গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। আগামী ২২ নভেম্বর রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, ১৭ নভেম্বর জারি করা আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সেই ধারাবাহিকতায় সর্বশেষ এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
