অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্য সীমান্তবর্তী এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। নাইটভিশন ড্রোন, সার্চলাইট, অল-টেরেইন ভেহিকলের (এটিভি) মাধ্যমে চালানো হচ্ছে বিশেষ নিরাপত্তা মহড়া। এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের নাশকতার রসদের প্রবেশ ঠেকাতে তৎপর বিজিবিসহ সীমান্তবর্তী থানা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো নেতা-কর্মী ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ করে যাতে নাশকতা ঘটাতে না পারেন সেজন্য চাঁপাইনবাবগঞ্জে কাঁটাতারহীন ৩৫ কিমি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গ্রামবাসীর মধ্যে প্রচার চালানো হচ্ছে। মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-আমিন অপু বলেন, ‘সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং বিওপিগুলোয় নিয়োজিত বিজিবি সদস্য ছাড়াও ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।’
নেত্রকোনা প্রতিনিধি জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইনসহ চোরাচালান ঠেকাতে সারা দেশের সীমান্ত এলাকাগুলোর মতো নেত্রকোনায়ও বাড়তি সতর্ক বিজিবি। বাড়ানো হয়েছে টহল। অবৈধ অনুপ্রবেশের মতো স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় সার্চলাইট বসানো হয়েছে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রমও চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা এড়াতে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল বিকালে শহরে ড্রোন ও মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।