বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 20:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
এই আসামির অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা! রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল · সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি॥ -সেক্টর কমান্ডার দিনাজপুর! · যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলা: ৩ দিনের রিমান্ডে মুমতারিন! · কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক মূল্যবোধ রক্ষার তাগিদ দিলেন মিস ইউনিভার্স জেনিফার বারেটো: নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান! · নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন!
জাতীয়

এই আসামির অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা! রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল

এই আসামির অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা! রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ (বাসস) : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিকটিমদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চাইলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এই আদেশ প্রার্থনা করেন।

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তি উপস্থাপনের তৃতীয় দিন প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, এই আসামির অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই ট্রাইব্যুনাল উপযুক্ত এখতিয়ারসম্পন্ন আদালত। বাংলাদেশের নিজস্ব আদালত হিসেবে এই ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের সকল প্রকার সুযোগ লাভ করেছে। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং আইনের ব্যাখ্যা-বিশ্লেষণ দ্বারা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই আসামি যে অপরাধ করেছে তা বেসামরিক জনগণের ওপর ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণের অংশ। যা আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।

তিনি আরও বলেন, গুম একটি চলমান অপরাধ। যারা ফিরে আসেনি, যাদের মরদেহ পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে এই আসামি বিচারে সোপর্দ থাকা অবস্থাতেও তার অপরাধের অবসান ঘটেনি। এই অপরাধী নিজে হত্যায় অংশগ্রহণ করেছে এবং অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছে।

অ্যাটর্নি জেনারেল জানান, ব্যক্তিগত, যৌথ এবং সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ সবকটি চার্জের সবকটি কাউন্টে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট।

তিনি বলেন, সর্বোপরি মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানগুলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। পৃথিবীর যেকোনো ফৌজদারি আদালতই এই সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে আসামিকে দোষী সাব্যস্ত করবে।

শাস্তির মাত্রা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন করা, হত্যা করা এবং মরদেহ গুম করে ফেলার মতো ঘটনা ঘটেছে।

তিনি বলেন, একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হতে হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এরকম নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।

অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় এই অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, একবার মৃত্যুদণ্ডের সাজা এত মানুষের প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য। তার অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যের শেষাংশে বলেন, একজন ব্যক্তি শত-সহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। তাই সকল সীমাবদ্ধতা স্বীকার করে আইনে যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের দাবি জানাই। যতগুলো অভিযোগে তাকে বিচারে সোপর্দ করা হয়েছে, সবগুলোতে দোষী সাব্যস্ত করার আবেদন জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের জনগণের পক্ষে আমি নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত ঘৃণ্য বিশ্বাসঘাতক, সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তার সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিকটিমদের ক্ষতিপূরণের আদেশ দেওয়ার নিবেদন করছি।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অপর প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই বিচারকার্যে অংশ নেন। আলোচিত এই মামলার যুক্তি উপস্থাপনটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।

ইনসেটে জিয়াউল আহসান।

টপিক: জাতীয় দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ