মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 16:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
চোখ ফেরানো যাচ্ছে না! পুরোনো হলিউডের নায়িকার রূপ ধরে হাজির হলেন সাবিলা নূর! · রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস! · মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি! · জামালপুরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন নিরুপায় মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড! · রাজধানীর বিমানবন্দর ও উত্তরায় ককটেল বিস্ফোরণ, পথচারীসহ আহত ৩! · মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ! · লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা: আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ এনসিপির! · এক দেখাতেই অদৃশ্য হবে ছবি-ভিডিও, হোয়াটসঅ্যাপের নতুন বেটা সংস্করণে মিলল ‘জ্যাপস’-এর সন্ধান !
অর্থনীতি

বন্ধ ও চালু চিনিকলে বিনিয়োগের আগ্রহ দেখাল জাপানি কোম্পানি মারুবেনি, বিএসএফআইসির সঙ্গে বৈঠক!

বন্ধ ও চালু চিনিকলে বিনিয়োগের আগ্রহ দেখাল জাপানি কোম্পানি মারুবেনি, বিএসএফআইসির সঙ্গে বৈঠক!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

দেশের চালু চিনিকল আধুনিকায়ন ও বন্ধ চিনিকলে নতুন উৎপাদনকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জাপানি কোম্পানি মারুবেনি করপোরেশন। প্রতিষ্ঠানটি দেশের কয়েকটি চিনিকলে আখ মাড়াইয়ের পাশাপাশি বিদ্যুৎ ও শিল্পে ব্যবহারযোগ্য অ্যালকোহল উৎপাদন করতে চায়।

বিনিয়োগের বিষয়ে মারুবেনি করপোরেশনের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। রাজধানীর মতিঝিলে বিএসএফআইসির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামসুজ্জামান সাংবাদিকদের জানান, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মারুবেনিকে লিখিত প্রস্তাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘বিনিয়োগসংক্রান্ত লিখিত প্রস্তাবনা দিলে আমরা এটা সক্রিয়ভাবে বিবেচনা করব।’

বৈঠকে উপস্থিত ছিলেন মারুবেনি করপোরেশনের ব্যবসা উন্নয়ন বিভাগের মহাপরিচালক তোমোইউকি কাকিউচি এবং বাংলাদেশে কোম্পানিটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা। এ ছাড়া বিএসএফআইসির পরিচালক আব্দুল আলীম খান ও তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।

দেশে বিএসএফআইসির অধীনে মোট ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ৬টি চিনিকল পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। বাকিগুলোর বেশির ভাগই ধুঁকে ধুঁকে চলছে। একসময় ১৫টি চিনিকলের মোট ২ লাখ ১০ হাজার টন চিনি উৎপাদন সক্ষমতা ছিল। ধীরে ধীরে সেটি কমেছে। ২০২৪–২৫ অর্থবছরে ৯টি চিনিকলে মাত্র ৪৬ হাজার টন চিনি উৎপাদিত হয়েছিল।

উৎপাদন কমায় সংস্থাটির লোকসান বেড়েছে। ২০২৪–২৫ অর্থবছরে বিএসএফআইসির মোট লোকসান হয়েছে ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকা। চালু ৯টি চিনিকলের মধ্যে শুধু কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড লাভ করেছে। ওই অর্থবছরে এ প্রতিষ্ঠান মুনাফা করেছিল ৯৭ কোটি ৮ লাখ টাকা।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে চিনির চাহিদা ২০ লাখ মেট্রিক টনের বেশি। এ চাহিদার প্রায় শতভাগই আমদানি করে মেটাতে হয়।

মারুবেনির পরিকল্পনায় যা আছে

বিএসএফআইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মারুবেনি করপোরেশন তার অঙ্গপ্রতিষ্ঠান মারুবেনি প্রোটেকস করপোরেশনের মাধ্যমে দেশের চিনিকলে বিনিয়োগ করতে চায়। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, মারুবেনি প্রোটেকস বিশ্বের বিভিন্ন দেশে শিল্পকারখানার যন্ত্রপাতি সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন কেন্দ্র নির্মাণকাজ করে থাকে।

বিএসএফআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, মারুবেনির প্রাথমিক পরিকল্পনায় দেশের পশ্চিমাঞ্চলে তিনটি আধুনিক চিনিকল স্থাপনের প্রস্তাব রয়েছে। তিন কারখানায় দিনে মোট ১৪ হাজার টন আখমাড়াইয়ের সক্ষমতা রাখার পাশাপাশি বিদ্যুৎ ও শিল্পে ব্যবহারযোগ্য অ্যালকোহল উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের।

বৈঠকের পরে আয়োজিত ব্রিফিংয়ে বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামসুজ্জামান জানান, তাঁদের অধীন থাকা চালু ও বন্ধ মিলিয়ে ১৫টি চিনিকলের সম্ভাবনা নিয়েই বৈঠকে কথা হয়েছে। তবে কোন চিনিকলে কী করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। মারুবেনি এখনো পরিষ্কার করেনি যে তারা সুনির্দিষ্টভাবে কী কী প্রস্তাব নিয়ে আসবে। এ উদ্যোগে মারুবেনির সঙ্গে রয়েছে থাইল্যান্ডের সুটেক ইঞ্জিনিয়ারিং।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চিনিকলে বিনিয়োগের জন্য বিএসএফআইসি এবং কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামকে নিয়ে যৌথ উদ্যোগ গঠনের কথা জানিয়েছে মারুবেনি। প্রাথমিকভাবে তারা দেশের পশ্চিমাঞ্চলের তিনটি স্থানে তিনটি চিনিকলে এ বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছে। তাদের প্রস্তাব অনুসারে, কারখানা আধুনিকায়ন হলে সেগুলোর মধ্যে দুটিতে দিনে চার হাজার টন করে আখ মাড়াই করা যাবে; আর তৃতীয়টির দৈনিক মাড়াই সক্ষমতা হবে ছয় হাজার টন। কারখানাগুলোতে অপরিশোধিত চিনি প্রক্রিয়াজাত করার ব্যবস্থাও রাখা হবে।

এ ছাড়া চিনি উৎপাদনের সময় আখের ছোবড়া জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ আছে বলে জানান মারুবেনির কর্মকর্তারা। এভাবে উৎপাদিত বিদ্যুৎ থেকে প্রায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যেতে পারে। এ ছাড়া মারুবেনির প্রস্তাবে কারখানায় উৎপাদিত অ্যালকোহল ওষুধ, প্রসাধনী ও রং তৈরির কাঁচামাল হিসেবে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

বিএসএফআইসির কর্মকর্তারা জানান, মারুবেনির প্রাথমিক প্রস্তাবে আখের ফলন ও আখ থেকে চিনি পাওয়ার হার বাড়াতে টিস্যু কালচার পরীক্ষাগার স্থাপন এবং আধুনিক চাষপদ্ধতি চালুর কথা রয়েছে। এ ছাড়া কারখানার শ্রমিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য ১০ শয্যার তিনটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁরা।

বন্ধ চিনিকল ইজারা নেওয়া বা সেখানে অন্য পণ্য উৎপাদনে দেশীয় শিল্পগোষ্ঠীরও আগ্রহ রয়েছে। এ ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র হবে কি না, তা জানতে চাইলে বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি এখনো দরপত্রের পর্যায়ে যায়নি। দেশীয় উদ্যোক্তাদের প্রস্তাবও বিবেচনায় রাখা হবে। আমাদের সবকিছুর মধ্যে কিন্তু প্রথম লক্ষ্য হচ্ছে, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করা।’

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: অর্থনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ