ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪৮ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল কুয়াকাটার যুবলীগ নেতা সাদ্দাম সিকদার (৩২), লতাচাপলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াজ (৫০), ওয়ার্ড যুবলীগ সভাপতি জামাল হাওলাদার (৫৬), যুবলীগ নেতা মজিবর হাওলাদার (৫২) এবং তানভীর (১৭), মেশকাত (১৭), আরাফাত (১৬) ও সানাউল (১৭)।
মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাত আটটার দিকে মহিপুর থানার ইউসুফপুর এলাকায় মশাল জ্বালিয়ে মিছিল করছিল। এসময় মশাল সহ তাদের হাতেনাতে আটক করা হয়। এদের আজ রবিবার কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।
