বুধবার, 25 নভেম্বর 2026 · 17:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার! · দেশে বসেই সুইজারল্যান্ডের আবহ! পর্যটকদের নতুন দিগন্ত কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’! · তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা! · দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু ১৩ ডিসেম্বর! · প্রথমবার বড় পর্দায় মোশাররফ করিম ও সুমাইয়া শিমু জুটি, থাকছেন দীঘিও! · অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষী আটক! · মিস ইউনিভার্সের ইতিহাসে নতুন অধ্যায়: প্রথম মা হিসেবে সেরা হলেন জেনিফার! · গ্রিসের বিভিন্ন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের মুক্তির আকুতি!
সারাদেশ

অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষী আটক!

অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষী আটক!

জয়পুরহাট প্রতিনিধিঃ

গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

​আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায় এবং ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। গত সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তাঁর সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলী ব্যারাকে না ফিরে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

তাঁদের আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

তারপর মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

​এ বিষয়ে কলেজছাত্রী বলেন, ‘রাতে হাসপাতালে থাকার সময় লোকজন আমাদের আটক করেন এবং পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি আমি জানি। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা আমি চাই না এবং কোনো মামলা করব না।’

​জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

​জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, গত সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় দায়িত্ব পালনের কথা ছিল, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। থানার পুলিশ বিষয়টি কারাগারে জানিয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ