সৈয়দ গোলাম কিবরিয়া আজহারীঃ
আল্লাহর রহমতে যদি চাই ইনশাআল্লাহ এই বিষয়ে পুরো একটি কিতাব রচনা করতে পারব। কিন্তু আমি সেদিকে যাব না। খুবই সিম্পলভাবে সংক্ষেপে এই সমস্যাটার সমাধানের উপরে আলোকপাত করব ইন শা আল্লাহ।
ফাদাকের খেজুর বাগান হুজুর রাসুলুল্লাহ ﷺর সময়েও রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হত। নবী করিম ﷺ ছিলেন সেই রাষ্ট্রের প্রধান, সেহেতু বেনিফিসিয়ারী বা ভোক্তা ও রাষ্ট্রপক্ষ আলাদা কেউ ছিলেন না৷ এটা থেকে যা আসত তা ভোগ করতেন প্রিয় নবীর আহলে বায়ত ও বনু হাশিম সকলে৷ একটা ছোট্ট অংশ বায়তুল মালেও জমা হত৷ রাষ্ট্র এই বাগানের সকল কিছু ম্যানেজ করত, কিন্তু ভোগ করতেন মূলতঃ নবী পরিবার ও বনু হাশিম।
নবী করিম ﷺর ইন্তিকালের পর হজরত সায়্যিদাহ ফাতেমা রা. হজরত আলি রা. কে পাঠালেন প্রথম খলিফায়ে রাশিদ হজরত আবু বকর সিদ্দিক রা. এঁর কাছে, এই দাবী নিয়ে যে আমার বাবার মিরাস ফাদাকের জমি আমাদেরকে বুঝিয়ে দেয়া হোক। হজরতে ফাতেমাতুজ জাহরা রাঃ এঁর এই চাওয়াটা অমূলক ছিল না। ন্যায্য দাবি ছিল। বাবার মিরাস চাইতেই পারেন।
কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রা. বললেন, না, আমি এটা করতে পারব না৷ তিনি বলেন, হুজুর রাসুলুল্লাহর ﷺ সময় যেভাবে ছিল এটা সেভাবেই থাকবে। কিন্তু এটার আয় ভোগ করবে নবীর আহলে বায়ত বনু হাশিম, যেভাবে প্রিয় নবিজির যুগে চলে আসছিল।
কাজেই ফাদাকের বাগানের ঘটনা নিয়ে মনোমালিন্য ছিল একটা ম্যানেজারিয়াল ইস্যু, আর কিছুই নয়৷ আবু বকর সিদ্দিক রা. এবং হজরত ওমর ফারুক রা. ওসমান রা. সকলেই এর আয় ভোগ করতে দিয়েছেন আহলে বায়তকেই৷ ইতিহাস তাই বলে। কিন্তু দেখাশোনার ভার রাষ্ট্রের কাছে রেখে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাঃ। মা ফাতেমা তুজ জাহরা রাঃ. চেয়েছিলেন দেখাশোনার দায়িত্বসহ সব কিছু তাঁদেরকে বুঝিয়ে দিয়ে দিতে৷
কাজেই হাকিকতে এটা কোন সমস্যাই ছিল না যেহেতু এর আয় ও ফল আহলে বায়তই ভোগ করছিলেন৷ এটা ইজতিহাদি বিষয়, আর কিছুই নয়।
আপনারা সব বুঝেন এটা কেন বুঝেন না যে, প্রিয় নবীজির ﷺরেখে যাওয়া সবকিছুতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাঃ ও হাফসা রাঃ রও অংশ ছিল৷ তাঁরা তো হজরত আবু বকর ও ওমর রাঃ এঁর দুই মেয়ে তাই না? তো আহলে বায়তকে ঠকালে তো তাদেরকেও ঠকানো হয়। কাজেই এটা ইজতিহাদি বিষয়। কেউই ভুল ছিলেন না৷ সবাই সবার পয়েন্টে রাইট ছিলেন। ওমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহঃ ৯৯ হিজরির দিকে এসে এই ফাদাকের বাগানের দেখাশোনার দায়িত্বও আহলে বায়তকে বুঝিয়ে দিয়ে দেন। যেহেতু তাঁর রাজধানী ছিল দামেশকে। সেখান থেকে ফাদাকের দায়িত্ব মেইনটেইন করা মুশকিল ছিল রাষ্ট্রের জন্য। আর তিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, তিনি জানতেন তাঁর গোত্রের ওমাইয়া রাজারা আগেও আহলে বায়তের উপর অনেক অত্যাচার করেছে, ভবিষ্যতেও করতে পারে। কাজেই আহলে বায়তের কাছ থেকে যেন ফাদাকের এই বাগান আর ছিনিয়ে না নিতে পারে কোনদিন তাই ম্যানেজারিয়াল অথরিটিও তিনি আহলে বায়তের হাতে দিয়ে দেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাঃ এঁর সময়ে বা আগে পরে আহলে বায়তকে ঠকানোর কোন সম্ভাবনা ছিল না যা বহু পরে ওমাইয়াদের সময়ে সেই সম্ভাবনা প্রবলভাবে শুরু হয়।
হ্যাঁ, মা ফাতেমাতুজ জাহরা রা. রাগ করেছিলেন আবু বকর সিদ্দিক রা. এঁর উপরে। কিন্তু এটা জাস্ট ইজতিহাদ ইখতিলাফ বা বিচার বিশ্লেষণগত মতপার্থক্য। বর্ননাতে এটাও এসেছে যে, আবু বকর সিদ্দিক রা. অসুস্থ অবস্থায় মা ফাতেমা রা. কে দেখতে যান এবং যতক্ষণ তিনি খুশি না হন ততক্ষণ মা ফাতেমার ঘর থেকে বের হয়ে আসেন নাই।
আর বুখারির বর্ণনাতে আসা এই হাদিসের মূল বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রা.। তিনি একথা বলেন নাই যে, মা ফাতেমা রা. আর কোনদিন আবু বকর সিদ্দিক রাঃ এঁর সাথে কথা বলেন নাই। বরং "ক্বালা" শব্দ দিয়ে এসেছে হাদিসে এই কথাটি। কাজেই এর বর্ণনাকারী কোন পুরুষ হবেন। তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রা. থেকে শোনা বর্ণনাকারী ইবনে শিহাব আজ জুহুরি রাহ. যিনি তাবিই৷ তিনি এই ঘটনা দেখেন নাই। পরে শুনে শুনে এই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রা. এর হাদিসের কথার মাঝখানে নিজের ইদ্রাজ হিসেবে ঢুকিয়ে দিয়েছেন এই বাক্যটি। এজন্য অনেকেই ইমাম ইবনে শিহাব আজ জুহুরির সমালোচনা করতেন। তিনি নিজের ইজতিহাদ নিজের পক্ষ থেকে কিছু ব্যাখ্যা হাদিসে ঢুকিয়ে দিতেন। এটা উনার অভ্যাস ছিল। যদিও মুহাদ্দিসিন সেই ইদরাজগুলো আলাদা করেছেন। চিহ্নিত করেছেন।
কাজেই হজরত আবু বকর সিদ্দিক রা., হজরত ওমর ফারুক রা. এবং হজরত ওসমান রা. প্রিয় নবিজির আহলে বায়তকে ঠকান নাই। বরং আবু বকর সিদ্দিক রা. তো বলে গেছেন, প্রিয় মুহাম্মদকেﷺ খুশি কর আহলে বায়তের মাধ্যমে। (বুখারি)
আমি আমার আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসি নবী কারিমেরﷺ আহলে বায়তের কল্যাণ করা৷ (বুখারি)
হজরত ওমর রা. এঁর কাছে মা ফাতেমা রা. এঁর এক কন্যাকে বিয়ে দেন মাওলা আলি রা.। কিভাবে সম্ভব তথাকথিত শত্রুর সাথে মেয়ে বিয়ে দেয়া? হজরত আলি রাঃ এঁর এক সন্তানের নাম ছিল আবু বকর, অপর সন্তানের নাম ছিল ওমর। নিজের শত্রুর নামে কেউ নাম রাখে? নাউজুবিল্লাহ মিন জালিক। ২৫ বছর মাওলা আলি প্রথম তিন খলিফার পেছনে নামাজ পড়েছেন মসজিদে নববীতে। জুলুম অন্যায় অবিচার হলে তা কী করতেন? ওমর রা. বলেন৷ লাওলা আলিয়্যুন লাহালাকা ওমর। আলি না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল বিষয়ে মাওলা আলি আ. ওমর ফারুক রা. কে পরামর্শ করে বড় বড় সমস্যা থেকে বাঁচিয়ে দিয়েছেন। উল্লেখ্য এই হিজরি বর্ষপঞ্জি মাওলা আলির পরামর্শক্রমে হজরত ওমর ফারুক রাঃ গ্রহণ করেন।
এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা যে আহলে বায়তের সাথে খুলাফায়ে রাশিদিনের শত্রুতা ছিল। কাল্পনিক বিষয় এগুলো দলবাজির জন্য তৈরী করা হয়েছে।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রা. যিনি হজরত আবু বকর সিদ্দিক রা. এঁর কন্যা উনিই সবচাইতে বেশি আহলে বায়তের মর্যাদার হাদিসগুলো বর্ননা করেছেন, বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই ইবনে মাজাহসহ হাদিসের অসংখ্য অগুনিত কিতাব স্বাক্ষী। যদি আহলে বায়তের প্রতি তাঁর বাবার কিংবা তাঁর কোন শত্রুতা থাকত তবে এই হাদিসগুলো কি তিনি লুকাতেন না? আর এগুলো কি সুন্নীদের হাদিসের কিতাবে আসত?
কাজেই এসব ভিত্তীহীন কাল্পনিক এবং বানোয়াট (সনদবিহীন কিছু সুন্নী কিতাবেও এসব আজেবাজে কথা এসেছে) বিষয়কে কেন্দ্র করে মুসলিম উম্মাহকে ভাগাভাগি করা বন্ধ করি শিয়া সুন্নীর নামে।
আল্লাহ পাক ও তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক অবগত সত্য মিথ্যার ব্যাপারে।
বি.দ্র.
প্রতিবেদক,একজন ইসলামিক স্কলার।এটি মুক্ত কলাম।এখানে প্রতিবেদক ছাড়া সকলের মান সম্পন্ন লিখা প্রকাশ করা হয়।
