শনিবার, 28 নভেম্বর 2026 · 13:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ · এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিচারপতি আহমেদ সোহেল! · টিভি অনুষ্ঠানের নায়ক বা নায়িকা এবার আপনিই! এআই টিভি চ্যানেল আনছে গুগল! · প্রথমবার মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক সক্রিয়তার সরাসরি প্রমাণ পেলেন বিজ্ঞানীরা! · কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ! · আধুনিকতার স্রোতে ঐতিহ্য ধরে রাখার লড়াই: রক্ষাগোলা মেলার গল্প! · ঝুঁকিতে চরবাড়িয়ার জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ধসে পড়ছে শত কোটি টাকার বাঁধ! · সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!
আন্তর্জাতিক-ক্রীড়াঙ্গন

চ্যাম্পিয়নস লিগে জোড়া গোলের পর আলোচনায় গর্ডন, বার্সায় কেন ‘আরেক রাফিনিয়া’?

চ্যাম্পিয়নস লিগে জোড়া গোলের পর আলোচনায় গর্ডন, বার্সায় কেন ‘আরেক রাফিনিয়া’?

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

দাবার বোর্ডে তাড়াহুড়া চলে না। প্রতিটি চাল ভাবতে হয় তিন চাল পরের কথা মাথায় রেখে। বার্সেলোনার নতুন উইঙ্গারের প্রিয় খেলাগুলোর তালিকায় তাই দাবা থাকাটা বেমানান লাগে না। লোকটার নাম অ্যান্থনি গর্ডন।

২৫ বছর বয়সী গর্ডনকে আজকের প্রজন্মের ফুটবলারদের সঙ্গে ঠিক মেলানো যায় না। এই সময়ের ফুটবলারদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা আগ্রহ নেই। দাবা খেলেন, বই পড়েন, প্যাডেল টেনিস ভালোবাসেন। বক্সিংয়েও আগ্রহ আছে। ফুটবলের চারপাশে এখন যে অর্থের ঝনঝনানি, সেটাও খুব একটা পছন্দ নয় তাঁর। নিজেকে মনে করেন অন্য এক সময়ের রোমান্টিক মানুষ। বার্সেলোনায় তাঁর সফল শুরুর ব্যাখ্যা এই মনোভাবের মধ্যেও খানিকটা আছে।

থাকেন সমুদ্রের কাছে কাস্তেলদেফেলসে, যে বাড়ির মালিক সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্ত্রা। গত গ্রীষ্ম পর্যন্ত সেখানে থাকতেন রবার্ট লেভানডভস্কি। নতুন শহরে মানিয়ে নেওয়ার চেষ্টাটা অবশ্য শুরু করেছিলেন বার্সেলোনায় আসার আগেই। চুক্তি সই করার আগে থেকে স্প্যানিশ ভাষা শেখা শুরু করেন। এখনো শিখছেন। কাতালান ভাষার প্রতিও আগ্রহ আছে।

নতুন সতীর্থদের সঙ্গেও মানিয়ে নিতে সময় লাগেনি। এরিক গার্সিয়া ও দানি ওলমো ইংরেজিতে কথা বলতে পারেন। পাশে আছেন পেদ্রিও। তাঁদের সঙ্গে সহজেই বন্ধুত্ব হয়েছে গর্ডনের। তাঁর ভাষায়, ভালো মানুষের মধ্যেই নিজেকে ঘিরে রেখেছেন।

তবে বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। প্রিমিয়ার লিগের লিভারপুল ও চেলসি তাঁকে চেয়েছিল। মিকেল আরতেতার কথাও শুনেছেন। আগ্রহ দেখিয়েছিল বায়ার্ন মিউনিখ। ভিনসেন্ট কোম্পানির সঙ্গেও কথা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে রাজি করান দুজন। বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো এবং কোচ হান্সি ফ্লিক। প্রথমে ডেকো, পরে ফ্লিকের পরিকল্পনা তাঁকে বার্সেলোনার দিকে টেনেছে।

বার্সেলোনায় গর্ডনের লক্ষ্যও পরিষ্কার। শিরোপা জিততে চান। নিজেকে নিতে চান বিশ্বসেরাদের কাতারে। ফুটবলের গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠতে চান। দলবদলের বাজারে বার্সেলোনা অর্থ খরচ কিনেছে, এমন দ্বিতীয় ইংলিশ ফুটবলারও তিনি। প্রথমজন গ্যারি লিনেকার। মাঝে মার্কাস রাশফোর্ডকে ধারে নিয়েছিল কাতালান ক্লাবটি।

মাঠেও এরই মধ্যে নিজের ছাপ রাখতে শুরু করেছেন। গত সপ্তাহেই বাকুতে চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে দুটি গোল করেছেন। সব মিলিয়ে ১৭ ম্যাচে ৫ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি। তবে বার্সায় গোলের হিসাবের চেয়ে বেশি মূল্য পায় তাঁর বাকি অবদান। গর্ডন দক্ষ, শক্তিশালী, পরিশ্রমে অক্লান্ত। দৌড়ান, প্রেস করেন, কোনো কিছুতে কার্পণ্য নেই। বলের বাইরে খাটুনি আর প্রতিশ্রুতির কারণে ক্লাবের ভেতরে তাঁকে বলা হয় ‘আরেক রাফিনিয়া’।

ব্রাজিলিয়ান উইঙ্গারের মতোই বল ছাড়া তাঁর পরিশ্রম দলকে বাড়তি শক্তি জোগায়। গর্ডনের এই দৌড়ঝাঁপে লামিনে ইয়ামালও কিছুটা রক্ষণাত্মক দায়িত্ব থেকে মুক্তি পান। আক্রমণে বেশি মনোযোগ দিতে পারেন। ফ্লিকের ফুটবল দর্শনের সঙ্গে গর্ডনের মানিয়ে যাওয়ার এটিও বড় কারণ।

তাঁর আরেকটি গুণ ফুটবল-বুদ্ধি। খেলার মধ্যে ভাবেন, পরিস্থিতি বোঝেন, বার্সেলোনার পাসনির্ভর ফুটবলের গতিপ্রকৃতি ধরতে পারেন। ইংল্যান্ডে এত দিন খেলেছেন অনেকটা বক্স টু বক্স ঘরানার ফুটবল। বার্সেলোনায় এসে শিখছেন জায়গা বুঝে খেলা, বলের দখল ধরে রাখা এবং সঠিক মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়াতেই অবশ্য এখনো উন্নতির জায়গা দেখেন গর্ডন। কখন প্রতিপক্ষকে ড্রিবল করে কাটিয়ে যাবেন, কখন পাস দেবেন, কখন অন্য সমাধান বেছে নেবেন, এই বোধ আরও শাণিত করতে চান। নিজেই বলেছেন, ‘আমি এখনো শিখছি।’ বিশ্বাস করেন, তাঁর ভেতরে দেওয়ার মতো অনেক কিছুই বাকি।

আপাতত বার্সেলোনায় এমন এক জায়গা পেয়েছেন, যেখানে স্বস্তি আছে, আছে নিজের ফুটবলের সঙ্গে মেলে এমন একটা দল। আছে এমন একটা শহর, যেখানে কোলাহল থেকে দূরে শখগুলোও উপভোগ করা যায়। সাবাহর বিপক্ষে দুই গোল তো মাত্র শুরু। গর্ডন আরও চান, আরও অনেক!

তথ্য: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক-ক্রীড়াঙ্গন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ