হেল্থ ডেস্ক|জনতার দেশঃ
ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জোবাইদা রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ১১তম বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেস-২০২৬ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের বৈষম্য রয়েছে উল্লেখ করে জোবাইদা রহমান বলেন, ‘ক্যান্সার চিকিৎসায় কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। শহর ও গ্রামের সব নারীর জন্য স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে পড়ুয়া ও বিদ্যালয়ের বাইরে থাকা সব মেয়েকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘সময়মতো চিকিৎসা রোগের পরিণতি বদলে দিতে পারে। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সাফল্য পরিমাপ করতে হবে কতজন মেয়েকে টিকা দেওয়া হলো, কতজন নারী স্ক্রিনিংয়ের আওতায় এলেন, কতজনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলো এবং কতজন সময়মতো চিকিৎসা পেলেন, এসব বিবেচনায়। পাশাপাশি কতটি পরিবার অসহনীয় চিকিৎসা ব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেল, তাও সাফল্যের মাপকাঠি।’
অনুষ্ঠান প্রসঙ্গে জোবাইদা রহমান বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। তিনি মনে করেন, প্রত্যেক মেয়ে ও নারীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে ক্যান্সার মোকাবিলায় আরও অগ্রগতি সম্ভব।
৮টি রেডিওথেরাপি যন্ত্র কিনবে সরকার
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। রেডিওথেরাপি চিকিৎসার সক্ষমতা বাড়াতে শিগগিরই আরও আটটি যন্ত্র কেনা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে রোগীদের বাড়ির কাছাকাছি উন্নত চিকিৎসা পৌঁছে দিতে চায় সরকার।’
তিনি বলেন, ‘ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তর গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে এ বছর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নতি করতে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব চিকিৎসকের সহযোগিতা প্রয়োজন। দেশের অধিকাংশ মানুষ গ্রাম ও উপজেলা পর্যায়ে বসবাস করছে। কিন্তু চিকিৎসকদের বড় অংশ ঢাকা ও কয়েকটি বড় শহরে কর্মরত। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।’
সম্মেলনের তাৎপর্য তুলে ধরে অনকোলজি ক্লাব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. এ এম এম শরিফুল আলম বলেন, ‘গত এক দশকেরও বেশি সময় ধরে অনকোলজি ক্লাব দেশের ক্যান্সার চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। এবারের সম্মেলনে বিশ্বের ১১টি দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।’
কংগ্রেসের বৈজ্ঞানিক সেশন সম্পর্কে বৈজ্ঞানিক কমিটির সদস্য সচিব ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, ‘সম্মেলনে ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ও আধুনিক রেডিয়েশন প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে। জটিল ক্যান্সার রোগীদের বহুমুখী চিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় এক হাজার ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিচ্ছেন।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
