সায়েন্স ডেস্কঃ
সূর্যের মতো তারারও একদিন মৃত্যু হবে। তবে বড় তারাগুলোর মতো সুপারনোভা বিস্ফোরণে নয়, বরং তুলনামূলক শান্তভাবে শেষ হবে তাদের জীবন। কিন্তু এই মৃত্যু পুরোপুরি নীরব নয়। মৃত্যুর আগে এসব তারার মধ্যেও ঘটে তীব্র পারমাণবিক বিস্ফোরণ।
সম্প্রতি প্রথমবারের মতো এমন একটি মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক সক্রিয়তার সরাসরি প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। উত্তর চিলিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ অ্যালমার (আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে) পর্যবেক্ষণে এ চিত্র ধরা পড়েছে।
বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম স্পেস ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) গবেষক রাঘবেন্দ্র সাহাই। তিনি বলেন, এতদিন বিজ্ঞানীরা তাত্ত্বিক মডেলের মাধ্যমে এমন ঘটনার ধারণা পেয়েছিলেন। এবার প্রথমবারের মতো গ্যাসের মধ্যে জমে থাকা একটি তারার শেষ পারমাণবিক হৃৎস্পন্দনের বাস্তব চিত্র পাওয়া গেছে।
সূর্যের মতো তারার মৃত্যু শুরু হয় যখন এর কেন্দ্রের হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে আসে। তখন কেন্দ্রে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরির পারমাণবিক ফিউশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এই ফিউশন প্রক্রিয়াই তারার শক্তির প্রধান উৎস। ফলে শক্তি উৎপাদন কমে গেলে মহাকর্ষের অভ্যন্তরীণ টান সামলানোর মতো চাপ আর থাকে না।
এ সময় তারার কেন্দ্র সংকুচিত হতে থাকে। একপর্যায়ে সেখানে তৈরি হয় শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ। অন্যদিকে, কেন্দ্রের বাইরের স্তরগুলো ফুলে উঠতে শুরু করে। এতে তারাটি বিশাল আকার ধারণ করে। এই অবস্থাকে বলা হয় লোহিত দানব বা রেড জায়ান্ট দশা।
পরবর্তী সময়ে তারার বাইরের স্তরগুলো শীতল হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। মাঝখানে থেকে যায় শ্বেত বামন। চারপাশে ছড়িয়ে পড়া গ্যাস ও ধূলিকণা মিলে তৈরি হয় প্ল্যানেটারি নেবুলা।
লোহিত দানব দশায় তারার ভেতরে মাঝেমধ্যে তীব্র পারমাণবিক সক্রিয়তা দেখা দেয়। এসব ঘটনাকে বলা হয় ‘থার্মাল পালস’ বা তাপীয় স্পন্দন। এ সময় তারার উপাদান বিস্ফোরণের মতো করে মহাকাশে ছিটকে বেরিয়ে আসে।
তারার জীবনের শেষ পর্যায় আরও ভালোভাবে বুঝতে গবেষকরা অ্যালমা টেলিস্কোপ দিয়ে একটি বিশেষ তারা পর্যবেক্ষণ করেন। এর নাম ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’। এটি মনোসেরস নক্ষত্রমণ্ডলে পৃথিবী থেকে প্রায় ১২ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত।
পর্যবেক্ষণে তারাটিকে ঘিরে গ্যাসের একটি বিশাল বলয় দেখা যায়। গবেষকদের ধারণা, এটি তারাটির সর্বশেষ তাপীয় পারমাণবিক বিস্ফোরণের অবশিষ্ট চিহ্ন। বলয়টি বালিঘড়ির মতো আকৃতির একটি গঠনরত প্ল্যানেটারি নেবুলাকে ঘিরে রয়েছে।
গবেষক সাহাই বলেন, সাধারণত আমরা তারাকে আকাশে আলোর স্থিরবিন্দু হিসেবে দেখি। কিন্তু এই পর্যবেক্ষণে তারার মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরা পড়েছে। একটি ফুলে ওঠা লোহিত দানব তারা কীভাবে উজ্জ্বল প্ল্যানেটারি নেবুলায় পরিণত হচ্ছে, তার চিত্র পাওয়া গেছে।
গবেষকদের হিসাব অনুযায়ী, তারাটির চারপাশে থাকা গ্যাসের খোলসটি প্রায় অর্ধেক আলোকবর্ষজুড়ে বিস্তৃত। প্রায় ৬ হাজার ৫০০ বছর আগে এই গ্যাস মহাকাশে ছড়িয়ে পড়েছিল।
গবেষকরা আরও জানতে পেরেছেন, ওই বিস্ফোরণের পর প্রায় ২ হাজার বছর ধরে তারাটি ধীরগতিতে ভর হারিয়েছে। এরপর পরবর্তী ১ হাজার বছরে ভর হারানোর গতি অনেক বেড়ে যায়।
তন্তুগুলোর সর্পিল আকৃতি থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, তারাটির আশপাশে কোনো সঙ্গী তারা থাকতে পারে। সেটি গ্যাসের প্রবাহে প্রভাব ফেলছে।
অন্যদিকে, তারাটির একেবারে কাছের বালিঘড়ি আকৃতির নেবুলাটি তৈরি হতে শুরু করেছে প্রায় ৭০০ বছর আগে। অর্থাৎ মহাজাগতিক সময়ের হিসাবে খুব সম্প্রতি তারাটির লোহিত দানব দশার অবসান হয়েছে।
অ্যালমার পর্যবেক্ষণে তারাটির চারপাশে আরও কিছু অপ্রত্যাশিত বৈশিষ্ট্য পাওয়া গেছে। গবেষকরা সেখানে কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেনের বিভিন্ন ভারী আইসোটোপের উপস্থিতি পেয়েছেন।
এই উপাদানগুলোর পরিমাণ প্রচলিত তাত্ত্বিক মডেলের সঙ্গে পুরোপুরি মেলে না। কারণ, সূর্যের মতো তারাগুলো কীভাবে বিভিন্ন মৌল তৈরি করে এবং সেগুলো মহাকাশে ছড়িয়ে দেয়, প্রচলিত মডেলে তার যে ব্যাখ্যা রয়েছে, পর্যবেক্ষণের ফল তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পর্যবেক্ষণে গবেষকরা এমন একটি বিষয়ও খুঁজে পাননি, যা তারা দেখতে চেয়েছিলেন। সেটি হলো তারাটির চারপাশে ধূলিকণার ঘন চাকতি।
এর আগে একই ধরনের মৃতপ্রায় তারার আশপাশে এমন চাকতি ও সঙ্গী তারার উপস্থিতি দেখা গেছে। বিজ্ঞানীদের ধারণা, সঙ্গী তারা মৃতপ্রায় মূল তারা থেকে গ্যাস ও অন্যান্য উপাদান টেনে নেয়। এ প্রক্রিয়ায় তৈরি হয় ধূলিকণার চাকতি।
এই প্রক্রিয়াকে ব্যবহার করেই বিজ্ঞানীরা বালিঘড়ি আকৃতির নেবুলা তৈরির ব্যাখ্যা দিয়ে আসছিলেন। কারণ, সঙ্গী তারার প্রভাবে তৈরি উচ্চগতির জেট বা পদার্থের প্রবাহ তারার চারপাশের গ্যাসকে বিশেষ আকৃতি দিতে পারে।
গবেষকদের ধারণা, তারাটির চারপাশে আগে এমন চাকতি থাকতে পারে। তবে সেটি খুব অল্প সময়ের জন্য টিকে ছিল। ওই সময় চাকতিটি থেকে উচ্চগতির জেটের সংক্ষিপ্ত বিস্ফোরণ তৈরি হয়। এর ফলে বালিঘড়ির মতো নেবুলার আকৃতি তৈরি হয়েছে। পরে চাকতিটি বিলীন হয়ে গেছে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ সংগৃহিত।
