রবিবার, 29 নভেম্বর 2026 · 19:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি! · কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ৮ নেতাকর্মী, গ্রেফতার! · প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপরে হরতালের ডাক! · কালীগঞ্জে মাস্টার প্ল্যানের সার্ভে ও স্ট্যাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত! · কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান! · যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫! · শিক্ষক সংকটে ভুগছে  নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান! · চেঙ্গিস খানের বংশধর থেকে মুসলিম শাসক: গাজান খানের উত্থান ও সংস্কার!
অর্থনীতি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী!

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পথে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণ (সেলফ-রেগুলেশন) প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি বা বাহ্যিক নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ হওয়া উচিত সর্বশেষ পদক্ষেপ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল র‍্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যে কোনো প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চাপিয়ে দেওয়া বা জোরপূর্বক বাস্তবায়ন করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকরাই নিজেদের পেশাগত আচরণবিধি ও নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাই তাদের নিজেদের মধ্যেই স্বনিয়ন্ত্রণের চর্চা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আইসিএবি একটি প্রতিষ্ঠান হিসেবে যদি স্বনিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হস্তক্ষেপের প্রয়োজন হবে না। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ পর্যায়ে।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে আমির খসরু বলেন, একটি উন্নত জাতি হিসেবে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দেশের হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাও বিকশিত হচ্ছে। এই অগ্রযাত্রায় হিসাবরক্ষকরা সামনের সারিতে এবং কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

তিনি বলেন, হিসাবরক্ষকদের তৈরি করা একটি আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং কর পরিশোধসহ অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে। ফলে আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের দায়িত্ব অনেক বেশি।

অর্থমন্ত্রী আরও বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতির কারণে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও নিয়ম পরিপালনের (কমপ্লায়েন্স) পুরো ব্যবস্থাকে সচল, কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কঠোর মানদণ্ড অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করা অত্যন্ত জরুরি। কারণ, পুরস্কারের মাধ্যমে বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছে যায়। তাই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত যোগ্যতা ও অর্জন বিবেচনায় নিতে হবে।

আইসিএবির চেয়ারম্যান সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এ সময় আইসিএবির ঊর্ধ্বতন নেতারা, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: অর্থনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ