শুক্রবার, 27 নভেম্বর 2026 · 11:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হজরত আবু বকর সিদ্দিক রা. ও সায়্যিদাহ ফাতেমা রা. এঁর মধ্যকার দুরত্ব ও ফাদাক বাগান নিয়ে সমস্যার মূল কাহিনি! · লিটারপ্রতি ৩ টাকা বাড়লেও রাজধানীর বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি! · পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির তীব্র প্রতিবাদ নাহিদ ইসলামের! · নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৭ সভাপতি টুটুল, সম্পাদক শিহাব উদ্দিন! · হজের বিমানভাড়া কমানো ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালুর ঘোষণা সরকারের! · পণ্য রপ্তানিতে হোঁচট খেলেও বাজিমাত সেবা খাতে! · মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানের গোয়েন্দা তথ্য নিয়ে প্রতিবেদন: রাশিয়া-চীন প্রসঙ্গে যা বললেন ট্রাম্প ! · কক্সবাজার থেকে মাত্র ২ ঘণ্টার পথ: কেন ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে শাহপরীর দ্বীপ!
রাজনীতি

পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির তীব্র প্রতিবাদ নাহিদ ইসলামের!

পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির তীব্র প্রতিবাদ নাহিদ ইসলামের!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

ভারতের পশ্চিমবঙ্গের সরকারের পরিবহণমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির এ নেতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।

পোস্টে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এ দেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল।’

নাহিদ লেখেন, ‘আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে ব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টর্ণবক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

এনসিপির আহ্বায়ক লেখেন, ‘দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য প্রদানের ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো করেছে।’

স্ট্যাটাসে নাহিদ আরও বলেন, ‘অর্জুন সিংয়ের এমন উদ্ভট ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ পরিলক্ষিত হয়নি। সরকারের এই নির্লিপ্ততা আমাদের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।’

‘এ দেশের মানুষের অদম্য সাহস ও লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই দিন আর কখনোই ফিরে আসবে না। ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।’

স্ট্যাটাসের শেষে নাহিদ মনে করিয়ে দেন, ‘ভারতের মনে রাখা উচিত, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে, প্রক্সি শক্তির মাধ্যমে এ দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা খোদ ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে। এ দেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সদা জাগ্রত ও প্রস্তুত।’

তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।
টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ