রবিবার, 29 নভেম্বর 2026 · 20:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি, চলছে বিশেষ মহড়া! · এমআইডিআই মাস্টারপ্ল্যান: এলএনজি আমদানিতে বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকি! · এআই প্রযুক্তি বনাম সাংবাদিকতার ভবিষ্যৎ! · পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি! · কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ৮ নেতাকর্মী, গ্রেফতার! · প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপরে হরতালের ডাক! · কালীগঞ্জে মাস্টার প্ল্যানের সার্ভে ও স্ট্যাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত! · কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান!
অর্থনীতি

এমআইডিআই মাস্টারপ্ল্যান: এলএনজি আমদানিতে বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকি!

এমআইডিআই মাস্টারপ্ল্যান: এলএনজি আমদানিতে বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকি!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন বা ২ হাজার ৫৮০ কোটি ডলার ব্যয় করতে হতে পারে। একই সঙ্গে নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো নির্মাণের ফলে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও বাড়তে পারে।

‘এলএনজির শেষ চেষ্টা : বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯ বিলিয়ন এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি এমআইডিআই মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী, এলএনজির গড় দাম দীর্ঘ মেয়াদে অপরিবর্তিত থাকলে আমদানি ব্যয় বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে এই ব্যয় ৭ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার ওপর বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় অনেকটাই নির্ভরশীল থাকবে।

প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, জাপানি কোম্পানি ও সংশ্লিষ্ট স্বার্থগোষ্ঠী বাংলাদেশকে এলএনজির ওপর বিপজ্জনক নির্ভরশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এতে লাখ লাখ মানুষের জীবন ও নিরাপদ জলবায়ু ঝুঁকিতে পড়বে। তিনি বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উৎপাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন কমছে, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল বলেন, এমআইডিআই মাস্টারপ্ল্যানের আওতায় নতুন গ্যাস অবকাঠামোতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হলে বাংলাদেশ বায়ুদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস, ঋণের বোঝা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ঝুঁকিতে পড়বে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের তৈরি পোশাকশিল্পেও। প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্বিবেচনা করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ সংগৃহিত।

টপিক: অর্থনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ