সোমবার, 23 নভেম্বর 2026 · 15:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক! · বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য! · তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে! · অ্যানফিল্ডে ইউনাইটেডের ৪-০ গোলে হার, শুরুতেই ধাক্কা খেলেন কোচ পচেত্তিনো ! · ইন্ট্রো (Intro) কী? ইন্ট্রো হলো একটি সংবাদের সূচনা বা প্রথম অনুচ্ছেদ, যেখানে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হয়। · বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য! · ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৩ হাজার হেক্টর ফসল আক্রান্ত: ডিএই! · কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না শিক্ষা প্রতিমন্ত্রীর এমন বক্তব্য কতটা যুক্তিসংগত?
অর্থনীতি

বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য!

বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য!

বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চালের বাজার। বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশ ভারতে চালের রফতানি মূল্য গত অক্টোবরের শেষ দিকে দেড় বছরের মধ্যে সর্বোচ্চে ওঠে এবং তা এখনো ক্রমবর্ধমান।

শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা, সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বিকল্প পণ্যের চাহিদা বৃদ্ধি—সব মিলিয়ে বাড়ছে চাল, ডাল, রাবার ও চিনির দাম। এর প্রভাব পড়ছে বিশ্ববাজারেও। খবর নিক্কেই এশিয়া।

বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চালের বাজার। বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশ ভারতে চালের রফতানি মূল্য গত অক্টোবরের শেষ দিকে দেড় বছরের মধ্যে সর্বোচ্চে ওঠে এবং তা এখনো ক্রমবর্ধমান। প্রতিকূল আবহাওয়া ও কম বৃষ্টিপাতের কারণে দেশটির চাল উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বর্ষে ভারতে চাল উৎপাদনের পরিমাণ কমে দাঁড়াতে পারে ১৪ কোটি ৭০ লাখ টনে, আগের বছরের তুলনায় যা ৭০ লাখ টন কম। এ পূর্বাভাস বাস্তবায়ন হলে ২০০৯-১০ সালের পর দেশটিতে এবারই চাল উৎপাদনে সবচেয়ে বড় পতন হবে। ওই সময়ও এল নিনোর কারণে তীব্র খরা দেখা দিয়েছিল।

শুধু ভারত নয়, থাইল্যান্ড ও ভিয়েতনামেরও চালের রফতানি মূল্য গত সপ্তাহে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছায়। চাল আমদানিকারক দেশ ফিলিপাইনের বাড়তি কেনাকাটা এতে প্রভাবক হিসেবে কাজ করেছে। পাশাপাশি আগামী বছর থাইল্যান্ড ও ভিয়েতনামে খরা দেখা দিলে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কাও দাম বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে তুলনামূলক কম দামের কারণে ক্রেতারা ভারতীয় চালের দিকে ঝুঁকছেন।

ভারতে চালের পাশাপাশি দাম বাড়ছে ডালেরও। দেশটির সরকারি তথ্যানুযায়ী, ১২ নভেম্বর মটর ডালের দাম কেজিপ্রতি ১৩৫ রুপি ২১ পয়সায় পৌঁছায়। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ১৮ শতাংশ। একই সময়ে মাষকলাইয়ের দাম ১২ শতাংশ বেড়ে কেজিপ্রতি ১২৬ রুপি ৭১ পয়সা হয়। উৎপাদন কমার আশঙ্কার পাশাপাশি বিকল্প খাদ্যপণ্যের চাহিদা বাড়ায় এসব পণ্যের দামও এখন বাড়ছে।

প্রাকৃতিক রাবারের বাজারেও এল নিনোর প্রভাব পড়েছে। দুই সপ্তাহ আগে জাপানের ওসাকা এক্সচেঞ্জে রাবারের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে দাম কেজিপ্রতি ৪৪৫ ইয়েন ২ সেনে পৌঁছায়। দুই সপ্তাহের মধ্যে এটি ছিল সর্বোচ্চ দাম। গত অক্টোবরের মাঝামাঝি পণ্যটির দর ১৫ বছরের সর্বোচ্চ ৪৬৮ ইয়েন ২ সেনে পৌঁছেছিল।

বিশ্বের সবচেয়ে বড় রাবার উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে টানা ভারি বৃষ্টিতে গাছ থেকে রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতের কাজ ব্যাহত হচ্ছে। দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে খরা। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিরতায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে কৃত্রিম রাবারের দামও বেড়েছে। ফলে বিকল্প হিসেবে প্রাকৃতিক রাবারের চাহিদা বাড়ছে।

চিনির বাজারেও দেখা যাচ্ছে একই ধরনের প্রভাব। প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ও ভারতে উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) চিনির দাম বেড়ে প্রতি পাউন্ড ২১ ডলার ২৯ সেন্টে বেচাকেনা হয়। এটি প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।

বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে একই বছরে একাধিক প্রধান উৎপাদন অঞ্চলে ফসলহানি হতে পারে। এতে এক অঞ্চলের ঘাটতি অন্য অঞ্চল থেকে পূরণের সুযোগ কমে যাবে। মারুবেনি ইনস্টিটিউটের বিশ্লেষক এরিকো মিয়ামোরি বলেন, ‘এল নিনোর প্রভাব ভারত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। শীতকালে উত্তর গোলার্ধের উন্নত দেশগুলোয়ও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।
টপিক: অর্থনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ