সোমবার, 23 নভেম্বর 2026 · 15:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক! · বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য! · তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে! · অ্যানফিল্ডে ইউনাইটেডের ৪-০ গোলে হার, শুরুতেই ধাক্কা খেলেন কোচ পচেত্তিনো ! · ইন্ট্রো (Intro) কী? ইন্ট্রো হলো একটি সংবাদের সূচনা বা প্রথম অনুচ্ছেদ, যেখানে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হয়। · বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য! · ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৩ হাজার হেক্টর ফসল আক্রান্ত: ডিএই! · কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না শিক্ষা প্রতিমন্ত্রীর এমন বক্তব্য কতটা যুক্তিসংগত?
ক্রীড়াঙ্গন

তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে!

তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

ফিফা উইন্ডো নেই। তবু নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে। জানুয়ারির মাঝামাঝি তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে প্রস্তাব পেয়েছে বাফুফে। শনিবার জাতীয় দল কমিটির সভায় বিষয়টি খতিয়ে দেখতে সাবেক এক ম্যানেজার ও কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল।

২০২৬ সালে আর ফিফা উইন্ডো নেই। পরবর্তী উইন্ডো ২০২৭ সালের ২২-৩০ মার্চ। বাংলাদেশ ফুটবল লিগ ২৭ নভেম্বর শুরু হয়ে প্রথম লেগ শেষ হবে ১৬ জুন। এরপর দলবদলের বিরতিতে ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে। তবে ফিফা উইন্ডোর বাইরে হামজা চৌধুরী, ফারহান ও শমিতদের ক্লাব থেকে ছাড় পাওয়ার সম্ভাবনা নেই। বিকল্প হিসাবে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনাও রয়েছে। তুরস্কের শীত, কিরগিজস্তানের সুযোগ-সুবিধা ও ঘরোয়া ফুটবলের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে বাফুফে।

তবে সভায় প্রীতি ম্যাচের চেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে সাফ ব্যর্থতা। কোচ টমাস ডুলিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ম্যানেজার, দলনেতা ও সমন্বয়কারীর মধ্যে সমন্বয়হীনতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সদস্যরা। পরিস্থিতির সমাধান না হওয়ায় তাবিথকেও কড়া প্রশ্নের মুখে ফেলেন এক সদস্য।

আসিয়ান কাপের পর সাফেও দলনেতা ছিলেন বাফুফে সদস্য ইকবাল হোসেন। ক্যাম্পে অনিয়মিত থাকার পাশাপাশি প্রথম দুই ম্যাচেও ছিলেন না। সেমিফাইনালে আবার দলের সঙ্গে যোগ দেন। শুক্রবার ম্যানেজার বাবুর সঙ্গে হামজার দুই হাত ধরে নামাজে নিয়ে যাওয়ার দৃশ্যও সমালোচিত হয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পাওয়া সাদ উদ্দিনের যথাযথ খোঁজখবর না রাখার অভিযোগও উঠেছে। দায় নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন সাধারণ সম্পাদক ও জাতীয় দলসংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা।

ডুলির ঘন ঘন সাক্ষাৎকার এবং ইকবালের মন্তব্য আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন তুলেছে। সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে আচরণবিধির রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আসিয়ান কাপে নয় গোল হজম, নাইট ক্লাব বিতর্কের তদন্ত এবং কর্মকর্তাদের প্রতিবেদন না দেওয়ার বিষয়েও উত্তর মেলেনি। ডুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত পিছিয়েছে পরবর্তী সভায়। ফুটবলসংশ্লিষ্টদের একাংশের ধারণা, বিতর্ক সামাল দিতেই এই বিলম্ব। সাফের আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন তাবিথ। কিন্তু সেমিফাইনালেই বিদায়। শনিবার সভা শেষে নিজে সংবাদমাধ্যমের সামনে না এসে পাঠিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যানকে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: ক্রীড়াঙ্গন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ