শনিবার, 28 নভেম্বর 2026 · 13:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ · এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিচারপতি আহমেদ সোহেল! · টিভি অনুষ্ঠানের নায়ক বা নায়িকা এবার আপনিই! এআই টিভি চ্যানেল আনছে গুগল! · প্রথমবার মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক সক্রিয়তার সরাসরি প্রমাণ পেলেন বিজ্ঞানীরা! · কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ! · আধুনিকতার স্রোতে ঐতিহ্য ধরে রাখার লড়াই: রক্ষাগোলা মেলার গল্প! · ঝুঁকিতে চরবাড়িয়ার জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ধসে পড়ছে শত কোটি টাকার বাঁধ! · সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!
বিনোদন ও সংস্কৃতি

সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!

সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গানের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি বিধিনিষেধ কিংবা চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি- কোনো কিছুই পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ কমাতে পারছে না। ভিপিএন ব্যবহার করে অনলাইনে নাটক দেখার পাশাপাশি বিভিন্ন শহরে গোপনে আয়োজন করা হচ্ছে ঘরোয়া প্রদর্শনী।

এমনকি পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ঘিরেও ভারতে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেত লো’। ট্রেলার প্রকাশের পর থেকেই ভারতে সিরিজটির প্রচার বন্ধের দাবি উঠেছে।

২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশনা মেনে চলতে নেটফ্লিক্সকে স্মরণ করিয়ে দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই নির্দেশনায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট প্রচার বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

এদিকে সিরিজটি ভারতে মুক্তি পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সংগঠনটির সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, নেটফ্লিক্স সিরিজটি ভারতে প্রচার করলে তারা সারা দেশে নেটফ্লিক্সের বিভিন্ন প্রকল্প থেকে কর্মীদের প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি শুটিংও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে, ভারতে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত।

তবে এত কড়াকড়ির মধ্যেও পাকিস্তানি সিরিজটির প্রতি দর্শকদের আগ্রহ কমেনি। ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমিরের মতো জনপ্রিয় তারকাদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে। একই সঙ্গে পাকিস্তানি টিভি নাটকও ভারতের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জন দর্শকের জায়গা থাকলেও ওই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য অনুরোধ আসে সাত শতাধিক। ভারতের বিভিন্ন শহরেও নাটকটি ঘিরে ওয়াচ পার্টি ও দলবদ্ধ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

বেঙ্গালুরুতে ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর নাটকটির দুটি প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশ সেগুলো বাতিল করে দেয়। বেঙ্গালুরু সিটি পুলিশের প্রধান কমিশনার আর হিতেন্দ্র জানিয়েছেন, আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করে ভারত। তবে ইউটিউবে পাকিস্তানি চ্যানেলগুলোতে ভৌগোলিক নিষেধাজ্ঞা থাকলেও ভিপিএন ব্যবহার করে তা এড়িয়ে যাচ্ছেন দর্শকেরা।

পর্যবেক্ষণ সংস্থা টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে নিষেধাজ্ঞা জারির দিন ভারতে ভিপিএন সার্চ বেড়েছিল ৭২ শতাংশ।

পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এর সম্প্রচারক এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জার্জিস সেজা জানিয়েছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তার মতে, প্রযুক্তির এই সময়ে কনটেন্ট দেখার পথ কঠিন করা সম্ভব হলেও পুরোপুরি বন্ধ করা যায় না। এর আগে ২০২২ সালে ‘তেরে বিন’ এবং ২০২৪ সালে ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দুই দেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের মিল পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করেন জার্জিস সেজা।

অন্যদিকে, আবু সুফিয়ান খানের মতে, বলিউডের সিনেমা ও ভারতীয় নাটকে মুসলিম চরিত্রগুলোকে অনেক সময় গতানুগতিক কিংবা নেতিবাচকভাবে তুলে ধরা হয়। বিপরীতে ‘দার-এ-নিজাত’-এর মতো পাকিস্তানি নাটকে ইসলাম ও মুসলিম সংস্কৃতির স্বাভাবিক ও অন্তর্ভুক্তিমূলক উপস্থাপন দর্শকদের আকৃষ্ট করছে।


দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, গত কয়েক বছরে পাকিস্তানি নাটক, গান ও অন্যান্য কনটেন্টের বিস্তারে দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত কিছু ধারণা বদলাতে শুরু করেছে।

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়াও মনে করেন, এ ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন। তার ভাষ্য, প্রযুক্তির পরিবর্তনে সীমান্ত ও নিষেধাজ্ঞা আগের মতো কার্যকর থাকছে না।

একসময় পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ থাকলেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের জনপ্রিয়তা থামানো যায়নি। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যেমনই হোক, সংস্কৃতি বরাবরই মানুষের মধ্যে সংযোগ তৈরির সেতু হিসেবে কাজ করেছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ সংগৃহিত।

টপিক: বিনোদন ও সংস্কৃতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ