স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বহির্গমন ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত গেট ব্যবহার করতে হবে।
একই সঙ্গে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপথে পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিও জোরদার করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আদেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য নির্ধারিত দুটি গেট ব্যবহার করতে হবে। গেট দুটি হলো - মাজার গেট এবং আউটার গেট (বার কাউন্সিল ভবন সংলগ্ন গেট)।
এছাড়া ন্যায় সরণি গেট দিয়ে একমুখী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ গেট দিয়ে শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বাইরে যাওয়া যাবে, প্রবেশ করা যাবে না। অন্যদিকে, প্রশাসনিক জামে মসজিদ সংলগ্ন গেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক বন্ধ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পরিচয়পত্র দেখতে চাইলে তা প্রদর্শন করতে হবে।
পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। প্রয়োজনে প্রাঙ্গণে প্রবেশ করতে আসা সবাইকে তল্লাশির আওতায় আনা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এ নিরাপত্তা নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
