সায়েন্স ডেস্কঃ
আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান। এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। ২০১১-১৫ সালে নাসার মেসেঞ্জার অভিযানের পর এটাই বেপিকলম্বো নামে মহাকাশযানটির দ্বিতীয় কোনো মিশন। এর দুটি বৈজ্ঞানিক অনুসন্ধানী যান রয়েছে। এর মধ্যে একটি ইএসএ ও অন্যটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) তৈরি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ দুটি আলাদা হয়ে যাবে। ফলে প্রতিটি যান ভিন্ন উচ্চতায় নিজ নিজ কক্ষপথে ঘুরে কাজ করবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) গত শনিবার জানায়, ইউরোপের তৈরি একটি মডিউল সফলভাবে বুধের কক্ষপথে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে কয়েক মাসব্যাপী জটিল কৌশলগত ধাপের সূচনা হলো।
বুধের পথে যাত্রাকালে মহাকাশযানটি এর ভেতরে থাকা কিছু যন্ত্রপাতি পরীক্ষা করে দেখার সুযোগ পেয়েছিল। মিশনের বিজ্ঞানীরা এর এক্স-রে ক্যামেরা মারকিউরি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটারকে (এমআইএক্সএস) ক্র্যাব নেবুলার দিকে তাক করেছিলেন। বেপিকলম্বো অভিযানের অন্যতম প্রধান বিজ্ঞানী ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিস্টারর প্লাজমা পদার্থবিদ এমা বান্স বলেন, আন্তঃগ্রহ অভিযানে পাঠানো প্রথম এক্স-রে ইমেজিং
ডিভাইস হচ্ছে এই এমআইএক্সএস।
এই গবেষকরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। এর মধ্যে রয়েছে সূর্যের এত কাছে কীভাবে বুধ গঠিত হলো, কেন এর চৌম্বকক্ষেত্র রয়েছে ও এর স্থায়ীভাবে ছায়াঘেরা গর্তগুলোতে লুকিয়ে থাকা বরফ কী দিয়ে তৈরি। এ প্রকল্পে ২০ বছর ধরে কাজ করা ইউনিভার্সিটি অব লিস্টারর অধ্যাপক এমা বান্স বলেন, আমরা ভীষণ উচ্ছ্বসিত, অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে।
বুধে পৌঁছানোয় বেশ কিছু অস্বাভাবিক জটিলতা রয়েছে। গ্রহটি সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি হওয়ায় মহাকাশযানের ওপর সূর্যের মাধ্যাকর্ষণ বেড়ে যায় ও সোজা পেরিয়ে যাওয়া এড়াতে দীর্ঘ সময় ধরে গতি কমানোর বা ব্রেকিংয়ের কাজ করতে হয়। এমআইএক্সএস যন্ত্রের প্রধান গবেষক বান্স বলেন, ‘এটা জটিল ও চ্যালেঞ্জিং একটি অভিযান।’
যন্ত্রটি গ্রহটির পৃষ্ঠের ভূ-রাসায়নিক গঠন বিশ্লেষণ করবে। বিজ্ঞানীওদের বুধ পর্যবেক্ষণ শুরু করতে আরও কয়েক মাস সময় লাগবে। ডিসেম্বরের শুরুতে মহাকাশযানটি দুটি অরবিটারে বিভক্ত হবে, যার একটি ইউরোপীয় ও অন্যটি জাপানি।
এসব যান গ্রহটির ভিন্ন দুটি মেরু কক্ষপথে পৌঁছানোর কৌশলগত অবস্থানে যাবে। আগামী বছরের এপ্রিলে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মারকিউরি প্ল্যানেটারি অরবিটার (এমপিও) নামের ইউরোপীয় মহাকাশযানটি উচ্চ রেজুলিউশনে গ্রহটির পৃষ্ঠ ও গঠন মানচিত্রায়ণ করবে ও এর অস্বাভাবিকভাবে বড় কেন্দ্র বা কোর সম্পর্কে ধারণা পেতে বুধের অভ্যন্তরভাগ নিয়ে গবেষণা করবে। অন্যদিকে, জাপানি অংশটি গ্রহটির চৌম্বকক্ষেত্র ও এর সোডিয়াম এক্সোস্ফিয়ার পরিমাপ করবে, যা গ্রহটিকে ঘিরে থাকা গ্যাস ও পরমাণুর পাতলা একটি স্তর।
আয়তনে চাঁদের চেয়ে মাত্র ৫০ শতাংশ বড় হলেও বুধের ভর চাঁদের চার গুণ। এই শিলাখণ্ডটি এত ঘন কেন সেটাও খতিয়ে দেখবে এ অভিযান। ইউরোপীয় মহাকাশ সংস্থায় বেপিকলম্বোর প্রধান প্রকল্প বিজ্ঞানী অধ্যাপক জেরেইন্ট জোন্স বলেন, এই যানের মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য জানার আশা করছি। গ্রহটির অভ্যন্তরভাগ, পৃষ্ঠ ও এর আশপাশের মহাকাশসহ সবদিক নিয়ে গবেষণা করতে দুটি মহাকাশযানে আরও শক্তিশালী যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছে।
নিজের অক্ষে একবার ঘুরতে এই ক্ষুদ্র গ্রহটির পৃথিবীর হিসাবে ৫৮ দিন সময় লাগে। এর মানে হচ্ছে পৃষ্ঠের যে কোনো নির্দিষ্ট স্থানে তিন মাস দিনের আলো এবং এরপর তিন মাস রাত থাকতে পারে।
সূর্য থেকে এর দূরত্ব পৃথিবীর দূরত্বের এক-তৃতীয়াংশের সামান্য বেশি, কেবল ৩ কোটি ৬০ লাখ মাইল। দিনে ভূপৃষ্ঠের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, আর রাতে তা নেমে আসে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে।
জোন্স বলেন, বুধের পৃষ্ঠ নিয়ে গবেষণার জন্য বিস্তৃত তরঙ্গদৈর্ঘ্যের ক্যামেরার পাশাপাশি আমরা গ্রহটির আশপাশের গ্যাস পরীক্ষা, চৌম্বকক্ষেত্র শনাক্ত, অতিসংবেদনশীল যন্ত্রের মাধ্যমে অভ্যন্তরভাগ অনুসন্ধান করব ও লেজারের সাহায্যে পুরো গ্রহটির আকৃতির মানচিত্র তৈরি করব। মহাকাশযানগুলো প্রায় তিন বছর বুধকে প্রদক্ষিণ করবে বলে আশা করা হচ্ছে। এরপর সেগুলোর জ্বালানি ফুরিয়ে যাবে, উচ্চতা কমে আসবে ও শেষ পর্যন্ত গ্রহটির পৃষ্ঠে আছড়ে পড়বে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
