বুধবার, 25 নভেম্বর 2026 · 17:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার! · দেশে বসেই সুইজারল্যান্ডের আবহ! পর্যটকদের নতুন দিগন্ত কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’! · তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা! · দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু ১৩ ডিসেম্বর! · প্রথমবার বড় পর্দায় মোশাররফ করিম ও সুমাইয়া শিমু জুটি, থাকছেন দীঘিও! · অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষী আটক! · মিস ইউনিভার্সের ইতিহাসে নতুন অধ্যায়: প্রথম মা হিসেবে সেরা হলেন জেনিফার! · গ্রিসের বিভিন্ন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের মুক্তির আকুতি!
প্রবাস বার্তা

গ্রিসের বিভিন্ন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের মুক্তির আকুতি!

গ্রিসের বিভিন্ন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের মুক্তির আকুতি!

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। তবে এই স্বপ্নের পথে কারও জীবনের অবসান হচ্ছে ভূমধ্যসাগরে, কেউ পড়ছেন মানবপাচারকারীদের হাতে। প্রতারণা, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের শিকার হচ্ছেন অনেকে।

আবার মৃত্যুঝুঁকি পেরিয়ে গ্রিসে পৌঁছেও মিলছে না প্রত্যাশিত মুক্তি। দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে মাসের পর মাস, এমনকি এক থেকে দেড় বছর ধরে আটক রয়েছেন অনেক বাংলাদেশি। মুক্তির আকুতি জানালেও অনিশ্চয়তা কাটছে না তাদের। মাঝে মধ্যে দেশে ফেরতও পাঠানো হচ্ছে।

সবশেষ শেষ গত ১০ নভেম্বর গ্রিস থেকে থেকে ফেরত পাঠানো হয় ৪০ জন বাংলাদেশিসহ ৫০ জন অবৈধ অভিবাসীকে। এত বিপদ ও দুর্ভোগের পরও থামছে না এই যাত্রা।

সম্প্রতি বিভিন্ন ফেসবুক গ্রুপে চোখ রাখলেই দেখা যায়, ‘আলহামদুলিল্লাহ, গেম সফল, ইউরোপের স্বপ্ন পূরণ’। লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে প্রবেশকারীদের এমন ভিডিও দেখে উৎসাহিত হচ্ছেন বাংলাদেশের অনেক তরুণ। কিন্তু এই যাত্রায় কারও ঝরছে প্রাণ, আবার যারা পৌঁছাচ্ছেন, তাদের অনেকেরই ঠাঁই হচ্ছে আটক ক্যাম্পে।

গ্রিসের বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে এলেও এখন তাদের দিন কাটছে বন্দিজীবনে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং মুক্তির অপেক্ষা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।

আটক বাংলাদেশি সুহেল আহমদ জানান, প্রায় দেড় বছর ধরে তিনি আটক রয়েছেন। কবে মুক্তি পাবেন, কিংবা কবে পরিবারের কাছে ফিরতে পারবেন, তা জানেন না। দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে করতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

আরেক বাংলাদেশি লুৎফুর রহমান জানান, লিবিয়া হয়ে গ্রিসে পৌঁছাতে গিয়ে অনেক ঝুঁকি নিতে হয়েছে। কিন্তু ইউরোপে এসেও স্বাভাবিক জীবন শুরু করতে পারেননি। দীর্ঘদিন আটক থাকায় পরিবারের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

এদিকে এত মৃত্যু, প্রতারণা ও বন্দিজীবনের পরও নতুন করে অনেকে লিবিয়া হয়ে ইউরোপে আসার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে কিছু টিকটকারের উৎপাত বেড়েছে। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপে পৌঁছানোর সফলতার গল্প দেখে অনেকে উৎসাহিত হচ্ছেন। কিন্তু সেই যাত্রার পেছনে থাকা মৃত্যু, নির্যাতন, জিম্মি ও আটকের বাস্তবতা অনেকের অজানা থেকে যাচ্ছে।

এ পরিস্থিতিতে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে আসা থেকে বিরত থাকতে হবে। এ পথে মৃত্যুর ঝুঁকি আছে, প্রায়ই প্রাণহানির ঘটনা ঘঠে। যখন কোন বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা যান তখন কিন্তু ওনার পরিবারের মতোই আমরা নিজেরা অত্যন্ত ব্যথিত হই।

তিনি বলেন, ‌‘আমরা চাই না যে কোন বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা যান। আমি বলব একটু ধৈর্য ধরতে আমাদের কাজ করার একটু সুযোগ দিতে। যেন তারা আইনসঙ্গতভাবে আসতে পারেন গ্রিসে। গ্রিসে প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশি শ্রমিকদের। বৈধ পথে যেন সহজে আসতে পারেন, এজন্য আমরা কাজ করছি।

শুধু সতর্কবার্তা দিয়ে এই প্রবণতা বন্ধ করা কঠিন। এর পেছনে থাকা মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন কাউকে প্রাণ হারাতে না হয়, কিংবা পৌঁছানোর পর বছরের পর বছর বন্দিজীবন কাটাতে না হয়, সেই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

তথ্য: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ