একটি জাতির প্রকৃত পরিচয় তার ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে নিহিত। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ লাল মাটিতে যখন হেমন্তের সোনালি রোদ ছড়িয়ে পড়ে; তখন প্রকৃতির পাশাপাশি প্রাণের স্পন্দন জাগে এ অঞ্চলের আদিবাসী জনপদে। হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, নিজস্ব ভাষা, বৈচিত্র্যময় জীবনধারা এবং লোকজ সংস্কৃতির ধারক ও বাহক এই আদিবাসী জনগোষ্ঠী। কিন্তু আধুনিকতার প্রবল স্রোত, বিশ্বায়নের প্রভাব এবং নানা আর্থ-সামাজিক প্রতিকূলতার কারণে আজ আদিবাসীদের সেই চিরচেনা আদি সংস্কৃতি ও ঐতিহ্য ক্রমেই হারিয়ে যাওয়ার পথে। ঠিক এমনই এক সন্ধিক্ষণে, নিজস্ব শেকড়ের সন্ধান এবং হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মহান ব্রত নিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কদমা হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় তিন দিনব্যাপী রক্ষাগোলা আদিবাসী মেলা।
মেলায় আগত এক নারী সদস্যের সঙ্গে কথা হয় দীর্ঘসময় ধরে। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘সারাবছর মাঠের কাজ আর সংসারের ব্যস্ততায় দম ফেলার ফুরসত মেলে না। আজ মেলায় এসে অনেক দিন পর পুরোনো আত্মীয়-স্বজন ও বান্ধবীদের সাথে দেখা হয়ে মনটা আনন্দে ভরে গেছে। বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী মাদলের সুর, নাচ আর পিঠাপুলির আয়োজন দেখে খুব গর্ব হচ্ছে। আমার ছোট ছেলেমেয়েরা এই মেলার মাধ্যমে নিজেদের শেকড় ও সংস্কৃতিকে কাছ থেকে চিনতে পারছে—এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’ অন্যদিকে মেলায় আসা কলেজপড়ুয়া সংস্কৃতিকর্মী বলেন, ‘আধুনিকতার ভিড়ে আমাদের লোকজ সংস্কৃতি ও নিজস্ব পোশাক অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কিন্তু এই মেলায় এসে মনে হচ্ছে আমরা যেন আমাদের শেকড়ে ফিরে এসেছি। রঙিন সব স্টল, ঐতিহ্যবাহী খাবার আর তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে দারুণ ভালো লাগছে। এমন আয়োজন প্রতি বছর হলে নতুন প্রজন্ম নিজেদের পরিচয় নিয়ে আরও বেশি গর্ববোধ করতে শিখবে।’
‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’—স্লোগানকে সামনে রেখে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ মেলা কেবল একটি সাধারণ আনন্দ উৎসব ছিল না; এটি মূলত প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়, ভাষা ও সংস্কৃতি রক্ষার এক সৃজনশীল সামাজিক আন্দোলন। মাদলের তালে ও বৈচিত্র্যময় প্রদর্শনীতে ঐতিহ্যের পুনর্জাগরণ, তিন দিনব্যাপী এ মহোৎসবকে কেন্দ্র করে গোদাগাড়ী ও এর আশপাশের প্রত্যন্ত গ্রামগুলো থেকে কদমা হাই স্কুল মাঠে ছুটে এসেছিলেন সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, মাহালী, রাজোয়ার, পাহাড়িয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর হাজারো মানুষ। মেলায় প্রায় ৭০টি সাংস্কৃতিক দলের প্রাণবন্ত অংশগ্রহণে আদিবাসী তরুণ-তরুণীদের ঐতিহ্যবাহী পোশাকে দলবদ্ধ নাচ-গান, মাদল-ধামসার সুর এবং লোকজ খেলাধুলা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মেলা প্রাঙ্গণজুড়ে থাকা ৪৫টি প্রদর্শনী স্টলের মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সাহিত্য, ঐতিহ্যবাহী পোশাক, খাবার, কৃষি ও শিকারের সরঞ্জাম এবং দেশীয় বীজের বৈচিত্র্য তুলে ধরা হয়। সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগীতা তরুণ প্রজন্মকে তাদের নিজস্ব শেকড়ের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার অনন্য সুযোগ তৈরি করে।
মেলায় উপস্থিত ফোকলোর গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক আদিবাসীদের এই সাংস্কৃতিক জাগরণের প্রশংসা করে বলেন, ‘আদিবাসীদের লোকজ সংস্কৃতি, ভাষা এবং জীবনবোধ আমাদের এই জনপদের হাজার বছরের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার প্রবল স্রোতে যখন প্রান্তিক জনগোষ্ঠীর আদি ঐতিহ্যগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে; ঠিক তখন রক্ষাগোলা সমন্বয় কমিটির এই মেলা ও সাহিত্য উৎসব অনন্য প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে। এ আয়োজন কেবল আনন্দ-উৎসবের জায়গা নয় বরং নতুন প্রজন্মকে তাদের নিজস্ব শেকড় চেনানোর এবং বাঙালি ও আদিবাসীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার জীবন্ত পাঠশালা।’
এ মেলার পেছনে যে সংগঠনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ—তা হলো ‘রক্ষাগোলা সমন্বয় কমিটি’। বরেন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রামগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, মহাজনি শোষণ থেকে কৃষকদের রক্ষা করা এবং দুর্যোগকালীন আপদকালীন তহবিল গড়ে তোলার যে প্রাচীন ও কার্যকর প্রথা—তা-ই হলো ‘রক্ষাগোলা’। এই প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আদিবাসীরা শুধু অর্থনৈতিকভাবেই সংগঠিত হচ্ছেন না বরং সামাজিক ও সাংস্কৃতিকভাবেও নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার হচ্ছেন।
রক্ষাগোলা আদিবাসী মেলার তাৎপর্য তুলে ধরে রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন বলেন, ‘আমাদের পূর্বপূরুষদের রেখে যাওয়া এই ঐতিহ্য ও সংস্কৃতিই আমাদের আসল পরিচয়। আধুনিকতার চাপে নতুন প্রজন্ম যেন তাদের শেকড় ভুলে না যায়, সেজন্যই প্রতি বছর আমরা এই মেলার আয়োজন করি। রক্ষাগোলার মাধ্যমে আমাদের ভাষা, নাচ-গান ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছি।’
একটি দেশের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে তার সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে। আদিবাসীদের ভাষা, সাহিত্য, সংগীত ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিরই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব এবং মূলধারার সমাজের উদাসীনতার কারণে এই সমৃদ্ধ সংস্কৃতি আজ সংকটের মুখে। নতুন প্রজন্মের অনেকেই জীবিকার তাগিদে শহরমুখী হওয়ায় নিজেদের মাতৃভাষা ও ঐতিহ্য ভুলতে বসেছে। কদমা হাই স্কুল মাঠের এই বার্ষিক আদিবাসী মেলা ও সাহিত্য উৎসব সেই হারিয়ে যাওয়া সূত্রগুলোকে আবারও এক সুতোয় গাঁথার চেষ্টা করেছে। এ ধরনের আয়োজন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি জোরদারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেকড় বিচ্ছিন্ন কোনো জাতি কখনোই তার স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদা দীর্ঘদিন ধরে রাখতে পারে না। কদমা হাই স্কুল মাঠের এ আদিবাসী মেলা তাই শুধু একটি উৎসব নয়; এটি নিজস্ব পরিচয়, ঐতিহ্য ও সাংস্কৃতিক অধিকারের পক্ষে একটি ইতিবাচক সামাজিক বার্তা। রক্ষাগোলা সমন্বয় কমিটির এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে কেবল সামাজিক সংগঠনের একার প্রচেষ্টায় এ বিশাল ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়। বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশের আদিবাসীদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি পর্যায়ে স্থায়ী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং নিয়মিত পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি। এই মেলার আলো ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি আদিবাসী জনপদে। রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠুক এমন একটি বাংলাদেশ; যেখানে প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সমান মর্যাদা ও সুরক্ষা পাবে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
