সোমবার, 23 নভেম্বর 2026 · 15:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক! · বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য! · তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে! · অ্যানফিল্ডে ইউনাইটেডের ৪-০ গোলে হার, শুরুতেই ধাক্কা খেলেন কোচ পচেত্তিনো ! · ইন্ট্রো (Intro) কী? ইন্ট্রো হলো একটি সংবাদের সূচনা বা প্রথম অনুচ্ছেদ, যেখানে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হয়। · বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য! · ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৩ হাজার হেক্টর ফসল আক্রান্ত: ডিএই! · কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না শিক্ষা প্রতিমন্ত্রীর এমন বক্তব্য কতটা যুক্তিসংগত?
শিক্ষা /সাহিত্য / সংস্কৃতি।

বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য!

বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য!

সাহিত্য ডেস্ক|জনতার দেশঃ

বাংলা ভাষাকে সুশৃঙ্খল, সুসংযত ও সর্বপ্রকার ভাব বহনের উপযোগী করে তোলার ক্ষেত্রে সংবাদপত্রগুলি বিশেষ ভূমিকা পালন করে। খ্রিস্টান মিশনারিদের দিগ্‌দর্শন, সমাচারদর্পণ থেকে আরম্ভ করে বিশ শতকের আনন্দবাজার পত্রিকা, যুগান্তর প্রভৃতি সংবাদপত্র বাংলা গদ্যকে মার্জিত, শ্রুতিমধুর, সুখপাঠ্য ও সহজবোধ্য করার কাজ নিপুণভাবে করেছে এবং এখনও করছে। গদ্যভাষার শক্তিসঞ্চারের কাজে সংবাদপত্রগুলির এই ভূমিকা নিতান্ত তুচ্ছ নয়। সংবাদপত্র প্রকাশের আগে মিশনারিরা বাইবেলের অনুবাদে ও খ্রিস্টধর্ম প্রচারের কাজে যে গদ্যভাষা ব্যবহার করতেন, তাতে সৌন্দর্য তো দূরের কথা, গুরুতর অন্বয়গত ত্রুটির জন্য বক্তব্যকে সুষ্ঠুভাবে প্রকাশের ক্ষমতাও ছিল না। গদ্যভাষার সেই আড়ষ্টতা কেটে যায় এবং ভাষার প্রবাহ স্বচ্ছ ও সাবলীল হয়ে ওঠে সংবাদপত্রের মাধ্যমে। সাংবাদিকেরাই প্রথম বাংলা গদ্যের ভিত্তি সুদৃঢ় করেন।

১৮১৮ সালে বাংলা ভাষায় সাময়িকপত্রের সূচনা। প্রথমে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় সংবাদ পরিবেশন ও ধর্মীয় বিতর্ক চলত। সমাজ সংস্কারের নানা প্রস্তাব এবং পরস্পরের প্রতি দোষারোপের জন্য গদ্যভাষাকে কিছুটা ঘষামাজা করে নিতে হত। মিশনারিদের সমাচারদর্পণ, রাজা রামমোহন রায়ের সম্বাদকৌমুদী ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সমাচার চন্দ্রিকা নানা মতবাদের ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে বিতর্কে জড়িয়ে পড়ে বাংলা গদ্যের প্রকাশভঙ্গিকে ক্রমশ উন্নত করে তোলে। ক্রমে এই সব পত্রপত্রিকায় জ্ঞানগর্ভ নিবন্ধ ও মৌলিক রচনা প্রকাশিত হতে থাকে। পশ্বাবলী, বঙ্গদূত, সংবাদ-তিমিরনাশক, জ্ঞানান্বেষণ, বিজ্ঞান সেবধি প্রভৃতি নানা শ্রেণির সাময়িকপত্র গদ্যানুশীলন করে বাংলা গদ্যের অন্তর্নিহিত শক্তির প্রমাণ তুলে ধরে। ক্রমে বিভিন্ন পত্রপত্রিকাকে কেন্দ্র করে সাহিত্যিকগোষ্ঠী গড়ে ওঠে এবং মৌলিক সাহিত্য রচনার অভিনব উপকরণে বাংলা গদ্যের ভাণ্ডার পূর্ণ হতে শুরু করে। ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রকাশের পরই সাহিত্যিকগোষ্ঠী গদ্যসাহিত্য রচনায় তৎপর হন। ১৮৩৯ সালে এটি প্রথম বাংলা দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এর সম্পাদক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত একাধারে সাহিত্যসেবী ও সাংবাদিক রূপে বাংলা গদ্যের সাহিত্যিক ঐতিহ্য সৃষ্টি করেন।

পত্রপত্রিকার মাধ্যমে বাংলা গদ্যের বিভিন্ন শৈলী ও বিষয়বস্তুর বিস্তার ঘটতে থাকে। গল্প-উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, তত্ত্বালোচনা ও সাহিত্য গবেষণার নানা দিক সাংবাদিকেরা তুলে ধরেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ পরিবেশনের পাশাপাশি রাজনৈতিক আলোচনা, সমাজ সংস্কার, সাহিত্যচর্চা ও শিক্ষাপ্রসারের মন দিয়েছিলেন। তাঁকে কেন্দ্র করে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো প্রতিভা সক্রিয় হতে পেরেছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত তত্ত্ববোধিনী পত্রিকা-কে কেন্দ্র করে বাংলা গদ্যের একটি গাম্ভীর্যপূর্ণ ভঙ্গি, যাকে সাধুভাষার ছাঁচ বলা যায়, তা গড়ে ওঠে। বিদ্যাসাগরও এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই পত্রিকার স্তম্ভ স্বরূপ ছিলেন অক্ষয়কুমার দত্ত। দার্শনিক চিন্তা ও বৈজ্ঞানিক মননশীলতা বাংলা গদ্যের মাধ্যমে প্রকাশ করে তত্ত্ববোধিনী পত্রিকা-য় অক্ষয়কুমার ও রাজনারায়ণ বসু বাংলা গদ্যকে শালীনতা ও সৌষ্ঠবে মণ্ডিত করেছিলেন। বাংলা চলিত রীতির গদ্যভাষার প্রবর্তন ও কথাসাহিত্য রচনায় বাংলা গদ্যের ব্যবহারকৌশল দেখিয়েছিলেন মাসিক পত্রিকা-র সম্পাদক প্যারীচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তিনি আলালের ঘরের দুলাল লিখে বাংলা গদ্যকে নতুন পথে চালিত করেন। বিদ্যোৎসাহিনী পত্রিকার সম্পাদক কালীপ্রসন্ন সিংহ হুতোম প্যাঁচার নক্সা লিখে বাংলা গদ্যের চলিত রীতির সাহিত্যিক উপযোগিতা প্রতিষ্ঠা করেন।

বাংলা গদ্যভাষা শৈল্পিক সুষমায় সমুজ্জ্বল হয়ে ওঠে বঙ্কিমচন্দ্রের বিস্ময়কর প্রতিভায়। বঙ্গদর্শন প্রতিষ্ঠা করে এবং সেই পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক সাহিত্যিকগোষ্ঠী নিয়ে বঙ্কিমচন্দ্র বাংলা গদ্যসাহিত্যকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যের স্তরে উন্নীত করে দিয়েছেন। বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসগুলি বঙ্গদর্শন-এ প্রকাশিত হয়। তাঁর অনুপ্রেরণায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রমুখ বাংলা গদ্যকে উন্নতির শীর্ষে তুলে ধরেন। সাধারণী, নবজীবন, প্রচার প্রভৃতি পত্রিকাতেও এই গোষ্ঠীর লেখকেরা গদ্যভাষাকে শিল্পিত রূপ প্রদানের কাজে নিযুক্ত থাকেন।

জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে কেন্দ্র করে কয়েকটি উৎকৃষ্ট সাময়িকপত্রের উদ্ভব ঘটেছিল। আত্মনিষ্ঠ রচনায় কাব্যগুণসম্পন্ন গদ্যরীতির উদ্ভাবনা এগুলিতেই। এগুলির মধ্যে সাধনা, ভারতী, বালক প্রভৃতি পত্রিকার নাম উল্লেখ করা যেতে পারে। আবার সঞ্জীবনী, বঙ্গবাসী, হিতবাদী, সাহিত্য ইত্যাদি পত্রিকা, রবীন্দ্রনাথের সম্পাদনায় নবপর্যায় বঙ্গদর্শন এবং আরও অনেক পত্রিকার দানও উল্লেখযোগ্য। সবশেষে প্রমথ চৌধুরী সবুজ পত্র প্রতিষ্ঠা করে চলিত গদ্যরীতির মাধ্যমে উচ্চতর মানসিকতা প্রকাশের পথ সুগম করে দিয়েছিলেন। বাংলা সাময়িকপত্র ও সংবাদপত্রের সুদীর্ঘ ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে যে, বাংলা গদ্যের ক্রমবিকাশের প্রত্যেকটি স্তরে পত্রপত্রিকা একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল।

তথ্যঃ

বিভিন্ন পত্র-পত্রিকা সাময়িকী থেকে সংগৃহিত।

ছবিঃ

# প্রতীকি চিত্র।



টপিক: শিক্ষা /সাহিত্য / সংস্কৃতি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ