ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
মাঝারি পর্যায়ের একটি বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেয়া হচ্ছে।’
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, কোন যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেয়া হয়েছে এবং সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করবে।
সম্পূরক প্রশ্নে হাসনাত বলেন, ‘গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এননট্যাক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে।’
তিনি অভিযোগ করেন, ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলোকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে।’
হাসনাত বলেন, ‘বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দেয়া হবে। এতে ব্যাংক খাতে সরকারের হস্তক্ষেপ থাকবে না।’
তিনি বলেন, ‘কিন্তু আমরা দেখলাম যে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রীয় জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যে সাউথইস্ট কোম্পানির বিরুদ্ধে ২০২৪ সালের পরে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ আছে।’
হাসনাত প্রশ্ন করেন, ‘মাঝারি পরিসরের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কোন যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাজর্জরিত প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের যোগ্যতা কী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করা হবে?
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কাজ করেছেন, তা বিবেচ্য নয়।’
অর্থমন্ত্রী বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে একটি প্যানেল রয়েছে। প্যানেলের মাধ্যমে সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত (সিভি) পর্যালোচনা করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার চায় যোগ্য ও দক্ষ ব্যক্তিরা ব্যাংকগুলোর দায়িত্ব নিন। শুধু এমডি নয়, পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়নি, ভবিষ্যতেও হবে না।’
অর্থমন্ত্রী আরো বলেন, ‘ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরে আসছে। অনেকে ধারণা করেছিলেন, ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নেবে। কিন্তু এখন উল্টো ঘটনা ঘটছে। ব্যাংক খাত ঘুরে দাঁড়াচ্ছে।’
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।