শুক্রবার, 20 নভেম্বর 2026 · 23:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ! · বিশ্ব বরেণ্য রুশ কবি ও ঔপন্যাসিক "লিও টলস্টয়" এবং তাঁর সাহিত্য কর্ম! · কোরআন-হাদিসের আলোকে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও জনপরিসরে স্থান করে দেওয়ার শিক্ষা ! · ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার! · পর্যটন ও এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতি: ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’! · গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ! · নারী ও মেয়েদের ক্যান্সার প্রতিরোধে জোর জোবাইদা রহমানের, রেডিওথেরাপি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ! · ১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৬৩: পুলিশ সদর দপ্তর!
প্রবাস বার্তা

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৫ বাংলাদেশিসহ ৬০ যাত্রীর মধ্যে বেঁচে ফিরলেন শুধু মাসুম, ৫৯ জন নিখোঁজ !

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৫ বাংলাদেশিসহ ৬০ যাত্রীর মধ্যে বেঁচে ফিরলেন শুধু মাসুম, ৫৯ জন নিখোঁজ !
প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিলেন ৬০ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি এবং পাঁচজন সুদানের নাগরিক। সুদানি পাঁচজনের মধ্যে একজন নারীও ছিলেন। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে উত্তাল সাগরে ডুবে যায় তাদের বহনকারী বাতাসে ফোলানো রাবারের নৌকা।

প্রাণে বেঁচে গ্রিসের একটি দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়েছেন শুধু বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুরের যুবক মাসুম মিয়া। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাকি ৫৯ জন সাগরে নিখোঁজ রয়েছেন।

গত ৩১ অক্টোবর মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। মাসুম মিয়া জানান, নৌকায় মোট ৬০ জন ছিলেন। তাদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি এবং পাঁচজন সুদানি। এর মধ্যে একজন নারী ছিলেন। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন। কিন্তু মাঝসমুদ্রে তাদের সেই স্বপ্ন পরিণত হয় ভয়াবহ বিপর্যয়ে।

মাসুমের ভাষ্য অনুযায়ী, ৩ নভেম্বর গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি পৌঁছালে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান।

নৌকাডুবির পর প্রাণ বাঁচাতে যাত্রীরা আপ্রাণ চেষ্টা করেন। কেউ নৌকার অংশবিশেষ, কেউ রশি ধরে সাগরে ভেসে থাকার চেষ্টা করেন। কিন্তু উত্তাল ঢেউয়ের মধ্যে একে একে অনেকে তলিয়ে যান।

মাসুম জানান, নিজের চোখের সামনে কয়েকজনকে সাগরে ডুবে যেতে দেখেছেন তিনি। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সাগরের ঢেউ তাকে একটি দ্বীপের কাছে নিয়ে যায়।

পরদিন ভোরে দ্বীপে পৌঁছে আশপাশে মানুষের সন্ধান করতে থাকেন তিনি। একপর্যায়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটার পর একটি বাড়িতে পৌঁছান। সেখানকার লোকজন তাকে খাবার ও পোশাক দেন। পরে তাকে গ্রিসের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন মাসুম।

গ্রিসের কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রা উপকূলের কাছে ক্রিসি দ্বীপে ২৩ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর দুপুরের দিকে ৫৯ জনসহ মোট ৬০ জন যাত্রী নিয়ে তাদের নৌকাটি ডুবে যায়।

খবর পাওয়ার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে গ্রিসের যৌথ উদ্ধার সমন্বয় কেন্দ্র। অভিযানে কোস্টগার্ডের দুটি টহল জাহাজ, আশপাশে চলাচলকারী জাহাজ এবং ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ অংশ নেয়। তবে নিখোঁজ অন্য যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানায় গ্রিক কর্তৃপক্ষ।

গ্রিক সংবাদমাধ্যম কাথিমেরিনি'র ৫ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের বক্তব্যের ভিত্তিতে ৫৯ জন নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসে। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়ে।

এদিকে ৭ নভেম্বর ক্রিসি দ্বীপের একটি সৈকতে এক ব্যক্তির মরদেহ দেখতে পাওয়ার খবর প্রকাশ করে গ্রিসের একাধিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমগুলো জানায়, মরদেহটি উদ্ধার করার চেষ্টা করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। মরদেহটির সঙ্গে ৩ নভেম্বরের নৌকাডুবির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নৌকাডুবির পর থেকে নিখোঁজদের স্বজনেরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাদের কেউ পরিবারের শেষ সম্বল বিক্রি করে, কেউ ধারদেনা করে ইউরোপে যাওয়ার জন্য দালালদের হাতে বিপুল অর্থ তুলে দিয়েছিলেন। কিন্তু উন্নত জীবনের আশায় শুরু করা সেই যাত্রা এখন তাদের পরিবারের জন্য এক অনিশ্চিত অপেক্ষায় পরিণত হয়েছে।

৩১ অক্টোবর লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করছেন তাদের স্বজনেরা। ফেসবুকে নিখোঁজ ব্যক্তিদের ছবি ও পরিচয় দিয়ে পোস্ট করে তাদের সন্ধান চাওয়া হচ্ছে। প্রিয়জনের ফিরে আসার আশায় একের পর এক পোস্ট দিচ্ছেন তারা। তবে এখনো নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি স্বজনেরা।

নিখোঁজদের মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয়জনের পরিচয় ও তাদের পরিবারের উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। স্বজনেরা এখনো তাদের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন। কারও পরিবারের সদস্য হাসপাতালে, কেউ আবার স্বজনের সন্ধান না পেয়ে দিশেহারা। এক নিখোঁজ যুবকের পিতা ছেলের নিখোঁজের খবর শুনে স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর বিপজ্জনক প্রবণতা নতুন নয়। মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে প্রতি বছর বহু মানুষ এমন ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় অংশ নিচ্ছেন। কেউ গন্তব্যে পৌঁছে গ্রিসের বিভিন্ন আটক কেন্দ্রে বন্দিজীবন পার করছেন, কেউ মানবপাচারকারীদের নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছেন, আবার কারও শেষ ঠিকানা হচ্ছে ভূমধ্যসাগর।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ