হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়( নন-মিউনিসিপাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সার্ভে ও স্ট্যাডিজ সংক্রান্ত ফলাফল শেয়ারিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে আয়োজিত ও কালীগঞ্জ উপজেলার মাস্টার প্ল্যান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় কালীগঞ্জ উপজেলার অধীনে অবস্থিত সড়ক, যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বাজার ও বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মৌলিক অবকাঠামোর ও পরিচালিত সার্ভে ও স্টাডিজের ফলাফল উপস্থাপন করা হয়। এ সময় কালিগঞ্জ উপজেলা কে পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব হিসাবে গড়ে তুলতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাস্টার প্ল্যান প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রয়োজন এবং বিদ্যমান অবকাঠামোর বিষয় গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার উপর জোর দেওয়া হয়।
উক্ত কর্মশালায় কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান। কর্মশালার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেলটেক কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক ডক্টর আখতার হোসেন চৌধুরী, ইউকে এমআইডিপি/ইউএমপিপি-১ এর ডেপুটি টিম লিডার কাজী কামরুল হাসান। এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শংকর কুমার দে, সরকারি প্রকৌশলী বাপ্পি, সাংবাদিক হাফিজুর রহমান, সুকুমার দাস বাচ্চু, আহমাদুল্লাহ বাচ্চু প্রমুখ।
