বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 19:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন! · নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের! · মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানে পাবনায় ডিফেন্ডার নেটওয়ার্কের সভা! · রংপুরে চারজনকে হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ! · স্কুলছাত্র গালিবের মাকে নিয়োগপত্র দিলেন বগুড়া সিটি প্রশাসক!
সারাদেশ

নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা!

নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা!

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞার দিনব্যাপী সফরে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিনের নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম দেখে প্রশংসা করেছেন তিনি। এ সময় পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও আরও দুটি অনুষ্ঠানে যুক্ত হন বিভাগীয় কমিশনার। শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষের চারা বিতরণ, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা এবং অসচ্ছল পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন উদ্যোগে শিবপুর উপজেলা প্রশাসনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে নরসিংদী সার্কিট হাউজে অবস্থান করেন বিভাগীয় কমিশনার। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। নরসিংদী সদর উপজেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি শিবপুর উপজেলার উদ্দেশে রওনা হন। এ সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন তাকে অভ্যর্থনা জানান।

পরে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সফি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে জেএসসি, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম মানবিক উদ্যোগ ছিল ৯৫ বছর বয়সী এক বৃদ্ধার ভোটার আইডি কার্ডের ব্যবস্থা করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা নিজ হাতে ওই বৃদ্ধার কাছে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

এ ছাড়া প্রতিবন্ধী ও অসচ্ছল একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে একটি মুদি দোকান উপহার দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, দুস্থ শিক্ষার্থী ও বয়স্কদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

স্থানীয়দের কাছে এসব উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে শিক্ষা, পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানকে একই আয়োজনে গুরুত্ব দেওয়ায় উপজেলা প্রশাসনের মানবিক কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানো, পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি এবং সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিনব্যাপী সফরে শিবপুর উপজেলা প্রশাসনের এসব জনকল্যাণমূলক কার্যক্রম প্রত্যক্ষ করে বিভাগীয় কমিশনারের প্রশংসা অর্জন করেন ইউএনও ফারজানা ইয়াসমিন। তার উদ্যোগে শিক্ষা, মানবিক সহায়তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রমের সমন্বয় স্থানীয় প্রশাসনের ইতিবাচক ভূমিকার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ