শনিবার, 28 নভেম্বর 2026 · 13:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ · এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিচারপতি আহমেদ সোহেল! · টিভি অনুষ্ঠানের নায়ক বা নায়িকা এবার আপনিই! এআই টিভি চ্যানেল আনছে গুগল! · প্রথমবার মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক সক্রিয়তার সরাসরি প্রমাণ পেলেন বিজ্ঞানীরা! · কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ! · আধুনিকতার স্রোতে ঐতিহ্য ধরে রাখার লড়াই: রক্ষাগোলা মেলার গল্প! · ঝুঁকিতে চরবাড়িয়ার জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ধসে পড়ছে শত কোটি টাকার বাঁধ! · সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!
জাতীয় রাজনীতি

কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ!

কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ!

পলিটিক্যাল ডেস্ক| জনতার দেশঃ

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীশেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে ঘিরে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সাবেক এই মিত্রকে আশ্রয় দেওয়া ভারতও পড়েছে কূটনৈতিক চাপে। বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে।২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান হলে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি একাধিকবার দেশে ফেরার কথা বলে আসছেন। এবার তাঁর মুখপাত্র জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান তিনি। হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে জানিয়েছেন, দিল্লি থেকে বাংলাদেশে ফেরার জন্য সরকারের কাছে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা চাওয়া হতে পারে। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে কিংবা স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে। তাঁর দাবি, সীমান্ত পার হওয়ার জন্য সম্ভাব্য নয়টি পথ চিহ্নিত করেছেন হাসিনার সমর্থকেরা

তবে ঢাকার অবস্থান কঠোর। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, হাসিনা সাধারণ কোনো যাত্রী নন; তাঁকে হাতকড়া পরিয়েই দেশে ফেরানো সম্ভব। সরকার জানিয়েছে, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচারে হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। তবে বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ।

হাসিনার ফেরার ঘোষণাকে শুধু দেশে ফেরার প্রতিশ্রুতি হিসেবে দেখছেন না ঢাকার অনেক পর্যবেক্ষক। তাঁদের ধারণা, এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন রাজনৈতিক ঐক্যের পর তৈরি হওয়া বিভাজন কাজে লাগিয়ে রাজনৈতিক আলোচনায় ফের জায়গা করে নিতে চাইছে আওয়ামী লীগ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই সনদ, সংবিধান সংস্কার ও গণভোটের মতো বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে মতপার্থক্য বেড়েছে।

হাসিনার সহযোগী আরিনের দাবি, নির্বাসনে থেকেও তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে গত ১৮ মাসে ৩০০টির বেশি সভা করেছেন তিনি। দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনের সমর্থকদের সঙ্গে এসব বৈঠক হয়েছে বলে দাবি করেন আরিন। তাঁর ভাষ্য, দেশে ফেরার পথে হাসিনাকে স্বাগত জানাতে ৫০ লাখ মানুষের সমাগম ঘটানোর সাংগঠনিক সক্ষমতা রয়েছে দলের। তবে এ দাবির বাস্তবতা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগের বহু নেতা দেশের বাইরে, কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। দলটির সমর্থকেরা সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করলেও তা দলটির ব্যাপক রাজনৈতিক পুনরুত্থানের প্রমাণ নয় বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। অন্যদিকে, রাজনৈতিক সহিংসতার ঘটনাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকদের ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনা ঘটেছে। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জন সরাসরি অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে সংস্থাটি।

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা ভারতের জন্যও নতুন কূটনৈতিক সংকট তৈরি করেছে। ক্ষমতায় থাকাকালে তিনি ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র। সরকার পতনের পর দিল্লিতে তাঁর আশ্রয় নেওয়া এবং সেখান থেকে দেওয়া রাজনৈতিক বক্তব্য ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কে চাপ তৈরি করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। তবে তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি আলাদা বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, গত ১০ মাসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্য ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে। তবে সম্পর্কের বরফ এখনো গলেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্ব নেওয়ার পর এখনো ভারত সফর করেননি।

লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ ঘোষণা ঢাকা ও দিল্লির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ নতুনভাবে তৈরি করেছে। তাঁর ধারণা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে যায় না। তবে এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে ভিন্নমত রয়েছে।

সব মিলিয়ে, ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা এখনো নিশ্চিত নয়। তবে তাঁর ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে এবং ঢাকা-দিল্লি সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদনে উদ্ধৃত এক দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষকের আশঙ্কা, ডিসেম্বর মাসে বাংলাদেশে বিক্ষোভ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।

তথ্যসূত্রঃ

# বিবিসি বাংলা

ছবিঃ হিন্দুস্হান টাইমস থেকে সংগৃহিত


টপিক: জাতীয় রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ