মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 17:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
রক্তরোগ ও ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা: চীনের বিশেষায়িত হাসপাতালে আধুনিক সেল থেরাপি! · কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার! · দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন! · চোখ ফেরানো যাচ্ছে না! পুরোনো হলিউডের নায়িকার রূপ ধরে হাজির হলেন সাবিলা নূর! · রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস! · মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি! · জামালপুরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন নিরুপায় মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড! · রাজধানীর বিমানবন্দর ও উত্তরায় ককটেল বিস্ফোরণ, পথচারীসহ আহত ৩!
স্বাস্থ্য সেবা পরিস্থিতি।

রক্তরোগ ও ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা: চীনের বিশেষায়িত হাসপাতালে আধুনিক সেল থেরাপি!

রক্তরোগ ও ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা: চীনের বিশেষায়িত হাসপাতালে আধুনিক সেল থেরাপি!

হেল্থ ডেস্ক|জনতার দেশঃ

রক্তের ক্যান্সারসহ জটিল রক্তরোগের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করছে চীন। বিশেষ করে দেশটির একাধিক বিশেষায়িত হাসপাতাল হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন (এইচএসসিটি) প্রয়োগের সক্ষমতা অর্জন করেছে।

রক্তের ক্যান্সার, অস্থিমজ্জার অকার্যকারিতাজনিত রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া এবং শিশুদের বিরল রক্তরোগের চিকিৎসায় আধুনিক সেলভিত্তিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। রোগীর পেরিফেরাল রক্ত, অস্থিমজ্জা (বোন ম্যারো) বা নাভির রক্ত (আমবিলিক্যাল কর্ড ব্লাড) থেকে হেমাটোপয়েটিক কোষ সংগ্রহ করে বিশেষায়িত ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত করা হয়। পরে প্রয়োজন অনুযায়ী ফের তা রোগীর শরীরে প্রবেশ করানো হয়।

চীনের গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতাল তেমনই একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই হাসপাতালের হেমাটোলজি বিভাগ প্রতিবছর প্রায় ৩০০টি হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপন করে।

জটিল রক্তরোগের চিকিৎসায় হাসপাতালটি কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এইচএসসিটি ও জিন থেরাপির এক সমন্বিত পদ্ধতি ব্যবহার করে। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি তিনটি ক্যাম্পাসে বিস্তৃত, যেখানে প্রায় তিন হাজার শয্যা রয়েছে এবং বার্ষিক প্রায় ৩০ লাখ রোগী চিকিৎসা সেবা নেন। আধুনিক চিকিৎসা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক রোগীদের জন্য এখানে বিশেষায়িত সুবিধাও গড়ে তোলা হয়েছে।

গত ২৫ অক্টোবর বাংলাদেশের ৩৯ সদস্যের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের একটি প্রতিনিধি দল হাসপাতালটির নানশা ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা হেমাটোলজি, রিহ্যাবিলিটেশন, ট্র্যাডিশনাল চায়নিজ মেডিসিন (টিসিএম) বিভাগ, ইন্টারন্যাশনাল মেডিকেল সার্ভিস সেন্টারসহ বিভিন্ন বিশেষায়িত সেবা ইউনিট ঘুরে দেখেন। তারা আধুনিক চিকিৎসা প্রযুক্তি, হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপন সম্পর্কে বিস্তারিত জানেন। হেমাটোলজি বিভাগটি এই হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষায়িত বিভাগ। গত বছর বিভাগটি চীনে ‘জাতীয় ক্লিনিকাল স্পেশালটি কনস্ট্রাকশন প্রজেক্ট’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভয়াবহ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা এবং লিম্ফোমার মতো জটিল রোগের চিকিৎসায় তাদের অসাধারণ দক্ষতা রয়েছে। হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপনের পাশাপাশি এসব চিকিৎসায় কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও জিন থেরাপি ব্যবহার করা হয়। বিভাগটির চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ফু ইয়াংশুই এবং অধ্যাপক ওয়াং শুঞ্চিং। টিমের ২০ জন চিকিৎসকের উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। গুয়াংঝু ব্লাড সেন্টারের সঙ্গে যৌথভাবে এখানে ইনস্টিটিউট অব ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড হেমাটোলজি প্রতিষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ফু ইয়াংশুই বলেন, আগে স্টেম সেল প্রতিস্থাপনের ক্ষেত্রে শুধু পূর্ণাঙ্গভাবে মিলে যাওয়া নিকটাত্মীয়দেরই দাতা হিসেবে বিবেচনা করা হতো। তবে বর্তমানে মা-বাবা, সন্তান, ভাইবোনসহ অন্যান্য আত্মীয়ও দাতা হতে পারেন।

তিনি আরও জানান, আগে অ্যানেসথেশিয়া দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে অস্থিমজ্জা থেকে স্টেম সেল সংগ্রহ করা হতো। এখন বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে স্টেম সেলকে রক্তপ্রবাহে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সংগ্রহ করা হয়। এ পদ্ধতিতে শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না, অ্যানেসথেশিয়াও দিতে হয় না।

চীনে হেমাটোপয়েটিক স্টেম সেল (এইচএসসি) সংগ্রহের সবচেয়ে বড় পরিবর্তন হলো ঐতিহ্যবাহী বোন ম্যারো সংগ্রহের বদলে পেরিফেরাল ব্লাড স্টেম সেল (পিবিএসসি) সংগ্রহের দিকে রূপান্তর। অতীতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অবশ করে ইলিয়াক ক্রেস্ট থেকে অস্থিমজ্জা তরল সংগ্রহ করা হতো। বর্তমানে হেমাটোপয়েটিক স্টেম সেল মূলত পেরিফেরাল রক্তের মাধ্যমে সংগ্রহ করা হয়। প্রচলিত বোন ম্যারো সংগ্রহের চেয়ে শিরাগত পথ (ভেনাস অ্যাক্সেস) এবং স্বয়ংক্রিয় সেল সেপারেটরের মাধ্যমে পেরিফেরাল রক্ত সংগ্রহ করা হয়, যা কম ঝুঁকিপূর্ণ, দ্রুত সুস্থতা নিশ্চিত করে এবং ডোনারের জন্য অনেক বেশি সহনশীল। উন্নত স্টেম সেল মোবিলাইজেশন এবং স্বয়ংক্রিয় পৃথকীকরণ প্রযুক্তির কারণে এটি উচ্চ সংগ্রহ দক্ষতা এবং গুণগত মান বজায় রাখে।

এসব চিকিৎসায় সংক্রমণের ঝুঁকি কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য হাসপাতালে ‘গ্রেড-১০০ ল্যামিনার ফ্লো’ প্রযুক্তি সমৃদ্ধ বিশেষায়িত ট্রান্সপ্লান্টেশন ওয়ার্ড ও আইসোলেশন রুম রয়েছে। হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপনের আগে ও পরে নিবিড় পর্যবেক্ষণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিস্থাপন সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাওয়া এবং বার্ষিক প্রতিস্থাপনের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাওয়ার ফলে এই কেন্দ্রটি ফ্রান্স, বাংলাদেশ, থাইল্যান্ড, হংকং, চীন এবং অন্যান্য অঞ্চল থেকে রোগীদের আকৃষ্ট করছে– জটিল রক্তরোগের জন্য নিরাপদ ও দক্ষ ট্রান্সপ্লান্ট সেবা দিচ্ছে।

হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপনের পর মারাত্মক অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগীদের বেঁচে থাকার হার ৯০ শতাংশ। মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ একইউট লিউকেমিয়া রোগীদের ক্ষেত্রে পাঁচ বছর রোগমুক্ত থাকার হার ৭০ শতাংশেরও বেশি। প্রতিষ্ঠানটি আরও দাবি করে যে শিশুদের বিরল রক্তের ক্যান্সার জুভেনাইল মায়েলোমোনোসাইটিক লিউকেমিয়ার (জেএমএমএল) ক্ষেত্রে পাঁচ বছর বেঁচে থাকার হার ৯০ শতাংশেরও বেশি।

গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতাল কর্তৃপক্ষের মতে, হেমাটোপয়েটিক স্টেম সেল এবং সেলভিত্তিক থেরাপি নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসায় প্রয়োগ করা হয়। রক্তরোগ ছাড়াও জোড়ার ক্ষয় (জয়েন্ট ডিজেনারেশন), কার্টিলেজের ক্ষতি, লিভারের জটিলতা এবং স্ট্রোক-পরবর্তী শারীরিক পুনর্বাসনে এটি ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানটি হাঁটুর কার্টিলেজ ক্ষয় ও অস্টিওআর্থারাইটিসের জন্য সরাসরি সেলভিত্তিক থেরাপি প্রয়োগের কথা জানিয়েছে। তারা দাবি করেছে, এক মাসের মধ্যে কিছু রোগীর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ ছাড়া অ্যাকিউট লিভার ফেইলিউর এবং ইস্কেমিক স্ট্রোকের ফলে ক্ষতিগ্রস্ত টিস্যু পুনরুজ্জীবিত করতে হেমাটোপয়েটিক স্টেম সেল থেরাপির ব্যবহার নিয়েও কাজ চলছে।

আন্তর্জাতিক রোগীর চিকিৎসা সেবার জন্য হাসপাতালের নানশা ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টার’ গড়ে তোলা হয়েছে। বিদেশি রোগীদের জন্য আলাদা বহির্বিভাগ ও অন্তর্বিভাগ সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা, বহুভাষিক যোগাযোগ এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা বিলিং সুবিধা। বিদেশি রোগীদের আসা সহজ করতে মেডিকেল রেকর্ড আগে পর্যালোচনা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অফিসিয়াল আমন্ত্রণপত্র এবং ভিসা সহায়তা দেওয়া হয়।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: স্বাস্থ্য সেবা পরিস্থিতি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ