ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
নদীভাঙন ঠেকাতে শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত তীর সংরক্ষণ বাঁধই এখন রক্ষা করতে পারছে না জনপদ। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলার প্রবল স্রোতে একের পর এক ধসে পড়ছে বাঁধের কংক্রিটের ব্লক। কোথাও সরে যাচ্ছে পাড়ের মাটি, কোথাও নদীতে বিলীন হচ্ছে সংরক্ষণকাজের অংশবিশেষ। এতে নদীতীরবর্তী অন্তত ৮০ থেকে ৮৫টি পরিবারের বসতবাড়িসহ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মাদরাসা ও স্থানীয় সামাজিক সংগঠনের স্থাপনা হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে। নদীর ক্রমাগত আগ্রাসনে বসতভিটা হারানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অস্তিত্ব সংকটে পড়তে পারে। অথচ শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের সুযোগ থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বড় ধরনের মেরামতকাজ শুরু হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর ভাঙন ঠেকাতে ২০২০ সালে ৩৩১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় বরিশাল নগরীর বেলতলা থেকে চরবাড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার নদীতীর জুড়ে ৪ লাখ ৭৫ হাজার জিও ব্যাগ এবং ১২ লাখ ২০ হাজার সিসি ব্লক স্থাপন করা হয়। পাশাপাশি নদীর নাব্যতা বজায় রাখার উদ্দেশ্যে চরবাড়িয়া পয়েন্টে প্রায় ছয় কিলোমিটার এলাকায় খননকাজও করা হয়।
২০২৩ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চরবাড়িয়া ইউনিয়নের ভাঙার পাড় এলাকায় নদীর তীর ঘিরে নতুন পরিবেশ তৈরি হয়। বিকেল কিংবা ছুটির দিনে নদীর সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাদের কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁ। একসময় এলাকাটি স্থানীয়ভাবে বিনোদনকেন্দ্র হিসেবেও পরিচিতি পায়। কিন্তু কয়েক বছরের ব্যবধানেই সেই তীররক্ষা অবকাঠামোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাকিব হাসান বলেন, গত বর্ষা মৌসুমে চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন খালের মুখ থেকে ভাঙন শুরু হয়। এরপর বটতলা থেকে শিকদার বাড়ি পর্যন্ত নদীতীরের বিভিন্ন স্থানে সংরক্ষণ ব্লক ধসে পড়ে। বর্ষার সময় ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হলেও নদীর গভীরতা ও স্রোতের কারণে তা কার্যকর হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় সংস্কারকাজ বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কিন্তু শুধু সতর্কবার্তা দিয়ে নদীভাঙনের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব না। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অন্তত ৮০ থেকে ৮৫টি পরিবারকে বসতভিটা হারানোর আশঙ্কায় পড়তে হবে।
চরবাড়িয়া এলাকা সরেজমিনে দেখা গেছে, ঝুঁকির তালিকায় রয়েছে চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিলয়ের স্থাপনা। এসব প্রতিষ্ঠান নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হলে শুধু অবকাঠামোগত ক্ষতিই হবে না, ব্যাহত হবে এলাকার শিক্ষা ও সামাজিক কার্যক্রমও। বিশেষ করে বিদ্যালয় ও মাদরাসা ক্ষতিগ্রস্ত হলে আশপাশের এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বেশ কিছুদিন ধরেই নদীর স্রোত বাড়ার সঙ্গে সঙ্গে চরবাড়িয়ার তীরবর্তী অংশে ভাঙনও তীব্র হচ্ছে। নদীর দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে পাড়ের মাটি। তীররক্ষার ব্লক সরে যাওয়ায় কোথাও কোথাও নদীর পানি সরাসরি মাটির অংশে আঘাত করছে। ফলে নতুন করে ভাঙনের আশঙ্কা বাড়ছে।
তাদের মতে, নদীভাঙনের ঝুঁকি শুধু কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। বসতবাড়ির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা কার্যক্রম এবং স্থানীয় সামাজিক সংগঠনের অবকাঠামোও একই ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। এতে স্থানীয় মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও শিক্ষাগত সংকটও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাইদুজ্জামান মেমন বলেন, শুকনো মৌসুমেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এই স্কুলসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই অচিরেই এই ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এলাকাবাসীর অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত তীর সংরক্ষণ প্রকল্পের স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক বছরের মধ্যেই গুরুত্বপূর্ণ অংশে ব্লক ধসে পড়ার ঘটনা কেন ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। নদীর স্রোত, গভীরতা, তলদেশের পরিবর্তন কিংবা তীর সংরক্ষণের নকশা ও নির্মাণকাজের কারিগরি বিষয়গুলোও বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা দরকার বলে মনে করছেন তারা।
স্থানীয় আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে। সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষায় কীর্তনখোলার স্রোত আরও বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয় বাসিন্দা রাইসুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত অংশের প্রকৃত অবস্থা নিরূপণ করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করতে হবে। শুধু অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে নদীর গভীরতা ও স্রোতের গতিপ্রকৃতি বিবেচনায় নিয়ে টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নদীভাঙন রোধে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও যদি কয়েক বছরের মধ্যে তীর সংরক্ষণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার কারণ অনুসন্ধান ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। চরবাড়িয়ার বাসিন্দাদের এখন একটাই প্রত্যাশা বর্ষার পানিতে ভিটেমাটি ও শিক্ষাপ্রতিষ্ঠান হারানোর আগেই কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জাগো নিউজকে বলেন, কীর্তনখোলা নদীর ভাঙনে তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য নকশা প্রণয়নের কাজ চলছে। নকশা সম্পন্ন হলে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে প্রকল্প প্রস্তাব তৈরি ও অনুমোদনের প্রক্রিয়া শেষ করে মাঠপর্যায়ে কাজ শুরু হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
