবি, সমুদ্রযাত্রায় পাঁচজন মারা গেছেন।

তিনি জানান, যাত্রার সময় মিশরীয়দের সঙ্গে বাংলাদেশিদের বিরোধ তৈরি হয়েছিল। খাবার নিয়ন্ত্রণ ও নৌকার ওপরের দিকে অবস্থান নিয়ে বাংলাদেশিদের মারধর করা হতো। পর্যাপ্ত খাবারও দেওয়া হতো না বলে অভিযোগ করেন তিনি।

১৫ জুন ভূমধ্যসাগরে ফরাসি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাদের উদ্ধার করে। পরদিন ১৬ জুন গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বন্দরে নেওয়া হয় ৩৮ জনকে। তাদের মধ্যে ২৫ জন বাংলাদেশি, চারজন সুদানি ও নয়জন মিশরীয় ছিলেন বলে জানান ফাহিম।

গ্রিসের হেলেনিক কোস্ট গার্ডের ১৭ জুনের বিজ্ঞপ্তিতেও ৩৮ জন পুরুষ অভিবাসীকে উদ্ধারের তথ্য জানানো হয়। তাদের মধ্যে একজন অসুস্থ ব্যক্তিকে চানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।

ফাহিমের ভাষ্য, হাসপাতালে নেওয়া বাংলাদেশির নাম জাহাঙ্গির। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। উদ্ধারের পর সাত থেকে ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

উদ্ধারের পর ফাহিম ও অন্যদের প্রায় ১৫ দিন ক্রিটে রাখা হয়। পরে তাদের কোস দ্বীপে নেওয়া হয়। সেখানে আশ্রয়ের আবেদন দুইবার প্রত্যাখ্যাত হওয়ার পর তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

ফাহিমের অভিযোগ, সেখানে খাবারের মান ও চিকিৎসাসেবা নিয়ে সমস্যা রয়েছে। ব্যক্তিগত আইনজীবী নিয়োগের চেষ্টা করেও সফল হননি তিনি। একই নৌকায় থাকা ১২ থেকে ১৩ জন বাংলাদেশি এখনও একই ক্যাম্পে রয়েছেন বলে জানান।

ফাহিম জানান, ইউরোপে আসতে তার মোট ৩০ লাখ টাকা খরচ হয়েছে। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার, স্থানীয়ভাবে সুদে টাকা সংগ্রহ এবং বাবার রেখে যাওয়া জমি বিক্রি করে এই অর্থ জোগাড় করেন তিনি।

তার ভাষ্য, লিবিয়ায় মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের হাতেও পড়েছিলেন তিনি। সেখান থেকে মুক্তি পেতে বড় অঙ্কের টাকা দিতে হয়েছিল।

এখনও সমুদ্রযাত্রার ভয়াবহ স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। ফাহিম বলেন, চোখ বুজলে এখনও সমুদ্রের পানি দেখতে পান। সেই অভিজ্ঞতা মনে পড়লে তার পাগল পাগল লাগে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ