বুধবার, 25 নভেম্বর 2026 · 17:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার! · দেশে বসেই সুইজারল্যান্ডের আবহ! পর্যটকদের নতুন দিগন্ত কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’! · তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা! · দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু ১৩ ডিসেম্বর! · প্রথমবার বড় পর্দায় মোশাররফ করিম ও সুমাইয়া শিমু জুটি, থাকছেন দীঘিও! · অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষী আটক! · মিস ইউনিভার্সের ইতিহাসে নতুন অধ্যায়: প্রথম মা হিসেবে সেরা হলেন জেনিফার! · গ্রিসের বিভিন্ন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের মুক্তির আকুতি!
ফ্যাশন ও মডেলিং

মিস ইউনিভার্সের ইতিহাসে নতুন অধ্যায়: প্রথম মা হিসেবে সেরা হলেন জেনিফার!

মিস ইউনিভার্সের ইতিহাসে নতুন অধ্যায়: প্রথম মা হিসেবে সেরা হলেন জেনিফার!
বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫ তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। এর মাধ্যমে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম কোনো ‘মা’ হিসেবে মিস ইউনিভার্স হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলট’ মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাঁর নাম ঘোষণা করা হয়।

২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো পেশায় মনোবিজ্ঞানী এবং সমাজকর্মী। স্থানীয় সংবাদমাধ্যম ‘এল নুয়েভো’-র তথ্য অনুযায়ী, তাঁর পেনেলোপি নামের একটি কন্যাসন্তান রয়েছে।

অনুষ্ঠানে গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ তাঁর উত্তরসূরি জেনিফার ব্যারেটোর মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। ডিজাইনার জর্জ উইটেলস এবং ‘মেইসন ডি’অর’-এর যৌথ নকশায় তৈরি ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামক এই মুকুটটিতে ১৮ ক্যারেট সাদা সোনার ওপর ৩ হাজার ১৫০টি হীরা বসানো রয়েছে।

এবারের আসরে জেনিফার ব্যারেটোর সঙ্গে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা এবং ডোমিনিকান রিপাবলিকের প্রতিযোগীরা।

টেলিভিশন উপস্থাপক মারিও লোপেজ এবং মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েলের সঞ্চালনায় এই অনুষ্ঠানে ১১০টিরও বেশি দেশ ও অঞ্চলের মোট ১১৭ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে সেন্ট মার্টিন এবং উগান্ডার মতো দেশ প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছরের প্রতিযোগীদের মধ্যে ২২ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী, পাঁচজন চিকিৎসক এবং ১০ জন মা ছিলেন।

অনুষ্ঠানে ঘোষণা করা হয় যে, আগামী বছর অর্থাৎ ৭৬তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাও পুয়ের্তো রিকোতেই অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্ব জাঁকজমকপূর্ণভাবে শেষ হলেও এ বছরের মিস ইউনিভার্স আয়োজনকে ঘিরে বেশ কিছু বিতর্ক ও অপ্রীতিকর ঘটনা আলোচনায় ছিল।

ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে আফ্রিকার কয়েকজন প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে পারেননি। এ ছাড়া সমুদ্রসৈকতে অস্থায়ী হাঁটার পথে প্রতিযোগীদের হোঁচট খাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মহড়ার সময় আহত হয়ে ‘মিস ইউনিভার্স ফ্রান্স ২০২৬’-কে হুইলচেয়ারে করে হোটেল থেকে বের করে আনার দৃশ্য নিয়েও সমালোচনা হয়।

উল্লেখ্য, গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম আসরও নানা বিতর্কে জর্জরিত ছিল। সে সময় এক লাইভস্ট্রিমে ফাতিমা বশকে এক কর্মকর্তার তিরস্কার করার ভিডিও ভাইরাল হয়েছিল এবং বিচারকদের শেষ মুহূর্তের পদত্যাগ নিয়ে অস্থিরতা তৈরি হয়। এ ছাড়া প্রাথমিক পর্বে মঞ্চ থেকে পড়ে গিয়ে ‘মিস ইউনিভার্স জ্যামাইকা’ গ্যাব্রিয়েল হেনরি মস্তিষ্কে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে তিনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।

তথ্য: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: ফ্যাশন ও মডেলিং দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ