সাহিত্য ডেস্ক|দৈনিক জনতার দেশঃ
বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও দার্শনিক লিও তলস্তয়ের ১১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২০ নভেম্বর। ‘ওয়ার অ্যান্ড পিস’ ও ‘আনা কারেনিনা’র মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা এই রুশ সাহিত্যিক তার লেখনীতে তুলে ধরেছেন মানুষের জীবন, সমাজ, যুদ্ধ, প্রেম, নৈতিকতা ও মানবিকতার নানা দিক।
১৮২৮ সালের ৯ সেপ্টেম্বর রাশিয়ার তুলা প্রদেশের ইয়াসনায়া পলিয়ানায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন লেভ নিকোলায়েভিচ তলস্তয়, যিনি বিশ্বজুড়ে লিও তলস্তয় নামে পরিচিত। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর আত্মীয়দের কাছে বড় হন তিনি। কাজান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও শেষ পর্যন্ত ডিগ্রি অর্জন করেননি।
সাহিত্যজগতে তলস্তয়ের যাত্রা শুরু হয় আত্মজীবনীমূলক রচনা ‘চাইল্ডহুড’ প্রকাশের মধ্য দিয়ে।
১৮৫২ সালে প্রকাশিত এই রচনাটি তাকে সাহিত্যিক হিসেবে পরিচিতি এনে দেয়। পরে ‘বয়হুড’ ও ‘ইয়ুথ’ প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে নিজের অবস্থান আরো দৃঢ় করেন।
তার সবচেয়ে আলোচিত সৃষ্টি ‘ওয়ার অ্যান্ড পিস’। ১৮৬৫ থেকে ১৮৬৯ সালের মধ্যে প্রকাশিত এই উপন্যাসে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময়কার যুদ্ধ, রাজনীতি, পরিবার ও সমাজজীবনের বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে।
বিশাল পরিসর, অসংখ্য চরিত্র এবং ইতিহাসের সঙ্গে ব্যক্তিমানুষের জীবনের সংযোগ উপন্যাসটিকে বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রচনায় পরিণত করেছে।
এরপর ১৮৭৫ থেকে ১৮৭৭ সালের মধ্যে প্রকাশিত হয় ‘আনা কারেনিনা’। প্রেম, দাম্পত্য, সামাজিক রীতিনীতি ও ব্যক্তিমানুষের দ্বন্দ্ব নিয়ে লেখা উপন্যাসটি আজও বিশ্বজুড়ে পাঠক ও সাহিত্যসমালোচকদের কাছে সমানভাবে সমাদৃত। এ ছাড়া তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘দ্য ডেথ অব ইভান ইলিচ’, ‘দ্য ক্রয়েটজার সোনাটা’ ও ‘হাজি মুরাদ’।
শুধু কথাসাহিত্যিক হিসেবেই নয়, চিন্তাবিদ হিসেবেও তলস্তয়ের প্রভাব ছিল ব্যাপক।
তথ্য ও ছবিঃ
# সংগৃহিত।
