আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বেনগাজিতে সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেন ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার ভোরে হামলার পর জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর জাহাজটির অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে গেছে।
‘মেরকুরি’ নামে রুশ নৌবাহিনীর ওই করভেট (ফ্রিগেটের চেয়ে ছোট শ্রেণির যুদ্ধজাহাজ) রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ নিতে বেনগাজি বন্দরে ভিড়েছিল। এ হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় কর্মকর্তারা জানান, রুশ জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে অন্তত চারটি প্রতিহত করে ধ্বংস করা হয়। তবে দুটি ড্রোন যুদ্ধজাহাজে আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর বেনগাজি উপকূলে ‘অ্যাসকালন’ নামের রাশিয়াসংশ্লিষ্ট আরেকটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা হয়।
ধারণা করা হয়, ওই জাহাজটিতে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। লিবিয়ার নৌবাহিনী ওই জাহাজের নাবিকদের উদ্ধার করেছে। কয়েকজন নাবিক সামান্য আহত হয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল। তবে কত জন আহত হয়েছেন বা তাঁদের জাতীয়তা সম্পর্কে কিছুই জানানো হয়নি।
জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বেনগাজিসহ লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে। বাহিনীটির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর ও নৌঘাঁটির সব স্থাপনা নিরাপদ রয়েছে। তারা এ হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা। পাশাপাশি বলেছে, লিবিয়ার বন্দর বা জলসীমাকে আন্তর্জাতিক সংঘাত ছড়ানোর মঞ্চ হতে দেওয়া হবে না।
রুশ রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ বেনগাজি বন্দর
দক্ষিণ ইউক্রেন থেকে এক হাজার মাইলের বেশি দূরে ভূমধ্যসাগরে এই হামলা প্রায় পাঁচ বছর ধরে চলমান যুদ্ধের ভৌগোলিক বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।
পশ্চিম লিবিয়ার মিসরাতায় ইউক্রেনের বিশেষ বাহিনীর একটি ছোট দল অবস্থান করছে এবং গত এক বছরে রুশ জাহাজে ড্রোন হামলার সমন্বয় করেছে বলে ধারণা করা হয়। সিরিয়ায় ঘাঁটি হারানোর পর আফ্রিকায় রুশ ভাড়াটে বাহিনীকে রসদ জোগাতে বেনগাজি বন্দর ক্রেমলিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ইউক্রেনের হামলার মুখে ক্রিমিয়ার অধিকৃত সেভাস্তোপোল বন্দর অনিরাপদ হয়ে পড়ায় রুশ নৌবহরকে পূর্বাঞ্চলের নভোরোসিস্ক বন্দরে সরে যেতে হয়েছে।
বাল্টিক সাগরেও রুশ জাহাজে আগুন
বাল্টিক সাগরেও একটি রুশ পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। ‘স্পার্টা ২’ নামে ওই জাহাজে গত শনিবার ড্রোন হামলা চালানো হয়। রোববারও জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদগামী জাহাজটির আগুন নেভাতে ফিনল্যান্ড, রাশিয়া ও এস্তোনিয়ার জরুরি সেবা সংস্থাগুলো একযোগে কাজ করেছে।
ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, ইউক্রেন সম্ভবত এই হামলা চালিয়েছে। জাহাজটির ১৬ নাবিককে কাছের একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।