বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এফএওর সর্বশেষ ‘ফুড আউটলুক’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে চালের উৎপাদন আগের চার মৌসুমের মধ্যে প্রথমবারের মতো কমতে পারে। উৎপাদন কমে দাঁড়াতে পারে ৫৫ কোটি ২০ লাখ টনে, যা আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম।
এফএওর মতে, উৎপাদন খরচ বেড়ে যাওয়া, কৃষকদের লাভের পরিমাণ কমে আসা এবং এল নিনোর প্রভাবে প্রতিকূল আবহাওয়া চাল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আগের মৌসুমের জমে থাকা বড় মজুতের কারণে বিশ্বে চালের মোট মজুত রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে।
চিনির বাজারেও উদ্বেগের কারণ রয়েছে। এফএওর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে চিনির উৎপাদন কমে বৈশ্বিক চাহিদার নিচে নেমে যেতে পারে। ব্রাজিল, ভারত ও থাইল্যান্ডের উৎপাদন পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এর অন্যতম কারণ। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কয়েক মাস ধরে বাড়ছে।
অন্যদিকে ভোজ্যতেলের বাজারে চাহিদার চাপ বাড়ছে। ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে তেলবীজের উৎপাদন রেকর্ড পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা থাকলেও জৈব জ্বালানি তৈরিতে উদ্ভিজ্জ তেলের ব্যবহার বাড়ছে। ফলে উৎপাদন বাড়লেও ভোজ্যতেলের বৈশ্বিক মজুত আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
তবে সব খাদ্যপণ্যের পরিস্থিতি একই রকম নয়। গম ও ভুট্টার মতো শস্যের সরবরাহ তুলনামূলক স্বস্তিদায়ক থাকার পূর্বাভাস দিয়েছে এফএও। ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে শস্যের মজুত ১ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনে গমের মজুত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এফএও আরও জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে খাদ্য আমদানির মোট ব্যয় দাঁড়াতে পারে ২ লাখ ২৬ হাজার ৭০০ কোটি ডলার। আগের বছরের তুলনায় এই ব্যয় বাড়বে ১ দশমিক ৯ শতাংশ। তবে ২০২৫ সালে এই বৃদ্ধির হার ছিল প্রায় ৮ শতাংশ।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।